ফিফায় শুদ্ধি অভিযানের চাপ স্পনসরদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিফার ঘটনায় বিব্রত স্পনসররা ছবি: সংগৃহীত
ফিফার ঘটনায় বিব্রত স্পনসররা ছবি: সংগৃহীত

সারা দুনিয়ার ফুটবলপ্রেমীদের কাছে ২৭ মে চির কলঙ্কের দিন হয়েই থাকবে। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলাটির অধীশ্বর এই ফিফা যে কতটা নিচ, কতটা দুর্নীতিগ্রস্ত, কতটা অসৎ ২৭ মে, বুধবার তারই পরিচয় উন্মোচিত হয়ে গেছে গোটা দুনিয়ার সামনে। দুর্নীতির অভিযোগে ফিফার সাত হর্তাকর্তা গ্রেপ্তার হয়ে গণমানুষের এই খেলাটির নীতি-নৈতিকতাকেই প্রশ্নের মুখে ঠেলে দিয়েছেন। এই পরিস্থিতিতে বিশ্ব ফুটবলের এই সর্বোচ্চ সংস্থার সংস্কার ও এতে শুদ্ধি অভিযানের দাবিটা হয়ে উঠছে অনেক বেশি উচ্চকিত। দীর্ঘদিন ধরে ফিফার আর্থিক পৃষ্ঠপোষক হয়ে থাকা অনেক বিশ্বখ্যাত প্রতিষ্ঠান বিবৃতির মাধ্যমে ফিফায় শুদ্ধি অভিযানের দাবিটা তুলে দিয়েছে। এসব প্রতিষ্ঠান হুমকি দিয়েছে, এত কিছুর পরেও ফিফাকে যদি একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও পরিচ্ছন্ন প্রতিষ্ঠানে পরিণত না করা হয়, এতে দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে যদি কোনো শুদ্ধি অভিযান পরিচালিত না হয়, তাহলে তারা ফুটবল থেকে পৃষ্ঠপোষকতা তুলে নিতে বাধ্য হবেন। প্রতিষ্ঠানগুলো আরও জানিয়েছে, ফুটবল খেলাকে সহায়তা করতে এসে তারা তাদের প্রাতিষ্ঠানিক সুনাম পায়ে ঠেলতে পারে না।
বিশ্বকাপ ও বিভিন্ন বৈশ্বিক ফুটবল প্রতিযোগিতায় বেশ অনেক দিন ধরেই ফুটবলের সঙ্গে জড়িয়ে আছে ম্যাকডোনাল্ডস, কোকাকোলা, হিউন্ডাই, অ্যাডিডাস ও ভিসা। বুধবার ফিফার নোংরা চেহারাটা বিশ্বের সামনে উন্মোচিত হয়ে যাওয়ার পর এই প্রতিষ্ঠানগুলো ফিফার সঙ্গে সহযোগিতার সম্পর্ক নিয়ে রীতিমতো বিব্রত। প্রত্যেকেই আলাদা আলাদা বিবৃতির মাধ্যমে জানিয়ে দিয়েছে অতি সত্বর ফিফায় যদি কোনো সংস্কার না করা হয়, তাহলে বাধ্য হয়েই পৃষ্ঠপোষকতা প্রত্যাহার করে নিতে বাধ্য হবে। ভিসা এই ঘটনায় নিজেদের হতাশা ব্যক্ত করে বলেছে, ‘আমরা চাই ফিফা একটি নৈতিকতা-সমৃদ্ধ প্রতিষ্ঠানে পরিণত হোক। এটা আমরা চাই। এর সঙ্গে আমাদের মতো প্রতিষ্ঠানের সুনাম জড়িয়ে আছে। ফিফা যদি নিজেদের মধ্যে শুদ্ধি অভিযানে ব্যর্থ হয়, তাহলে আমরা সম্পর্কচ্ছেদ করতে বাধ্য হব।’
প্রতি বছর এককভাবে কোকাকোলার কাছ থেকেই ৩০ মিলিয়ন ডলার পায়ে ফিফা। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থার অন্যতম এই অফিশিয়াল পার্টনারও বুধবারের ঘটনায় যারপরনাই বিব্রত। তারাও ব্যাপারটিকে ভাবছে তাদের ব্যবসায়িক সুনামের ওপর আঘাত হিসেবে। কোকাকোলাও ভিসার মতোই পরিস্থিতির উন্নতি না হলে পৃষ্ঠপোষকতার অর্থ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে। একই ধরনের হুমকি এসেছে ম্যাকডোনাল্ডস ও অ্যাডিডাসের তরফ থেকে। সূত্র: এএফপি।