সভাপতির পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েও রেহাই নেই। সেপ ব্ল্যাটারের ওপর নানামুখী চাপ আসছেই। পরশু যেমন নোবেল শান্তি কেন্দ্র (নোবেল পিস সেন্টার) ফিফার সঙ্গে সম্পর্কচ্ছেদের কথা ঘোষণা করেছে। এদিকে সাবেক কনক্যাকাফ মহাসচিব চাক ব্লেজার যে ফিফার দুর্নীতি বিষয়ে তথ্য দিয়ে তিন বছর ধরে মার্কিন কর্তৃপক্ষকে সহযোগিতা করে যাচ্ছেন, সেটাও জানা গেল।
২০০৫ সালে অসলোতে প্রতিষ্ঠিত নোবেল শান্তি কেন্দ্র তিন বছর ধরে ফিফার সঙ্গে ‘শান্তির জন্য করমর্দন’ নামে একটা কর্মসূচিতে যুক্ত ছিল। মূলত ব্ল্যাটারের ব্যক্তিগত আগ্রহেই দুই পক্ষের মধ্যে চুক্তিটা হয়েছিল। আন্তর্জাতিক ম্যাচ শুরুর আগে দুই দলের খেলোয়াড় ও রেফারিদের হাত মেলানোর রীতিটা এই কর্মসূচিরই অংশ। ফিফা ব্যাপারটাকে দেখছিল বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠার একটা অংশ হিসেবে। নোবেল শান্তি কেন্দ্রের সম্পৃক্ততা ছিল এ কারণেই। নিজেদের সরিয়ে নেওয়ার কারণ নোবেল শান্তি কেন্দ্রের আনুষ্ঠানিক বিবৃতিতে তা ব্যাখ্যা করা হয়নি। তবে বুঝে নিতে কষ্ট হয় না, ফিফার গায়ে দুর্নীতির কালি লাগার পরিণাম হিসেবেই এসেছে এই ঘোষণা।
কয়েক দিন গুঞ্জন শোনা যাচ্ছিল, ব্ল্যাটার সভাপতি পদে থেকে যাওয়ার চিন্তাভাবনা করছেন। যদিও এ ব্যাপারে ব্ল্যাটার নিজে কিছু বলেননি। নিউজিল্যান্ডে সামনের সপ্তাহে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ফাইনাল দেখতে যাওয়ার কথা ছিল ব্ল্যাটারের। কিন্তু ব্ল্যাটার যাচ্ছেন না। মনে করিয়ে দেওয়া ভালো, ফিফা নির্বাচনের আগে নিউজিল্যান্ড প্রকাশ্যেই ব্ল্যাটারের বিরোধিতা করেছিল।
জুরিখে ফিফার সাত কর্মকর্তা গ্রেপ্তারের পরই জানা গিয়েছিল, তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগগুলোর বেশির ভাগই চাক ব্লেজারের স্বীকারোক্তির ভিত্তিতে। ব্লেজার যে তিন বছরেরও বেশি সময় ধরে গোপনে এই তথ্যগুলো এফবিআইকে দিয়ে যাচ্ছেন, সেটা জানা গেল পরশু। পাঁচটি প্রচারমাধ্যমের অনুরোধে ব্লেজারের দেওয়া ১৯ পৃষ্ঠার বিভিন্ন তথ্য প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের বিচারিক বিভাগ।
কনক্যাকাফের সাবেক মহাসচিব তো বটেই, ব্লেজার ফিফার নির্বাহী কমিটিরও সদস্য ছিলেন। এই দায়িত্ব পালনের সময়ই তাঁর বিরুদ্ধে অবৈধ অর্থ পাচার ও কর ফাঁকি দেওয়ার অভিযোগ আসে। ২০১৩ সালে ব্রুকলিনের এক আদালতে গোপন বিচারে ব্লেজারকে দোষী সাব্যস্ত করা হয়। এর আগেই ব্লেজার ফিফার বিভিন্ন দুর্নীতির কেচ্ছা মার্কিন কর্তৃপক্ষকে জানানোর ব্যাপারে রাজি হন। ব্লেজারের বিরুদ্ধে সবগুলো অভিযোগ প্রমাণিত হলে তাঁর ৭৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারত। ‘রাজসাক্ষী’র মতো ভূমিকা নেওয়ার পরও অবশ্য শাস্তি থেকে পুরোপুরি রেহাই পাচ্ছেন না। তবে কারাদণ্ডের মেয়াদ ২১ থেকে ৩৭ মাস পর্যন্ত নেমে আসতে পারে। এরই মধ্যে ২৫ লাখ ডলার জরিমানা গুনেছেন ব্লেজার। দিতে হবে আরও ৮৫ লাখ ডলার। গার্ডিয়ান, ইএসপিএন।