ফিরছেন নেইমার, নেই রোনালদো

নতুন মৌসুমে এখনো লা লিগায় খেলা হয়নি নেইমারের। তবে বার্সেলোনা সমর্থকদের জন্য সুখবর, আগামীকাল রোববার ভিয়ারিয়ালের বিপক্ষে মাঠে নামছেন ব্রাজিলীয় সেনসেশন। অন্যদিকে রিয়াল মাদ্রিদ সমর্থকদের জন্য দুঃসংবাদ, একই দিনে চোটের কারণে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে মাঠে নামতে পারছেন না ক্রিস্টিয়ানো রোনালদো।
নেইমার ফিরলেও এ দিন বার্সা পাচ্ছে না আন্দ্রেস ইনিয়াস্তাকে। এক বিবৃতিতে বার্সা জানিয়েছে, ‘বাঁ হাঁটুর চোটের কারণে আগামীকাল ভিয়ারিয়ালের বিপক্ষে ইনিয়েস্তা খেলছে না।’ অন্যদিকে চোট কাটিয়ে পুরোপুরি সেরে উঠেছেন নেইমার।
কোচ লুইস এনরিকে বললেন, ‘নেইমার দলে ফিরেছে। সে খেলতে প্রস্তুত।’ তবে ম্যাচের শুরু থেকে নেইমারের খেলার সম্ভাবনা কম । লিগে বার্সার প্রথম ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত খেলা মুনির এল হাদ্দাদিকে শুরুতেই নামাতে পারেন এনরিকে।
অন্যদিকে চোটের কারণে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে মাঠে নামতে পারছেন না রোনালদো। গত মৌসুমের শেষ দিকে বাঁ হাঁটুর চোটে আক্রান্ত হন ফিফা বর্ষসেরা খেলোয়াড়। সে চোট থেকে এখনো মুক্তি মেলেনি সিআর সেভেনের। রোনালদোর না খেলার বিষয়টি নিশ্চিত করে কোচ কার্লো আনচেলত্তি বললেন, ‘এ সপ্তাহে পুরোপুরি সেরে ওঠা ও তার (রোনালদো) অনুকূল অবস্থা ফিরে পাওয়ার দিকেই গুরুত্ব দিচ্ছি। ফলে আগামীকাল সে খেলছে না। দলের বাইরে আছে সে।’ এএফপি ও রয়টার্স।