ফিরছেন ডি ক্রুইফ!

চমকে ওঠার মতো খবর। লোডভিক ডি ক্রুইফকে ফিরিয়ে আনছে বাফুফে!
বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন কাল নিজেই দিলেন এই ইঙ্গিত, ‘ডি ক্রুইফ বেশ কয়েকবার যোগাযোগ করেছেন আমাদের সঙ্গে। যেহেতু বঙ্গবন্ধু কাপের জন্য সে অর্থে এক মাসও সময় নেই, এর মধ্যে নতুন কোচ পাওয়া কঠিন। জার্মানির দু-তিনটি বায়োডাটা আছে হাতে। কিন্তু এগুলো ঠিক মনমতো না। ডি ক্রুইফ যেহেতু আমাদের দলটাকে ভালো করে চেনেন, তাঁকে বঙ্গবন্ধু কাপের জন্য আনতে পারি।’
বাংলাদেশে ১৬ মাসের মেয়াদটা কখনোই সুখের ছিল না ডি ক্রুইফের জন্য। শেষ পর্যন্ত দুই মাসে আগে এই ডাচ কোচকে বরণ করে নিতে হয় তিক্ত বিদায়। এমন ভগ্ন সম্পর্ক জোড়া লাগতে পারে ভাবাই কঠিন ছিল। কিন্তু পেশাদার দুনিয়াই বোধ হয় এমন, কোথাও শেষ বলে কিছু নেই! ডি ক্রুইফের চার মাসের বেতন এখনো বাকি! আগামী মাসের মাঝামাঝি ওটা দেওয়া হবে বলে জানিয়েছে বাফুফে। সেই টাকা পাওয়ার আগেই ডি ক্রুইফের আবার বাংলাদেশে ফিরতে চাওয়া চমকপ্রদই বলতে হবে।
ডি ক্রুইফ নিজেই নাকি কয়েকবার ফোন করেছেন বাফুফের সহসভাপতি ও জাতীয় দল কমিটির সদস্য তাবিথ আউয়ালকে। ক্রুইফ তাবিথকে বলেছেন, বাংলাদেশ দলের যেহেতু কোচ প্রয়োজন, তাই বাফুফে চাইলে তিনি বঙ্গবন্ধু কাপে খণ্ডকালীন হলেও কাজ করতে আগ্রহী। আগামী ১৬-২৭ জানুয়ারি ঢাকা ও সিলেটে আয়োজিত হবে বঙ্গবন্ধু কাপ। সালাউদ্দিন বলছিলেন, ‘পেছনে কী হয়েছে সেটি নিয়ে বসে থাকলে চলবে না। বঙ্গবন্ধু কাপে ডি ক্রুইফকে আনলে যদি ভালো করেন, তাহলে তাঁর সঙ্গে চুক্তি বাড়াতেও পারি। এখন পর্যন্ত ব্যাপারটা ফিফটি-ফিফটি। অন্য কোচও দেখছি। তবে এই অল্প সময়ে কাউকে না পেলে ক্রুইফকে আনব।’
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে যোগাযোগ করা হলে ডি ক্রুইফ হল্যান্ড থেকে জানালেন, ‘বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সঙ্গে আমার চুক্তি এখনো শেষ হয়নি। আমি আমার দিক থেকে ইতিবাচক। বাংলাদেশে আরও অনেক কিছুই করার বাকি আছে আমার।’
জাপান যুবদলের সঙ্গে ম্যাচ শেষে জাতীয় দলের ক্যাম্প আপাতত ছুটি। দক্ষিণ কোরিয়ার অন্যতম শীর্ষ ক্লাব বুসান আই পার্কের সঙ্গে শেখ জামাল ধানমন্ডির প্রীতি ম্যাচ ২৭ ডিসেম্বর বঙ্গবন্ধু স্টেডিয়ামে। এই ম্যাচের পরদিনই বঙ্গবন্ধু কাপের জন্য জাতীয় দলের ক্যাম্প শুরু হবে। সেই ক্যাম্পেই দেখা যেতে পারে ডি ক্রুইফকে!