ফিফা-ব্যালন ডি'অর আলাদা হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ব্যালন ডি’অর আবার ঘরে ফিরছে।’ ফরাসি মিডিয়া গ্রুপ ‘গ্রুপে আমাউরি’র স্লোগানটাই বিচ্ছেদের ঘোষণা দিল। গ্রুপে আমাউরি হচ্ছে ফ্রান্সের বিখ্যাত পত্রিকা লা পেরিসিয়েন, লেকিপ ও বিখ্যাত ফুটবল ম্যাগাজিন ফ্রান্স ফুটবল-এর প্রকাশক। তারাই গত বৃহস্পতিবার জানিয়ে দিল, আবার আলাদা দুটি ভাগ হয়ে যাচ্ছে ফিফা-ব্যালন ডি’অর। এখন থেকে আলাদাভাবেই শুধু ব্যালন ডি’অর দেওয়া হবে ইউরোপের বর্ষসেরা ফুটবলারকে। ফিফাও এখন চাইলে আবার আগের মতো ‘ফিফা ওয়ার্ল্ড প্লেয়ার অব দ্য ইয়ার’ পুরস্কার চালু করতে পারে। তবে ফিফার দিক থেকে এ ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি।
মাত্র ছয় বছর একীভূত থাকার স্মৃতি পেছনে রেখে আলাদা হয়ে যাচ্ছে ফিফা ওয়ার্ল্ড প্লেয়ার অব দ্য ইয়ার ও ব্যালন ডি’অর। ১৯৫৬ সালে শুরু হওয়ার পর টানা ৫৪ বছর ব্যালন ডি’অর পুরস্কারটি ছিল ফ্রান্স ফুটবল ম্যাগাজিনের একক সম্পত্তি। সাংবাদিকদের ভোটে দেওয়া হতো ইউরোপের বর্ষসেরা খেলোয়াড়ের এই পুরস্কার। ওদিকে ১৯৯১ থেকে সব সদস্যদেশের কোচ ও অধিনায়কদের ভোটে ফিফা আলাদাভাবে দিয়ে আসছিল ‘ফিফা ওয়ার্ল্ড প্লেয়ার অব দ্য ইয়ার’ পুরস্কার। কিন্তু ২০১০ সালে ফিফার সঙ্গে ফ্রান্স ফুটবল-এর চুক্তির পর দুটি পুরস্কার এক হয়ে যায়।
নবায়ন ছাড়াই শেষ হয়ে গেল চুক্তি। যেটির নেপথ্যে ফিফার বর্তমান সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে ফ্রান্স ফুটবল-এর শীতল সম্পর্কের কথাই উঠে আসছে। ২০১০ সালে ফ্রান্স ফুটবল-এর সঙ্গে চুক্তিটা হয়েছিল তৎকালীন ফিফা সভাপতি সেপ ব্ল্যাটারের। দুই পক্ষের সম্পর্কটাও তখন ভালো ছিল। দুর্নীতির দায়ে নিষিদ্ধ ব্ল্যাটার আর ফিফায় নেই, তাঁর জায়গা নেওয়া ইনফান্তিনোর সঙ্গে নাকি শুরু থেকেই সম্পর্কটা ঠিক উষ্ণ ছিল না ফ্রান্স ফুটবল-এর। চুক্তিটা তাই নবায়ন ছাড়াই শেষ হয়ে গেছে। ব্যালন ডি’অরও তাই আলাদা হয়ে যাচ্ছে ২০১৬ সাল থেকেই।