ফিরতি বিমান প্যারিসমুখী?

প্রাক-মৌসুম প্রস্তুতির জন্য গতকালই যুক্তরাষ্ট্রে পৌঁছেছে বার্সেলোনা। জুভেন্টাস, ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদের সঙ্গে তিনটি প্রস্তুতি ম্যাচ খেলে বার্সেলোনায় ফিরবে ২৯ জুলাইয়ের পর। কিন্তু বার্সেলোনাগামী ফিরতি বিমানে নেইমারও কি থাকবেন?
ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমগুলোর গুঞ্জন, থাকবেন না। প্রতিটি নতুন দিনেই নেইমারের পিএসজিতে যাওয়ার গুঞ্জন জোরালো হচ্ছে। ব্রাজিলের সংবাদমাধ্যম নিশ্চিত, যুক্তরাষ্ট্র থেকে ফেরার পথে নেইমার বার্সেলোনার ‘এল প্রাতে’ নয়, নামবেন প্যারিসের ‘শার্ল দো গলে’।
ইউরোপিয়ান ফুটবল এখন সরগরম নেইমারের দলবদলের গুঞ্জনে। বার্সেলোনাভিত্তিক ব্রাজিলিয়ান সাংবাদিক মার্সেলো বেখলার প্রথম জানান নেইমারের পিএসজিতে যাওয়ার কথা। বার্সেলোনায় নেইমারের ২২২ মিলিয়ন ইউরো রিলিজ ক্লজ পরিশোধ করতেও নাকি রাজি পিএসজি। সেই থেকেই এই দলবদল যেন নাটকের আরেক নাম।
ব্রাজিলের সব সংবাদমাধ্যমই বলছে, নাটকের শেষ অঙ্কে নেইমার পিএসজিতেই যাচ্ছেন। এমনকি গ্লোবো এস্পোর্ত জানাচ্ছে, নেইমার নাকি এরই মধ্যে পিএসজির ব্রাজিলিয়ান ফুটবলারদের জানিয়ে দিয়েছেন, ‘আমি আসছি।’ কদিন আগেই নেইমারের প্রিয় বন্ধু দানি আলভেজকে নিয়ে এসেছে পিএসজি। আর থিয়াগো সিলভা, মারকিনিওস, লুকাস মওরারা তো ছিলেনই।
তবে ফ্রান্সের দৈনিক লে’কিপ-এর প্রতিবেদন পুরো উল্টো। পিএসজির ব্রাজিলিয়ান ফুটবলারদের একজনের বাবা ফোনে পত্রিকাটিকে বলেছেন, ‘না, মনে হয় না আমার ছেলে জানে (নেইমার আসবে কি না)। জানলে আমাকে বলত।’ মজার ব্যাপার, থিয়াগো সিলভারও একই সুর, ‘নেইমার আসছে কি না, আমি জানি না। আমাকে কিছু বলেনি ও। তবে পিএসজির পরিকল্পনায় নেইমারের মতো একজন ফুটবলারই দরকার। ও এলে দলের জন্যই ভালো।’
পিএসজি কোচ উনাই এমেরি লে’কিপকেই বলেছেন, ‘চ্যাম্পিয়নস লিগে বায়ার্ন মিউনিখ, বার্সেলোনা, রিয়াল মাদ্রিদের মতো দলকে চ্যালেঞ্জ জানাতে হলে বিশ্বের সেরা পাঁচ ফুটবলারের একজনকে আমাদের চাই। এই গ্রীষ্মে একজনকে আনার চেষ্টা করছি। নেইমার বিশ্বসেরা পাঁচজনের একজন।’
এদিকে বার্সেলোনা সর্বাত্মক চেষ্টা করছে নেইমারের বিদায় ঠেকাতে। যুক্তরাষ্ট্রগামী বিমানেই নাকি নেইমারের সঙ্গে কথা বলেছেন ক্লাবের সভাপতি হোসে মারিয়া বার্তোমেউ। পিএসজির সঙ্গে নেইমার ও তাঁর প্রতিনিধির আলোচনা কতটা ‘সিরিয়াস’ সেটি বোঝার চেষ্টা করেছেন। যদিও বার্তোমেউ যুক্তরাষ্ট্র যাওয়ার আগে স্পেনের কুয়াত্রো টিভিকে বলেছেন, ‘আমরা (বার্সেলোনা) পুরোপুরিই নিরুদ্বিগ্ন আছি।’ মার্কা, এএস, লে’কিপ।