ফিরছে শেরেবাংলা ও সোহ্রাওয়ার্দী কাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুটবলের অতীত স্মৃতিচারণায় এখনো দুটি টুর্নামেন্টের কথা উঠে আসে অনেকের মুখেই। শেরেবাংলা জাতীয় ও সোহ্রাওয়ার্দী কাপ অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্ট দুটি এক অর্থে ছিল বাংলাদেশের ফুটবলের শিকড়। টুর্নামেন্ট দুটি অনেক দিন ধরেই হিমাগারে!
হিমাগার থেকে এই টুর্নামেন্ট দুটিকে বের করে আনতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বাফুফের জেলা লিগ কমিটির তত্ত্বাবধানেই চলছে সার্বিক প্রস্তুতি। এই কমিটির প্রধান শেখ জামাল ধানমন্ডির সভাপতি মনজুর কাদের স্পনসর এনে দেওয়ার দায়িত্ব নিয়েছেন।
বাফুফের সাধারণ সম্পাদকের আবু নাঈম সোহাগ তাই বলতে পারছেন, ‘শেরেবাংলা ও সোহ্রাওয়ার্দী কাপ এ বছর হবে নিশ্চিত। আগস্টের শেষ অথবা সেপ্টেম্বরের প্রথম দিকে সোহ্রাওয়ার্দী কাপ অবশ্যই মাঠে গড়াবে। পরপরই শেরেবাংলা কাপ করব আমরা।’
বাফুফে চাইলেও অনেক সময়ই জেলাগুলো নানা ওজর-আপত্তি তোলে, বিভিন্ন টুর্নামেন্টে খেলতে তারা অনাগ্রহী থাকে। তবে এই দুটি টুর্নামেন্ট একটু আলাদাই। তাই সময়সূচি চূড়ান্ত না হলেও শেরেবাংলায় ৫১টি ও সোহ্রাওয়ার্দীতে ৪৫টি জেলা নিবন্ধন করে ফেলেছে এরই মধ্যে।
করারই কথা! শেরেবাংলা কাপ নিয়ে সারা দেশে একসময় ছিল সাজ সাজ রব। জাতীয় ফুটবলাররা জেলার হয়ে খেলেন। টুর্নামেন্টের আকর্ষণও বাড়ে তাতে। আলফাজ আহমেদ স্মৃতিকাতর, ‘শেরেবাংলা কাপটা ছিল আমাদের ফুটবলের ঐতিহ্য। খুব জমজমাট টুর্নামেন্ট হতো আগে।’
অনূর্ধ্ব-১৯ সোহ্রাওয়ার্দী কাপ ছিল নবীনদের কাছে ঈদ উৎসবের মতো। এই মঞ্চে ভালো করে উঠে আসা অনেকে প্রতিষ্ঠিত হয়েছে জাতীয় পর্যায়ে। গায়ে তুলেছে জাতীয় দলের জার্সিও।
সেই ধারাটা যে কোথায় হারিয়ে গেল! ১৯৭৪ সালে শুরুর পর শেরেবাংলা কাপ একটানা হয়েছে ১৯৮৬ পর্যন্ত। এরপর পথ হারিয়েছে।’ ’৮৭-’৮৮, ’৯১, ’৯৫, ২০০১-২০০৩, ২০০৫ সালে আলোর মুখ দেখেনি। ২০০৬ সালে সর্বশেষ আয়োজনে চ্যাম্পিয়ন নারায়ণগঞ্জ জেলা, রানার্সআপ ঢাকা। ৯ বছর ধরেই শেরেবাংলা কাপ বাক্সবন্দী। সোহ্রাওয়ার্দী কাপের ভাগ্যও অনেকটা তাই। সর্বশেষ আয়োজন ২০০৭, যাতে চ্যাম্পিয়ন বিকেএসপি, রানার্সআপ টাঙ্গাইল।
একটা দেশের জাতীয় ও যুব ফুটবল চ্যাম্পিয়ন বর্ষপঞ্জির পাতা থেকে হারিয়ে যাওয়ার পরিণতি কী, তা আর না বললেও চলছে। ঐতিহ্যের খোঁজে পেছন ফেরাটা তাই ফুটবলের জন্য একটা সুখবরই।