ফিরতে আরও সময় লাগবে মেসির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চোট ভোগাচ্ছে বেশ কিছুদিন ধরেই। সেই চোট নিয়েই লিওনেল মেসি খেলেছেন আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ বাছাইপর্বে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে। একমাত্র গোলটি করে দলকে জিতিয়েছেন। কিন্তু ওই ম্যাচে খেলতে গিয়েই মেসির চোটটা বেড়ে গেছে আরও। যে কারণে এখন বার্সেলোনার হয়ে লা লিগা ও চ্যাম্পিয়নস লিগে পরের দুটি ম্যাচে মেসির খেলা নিয়েই সংশয়।

 চোট কতটা গুরুতর সেটা বুঝতে পরশু বেশ কিছু পরীক্ষাও হয়েছে মেসির। এরপরই প্রায় নিশ্চিত হয়ে যায় ১০ সেপ্টেম্বর লা লিগায় আলাভেসের বিপক্ষে ম্যাচটা তো বটেই, এর তিন দিন পর চ্যাম্পিয়নস লিগে সেল্টিকের বিপক্ষে ম্যাচটাও হয়তো খেলতে পারবেন না। বাংলাদেশ সময় আজ ভোরে ভেনেজুয়েলার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে যে মেসি থাকছেন না, সেটি নিশ্চিত হয়ে গিয়েছিল আগেই।

আর্জেন্টাইন ফরোয়ার্ড অবশ্য ফেসবুকে বার্তা দিয়ে আশ্বস্ত করেছেন, ‘সবকিছুই ঠিকঠাক আছে। আমাকে একটু ধীর-সুস্থে এগোতে হবে। কারণ, এখন ফিজিও আমাকে সারিয়ে তোলার কাজ করছেন। কিন্তু এ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই।’

একই সঙ্গে মেসির চোটের কথা নিশ্চিত করেছে বার্সাও। তবে ঠিক কত দিন মাঠের বাইরে থাকতে হতে পারে, সেটি জানায়নি। সব ধরনের প্রতিযোগিতায় আগামী ২২ দিনে সাতটি ম্যাচ খেলতে হবে বার্সাকে। এ কারণে মেসিকে নিয়ে বার্সা ঝুঁকি নেবে না নিশ্চিত। এএফপি।