ফিরছেন ফর্মের তুঙ্গে থাকা নেইমার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কারও কারও অনুপস্থিতিটাই তাঁর উপস্থিতি আরও প্রকট করে তোলে। লিওনেল মেসিকেই দেখুন না। বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিলের বিপক্ষে ম্যাচটায় খেলতে পারবেন না, এটা নিশ্চিত হয়ে গেছে আরও মাস দেড়েক আগেই। কিন্তু বাংলাদেশ সময় কাল সকালে বুয়েনস এইরেসে হতে যাওয়া ম্যাচটা নিয়ে গত কয়েক দিনের আলোচনায় ঘুরেফিরে মেসির নামটাই আসছে বারবার।
চোটের কারণে মেসি থাকছেন না, একই কারণে নেই সার্জিও আগুয়েরো। সর্বশেষ এ তালিকায় যোগ হয়েছে কার্লোস তেভেজের নামটাও। আর্জেন্টিনার আক্রমণভাগে খেলবেন কে আর গোলই বা করবেন কে? সংবাদ সম্মেলনে এই ধরনের একটা প্রশ্ন হবে, এটা অনুমিতই ছিল। হলোও। ‘যে কারও অনুপস্থিতিই পূরণ করা কঠিন’—বলে আর্জেন্টিনার কোচ জেরার্ডো মার্টিনো প্রথমে ব্যাপারটা হালকা করতে চাইলেও পরে স্বীকার করলেন, মেসি-আগুয়েরোকে ঠিক এই ‘যে কারও’ দলে ফেলা যায় না। তাহলে উপায়? মার্টিনোর জবাব, ‘ব্রাজিলকে হারাতে আমাদের এই মানসিকতা বদলাতে হবে।’
বলছেন বটে। কিন্তু মার্টিনো নিজেও তো জানেন, মানসিকভাবেও আজ তাঁর দল পিছিয়েই থাকবে। আর্জেন্টিনা যেখানে মেসি-আগুয়েরো আর তেভেজকে হারানোর ধাক্কা সামলাতে ব্যস্ত, সেখানে ব্রাজিল দারুণ উজ্জীবিত অধিনায়ক নেইমারের প্রত্যাবর্তনে। গত জুনে কোপা আমেরিকায় কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে অখেলোয়াড়সুলভ আচরণের কারণে চার ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছিলেন। সেই নিষেধাজ্ঞাটা শেষ হয়েছে এমন এক ম্যাচের আগে, যখন ক্লাব বার্সেলোনার জার্সি গায়ে অবিশ্বাস্য ফর্মে আছেন ব্রাজিল ফরোয়ার্ড। ক্লাবের হয়ে এ মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় ১৪ ম্যাচে ১৩ গোল।
বাছাইপর্বের শুরুটা অবশ্য দুই চিরপ্রতিদ্বন্দ্বীর কোনোটিরই ভালো হয়নি। ইকুয়েডরের বিপক্ষে ২-০ গোলের হার দিয়ে শুরু আর্জেন্টিনার, ব্রাজিলও প্রথম ম্যাচে চিলির কাছে হেরেছে একই ব্যবধানে। ব্রাজিল নেইমারকে ছাড়াই ভেনেজুয়েলার বিপক্ষে পরের ম্যাচটা জিতলেও আর্জেন্টিনা পরের ম্যাচেও পয়েন্ট হারিয়েছে প্যারাগুয়ের সঙ্গে গোলশূন্য ড্র করে। যদিও আগের দুই ম্যাচে কোনো জয় না পাওয়ার কারণেই আজ আর্জেন্টিনা বেশি মরিয়া থাকবে বলে মনে করেন ব্রাজিল মিডফিল্ডার কাকা।
৩৩ বছর বয়সী কাকা আজ দুঙ্গার একাদশে থাকবেন কি না, নিশ্চিত নন। তবে আর্জেন্টিনার বিপক্ষে খেলাটা যে সব সময় কঠিন, অভিজ্ঞতা থেকে সেই সতর্কবার্তা আগেই দিয়ে রাখলেন সতীর্থদের, ‘আর্জেন্টিনার বিপক্ষে খেলাটা কখনোই সহজ হয় না বলেই ম্যাচটাও হয় জমজমাট।’
বুয়েনস এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামও সেই জমজমাট ম্যাচেরই অপেক্ষায়। ইএসপিএন।

প্রথম দেখা
দুই চিরপ্রতিদ্বন্দ্বী প্রথম মুখোমুখি হয়েছিল ১৯১৪ সালের ২০ সেপ্টেম্বর। বুয়েনস এইরেসের ওই ম্যাচে আর্জেন্টিনা জিতেছিল ৩-০ গোলে।

সর্বশেষ ৫ ম্যাচ
১২ অক্টোবর ২০১৪ বেইজিং ব্রাজিল ২ : ০ আর্জেন্টিনা
২১ নভেম্বর ২০১২ বুয়েনস এইরেস আর্জেন্টিনা ২ : ১ ব্রাজিল
১৯ সেপ্টেম্বর ২০১২ গুইয়ানিয়া ব্রাজিল ২ : ১ আর্জেন্টিনা
৯ জুন ২০১২ নিউ জার্সি আর্জেন্টিনা ৪ : ৩ ব্রাজিল
২৮ সেপ্টেম্বর ২০১১ বেলেম ব্রাজিল ২ : ০ আর্জেন্টিনা

বিশ্বকাপ বাছাইপর্বে
ম্যাচ ৬
ব্রাজিলের জয় ৩
আর্জেন্টিনার জয় ২
ড্র ১
গোল ৮/১
ব্রাজিল আর্জেন্টিনা