
চোটের কারণে ইউরো বাছাইপর্বের প্রথম ম্যাচটা খেলতে পারেননি। ক্রিস্টিয়ানো রোনালদোহীন পর্তুগালও ওই ম্যাচে আলবেনিয়ার কাছে হেরেছে ১-০ গোলে। দায় নিয়ে সরে দাঁড়িয়েছেন পর্তুগালের কোচ পাওলো বেন্তো। পর্তুগালের ব্যাপারটা পরে আসবে। তবে এর মধ্যে ফিট হয়ে ওঠা রিয়াল মাদ্রিদ উইঙ্গার আজই আবার খেলতে নামছেন মাঠে। সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচটি নগরপ্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে লা লিগায়।
মাদ্রিদ ডার্বির আগেই স্প্যানিশ সংবাদমাধ্যমে ডিয়েগো সিমিওনের দলের সমালোচনা শুরু হয়েছে। অ্যাটলেটিকো নাকি বেশি শরীরনির্ভর ফুটবল খেলে! তবে এ নিয়ে কোনো আপত্তি নেই রিয়াল কোচ কার্লো আনচেলত্তির, ‘ওরা তো হিংস্র দল নয়, আক্রমণাত্মক দল। আর ফুটবলটাও তো মেয়েদের খেলা নয়, ছেলেদের খেলা।’ গোলডটকম।
একই দিনে ন্যু ক্যাম্পে বার্সেলোনা খেলবে অ্যাথলেটিক বিলবাওয়ের সঙ্গে। ঘরের মাঠে ম্যাচ হলেও আজ নিজেদের ঐতিহ্যবাহী জার্সি বাদ দিয়ে কাতালান পতাকার আদলে তৈরি হলুদ ও লাল জার্সিটা পরে নামবে লুইস এনরিকের দল। ১১ সেপ্টেম্বর ছিল কাতালানদের জাতীয় দিবস। ক্লাব কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, ‘১৭১৪ সালে পঞ্চম ফিলিপের সৈন্যবাহিনীর হাতে বার্সেলোনা পতনের ৩০০ বছর স্মরণেই এ সিদ্ধান্ত।’