
রাত জেগে ব্রাজিল-আর্জেন্টিনা-জার্মানির নামে গলা ফাটানোর উৎসবটা শেষ হয়েছে মাস খানেক আগে। বিশ্বকাপ ফুটবলের ‘হ্যাংওভার’ তবু কেটেছে কি? পেছনে রোমাঞ্চকর সব স্মৃতি, সামনে আবারও চার বছরের অপেক্ষা।
না, মাঠের রোমাঞ্চকর ফুটবলের জন্য বেশি দিন অপেক্ষায় থাকতে হচ্ছে না। ইউরোপের জমজমাট লিগগুলো আছে না? বিশ্বকাপ, ইউরো চ্যাম্পিয়নশিপ, কোপা আমেরিকার আলাদা মাহাত্ম্য আছে ঠিক। কিন্তু দীর্ঘ বিরতির টুর্নামেন্টগুলো দিয়ে কি আর ফুটবলপ্রেমীদের নিত্যদিনের মনের খোরাক মেটে! ইউরোপিয়ান লিগগুলোর আবেদনও ঠিক এই জায়গাটাতেই। অহর্নিশ প্রতিদ্বন্দ্বিতার আমেজ, সপ্তাহান্তে উত্থান-পতনের রোমাঞ্চ-আখ্যান। এমনই এক রোমাঞ্চ ও উত্তেজনার মঞ্চ ইংলিশ প্রিমিয়ার লিগের পর্দা উঠছে আজ। সপ্তাহ দুয়েকের মধ্যে মাঠে গড়াবে স্পেনের লা লিগা, জার্মানির বুন্দেসলিগা, ইতালির সিরি ‘আ’ও।
১৯৯২ সালে ইংলিশ প্রিমিয়ার লিগ নাম নেওয়ার পর থেকেই ম্যানচেস্টার ইউনাইটেডের জয়জয়কার। ২৬ বছরের শিরোপাখরা কাটিয়ে ওই মৌসুমেই স্যার অ্যালেক্স ফার্গুসন নামের এক জাদুকরের হাত ধরে রেড ডেভিলদের রূপকথার অধ্যায়ের শুরু। পরের ২২ বছরে ১৩টি প্রিমিয়ার লিগ ট্রফি। ইউনাইটেড খেললেই প্রিমিয়ার লিগের শিরোপাজয়—যেন এটাই নিয়ম বানিয়ে ফেলেছিলেন ফার্গুসন। কিন্তু গত বছর ফার্গুসনের বিদায়ের পর কোচ ডেভিড ময়েসের অধীনে ভুলে যাওয়ার মতো একটা মৌসুম কাটিয়েছে রেড ডেভিলরা। গত ২৪ বছরে এই প্রথম ইউরোপের কোনো টুর্নামেন্টে খেলতে পারছে না ইউনাইটেড! ময়েস বরখাস্ত হয়েছিলেন মৌসুম শেষের আগেই। বিশ্বকাপের পর নতুন কোচ লুই ফন গাল দায়িত্ব নিয়ে সমর্থকদের নতুন আশায় বুক বাঁধতে উৎসাহ দিচ্ছেন। প্রাক্মৌসুম প্রস্তুতি ম্যাচে সেই আশার আলো আরেকটু উজ্জ্বল করেছেন রুনি-ফ্লেচার-ইয়ংরা। সবচেয়ে বড় কথা, ২০ বার ইংল্যান্ডের সর্বোচ্চ লিগে চ্যাম্পিয়ন দলটাকে কি কখনো শিরোপার লড়াইয়ের বাইরে রাখা যায়? ওল্ড ট্রাফোর্ডে আজ সোয়ানসি সিটির সঙ্গে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ফন গালের অধীনে নতুন ইউনাইটেডের পুরোনো রূপে ফেরার মিশন।
একই দিনে মাঠে নামছে প্রিমিয়ার লিগের আরেক পরাশক্তি আর্সেনালও। এমিরেটস স্টেডিয়ামে আর্সেন ওয়াঙ্গারের দলের প্রতিপক্ষ ক্রিস্টাল প্যালেস। ২০০৪ সালে শেষ শিরোপার পর এক দশক কেটে গেছে। সুন্দর ফুটবল দিয়ে সমর্থকদের মন ভরালেও শিরোপার অপেক্ষা আর ঘোচাতে পারেননি ওয়েঙ্গার। গানাররা অবশ্য তার পরও ফরাসি এই কোচের ওপরেই আস্থা রাখছে। এমিরেটসে নবাগত অ্যালেক্সিস সানচেজ আর ডেভিড অসপিনাদের ওপর ভরসা রেখে আশায় বুক বাঁধছে নতুন করে।
অপেক্ষাটা আর্সেনালের চেয়েও বেশি লিভারপুলের। সেই ১৯৮৯-৯০ মৌসুমে সর্বশেষ লিগ জিতেছিল তারা। গত মৌসুমে লুইস সুয়ারেজের অসাধারণ পারফরম্যান্সে দুই যুগ পর প্রিমিয়ার লিগের শিরোপা ঘরে তোলার খুব কাছাকাছি গিয়েছিল তারা। কিন্তু শেষ পর্যন্ত হলো রানার্সআপ! তার ওপর বিশ্বকাপে কামড়-কাণ্ডে বিতর্কিত সুয়ারেজকে অনেকটা বাধ্য হয়েই ছেড়ে দিয়েছে লিভারপুল। দলের সেরা পারফরমারের এই অভাবটা কীভাবে পূরণ করেন কোচ ব্রেন্ডন রজার্স, সেটার ওপরই নির্ভর করছে এই মৌসুমে লিভারপুলের সাফল্য। কাল অ্যানফিল্ডে মৌসুমের প্রথম ম্যাচে লিভারপুলের প্রতিপক্ষ সাউদাম্পটন।
একই দিনে মৌসুম শুরু হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটিরও। সেন্ট জেমস পার্কে কাল ম্যানুয়েল পেলেগ্রিনির দলের প্রতিপক্ষ নিউক্যাসল ইউনাইটেড। পরদিন আরেক পরাশক্তি চেলসি খেলবে বার্নলির সঙ্গে। সাফল্যের জন্য দুই হাতে টাকা ঢালতে কার্পণ্য নেই চেলসি মালিক রোমান আব্রামোভিচের। কিন্তু এত টাকা ঢেলেও ২০০৯-১০ মৌসুমের পর গত চার বছর প্রিমিয়ার লিগের শিরোপাহীন চেলসি। ট্রফির জন্যই গত মৌসুমের শুরুতে আব্রামোভিচ ফিরিয়ে এনেছেন হোসে মরিনহোকে। গতবার পারেননি স্বঘোষিত ‘স্পেশাল ওয়ান’। এবার কী করবেন?
এদিক দিয়ে অবশ্য সৌভাগ্যবান সিটি সমর্থকেরা। আরব ধনকুবেরের হাতে পড়েই সিটির রমরমা অবস্থা। গত তিন বছরে দুবার লিগ চ্যাম্পিয়ন সিটি। শিরোপা ছাড়া অন্য কিছু এবারও নিশ্চয়ই ভাবছেন না সিটি সমর্থকেরা।