ফিরতে পারবেন ইব্রা?
চোট পেয়ে সেদিন তিনি মাঠ ছাড়ার পরই শঙ্কা পেয়ে বসেছিল ম্যানচেস্টার ইউনাইটেডকে। এ মৌসুমে আর কি ফেরা সম্ভব ইব্রাহিমোভিচের? শঙ্কাটাই সত্যি হলো। ডান হাঁটুর লিগামেন্টে চোট পাওয়ায় এ মৌসুমে আর মাঠে নামা হচ্ছে না ইব্রার। শুধু তা-ই নয়, চোটের ধরনটা এমন, এ বছরই আর ইব্রা খেলতে পারবেন কি না, সন্দেহ আছে। বয়স ৩৫ চলছে ইব্রার। এ বয়সে এমন চোট প্রশ্ন তুলে দিচ্ছে, ইব্রার ক্যারিয়ারই হুমকির মুখে পড়ে গেল না তো!
গত বছরের জুলাইয়ে পিএসজি থেকে ইব্রাকে এনেছিল ইউনাইটেড। চুক্তিটা ছিল এক বছরের। তবে ইব্রার পারফরম্যান্স দেখে সেই চুক্তি নবায়ন করা হতে পারে বলেও শোনা যাচ্ছিল। মৌসুমের প্রায় শেষে এসে তাঁর পারফরম্যান্স মূল্যায়ন করতে গিয়ে মনে হয় না, ইউনাইটেড কোচ হোসে মরিনহোর কোনো আক্ষেপের জায়গা থাকবে। সব ধরনের টুর্নামেন্টে ৪৬ ম্যাচে ২৮ গোল। লিগ কাপের ফাইনালে দুর্দান্ত গোল করে শিরোপা এনে দিয়েছেন দলকে। মরিনহোর দল ইউরোপার সেমিফাইনালে উঠে আসার পেছনেও সুইডিশ স্ট্রাইকারের বড় ভূমিকা। ইউরোপার কোয়ার্টার ফাইনালে দ্বিতীয় লেগে আন্ডারলেখটের বিপক্ষে খেলতে গিয়েই শেষ পর্যন্ত ভয়ংকর চোটটা পেলেন।
কিছুদিন আগেই মরিনহো বলেছিলেন, তিনি চান আরও এক মৌসুম ইব্রা থাকুক ওল্ড ট্রাফোর্ডে। সুইডিশ স্ট্রাইকারের চোটে পড়াটা নিঃসন্দেহে বড় ধাক্কা হয়ে এসেছে মরিনহোর দলের জন্য। প্রশ্ন হচ্ছে, পরিবর্তিত এই পরিস্থিতিতে ইউনাইটেড কি ইব্রাকে চুক্তি নবায়নের প্রস্তাব দেবে? ব্রিটিশ দৈনিক মিরর-এর দাবি ইউনাইটেডের একটি সূত্র তাদের জানিয়েছে, ইব্রার চিকিৎসার জন্য সব রকম সাহায্য করবে ক্লাব। তবে তাঁর সঙ্গে চুক্তি নবায়ন করা হবে না। তবে ডেইলি মেইল-এর ক্রীড়া সম্পাদক অলিভার হল্ট মনে করেন, চুক্তি নবায়নের প্রস্তাব দেওয়া উচিত ইব্রাকে। এক কলামে তিনি লিখেছেন, ‘ইব্রা বয়সকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে এবং দারুণ এক মৌসুম কাটিয়েছে। আমার মতে, ইউনাইটেডের উচিত এমন একজনের পাশে দাঁড়ানো এবং তাঁকে নতুন চুক্তির প্রস্তাব দেওয়া। তবে পেশাদার ফুটবলের দুনিয়াটা আর এমন আছে কি না, আমি নিশ্চিত নই।’
বাস্তবতা হচ্ছে, ইউনাইটেড ইব্রাকে তখনই চুক্তি নবায়নের প্রস্তাব দিতে পারে, যদি মনে হয় চোট থেকে সেরে উঠে ইব্রা পারফরম্যান্স দিয়ে সেটা পুষিয়ে দিতে পারবেন। কিন্তু এ রকম চোটের পর সেটা কতটা সম্ভব?
ইংল্যান্ডের ডেইলি স্টার বলছে, এই জায়গায় ইব্রা সাবেক ইতালিয়ান ফরোয়ার্ড রবার্তো বাজ্জোকে প্রেরণা হিসেবে নিতে পারেন। এই ধরনের চোটের পর সবচেয়ে কঠিন হয় পুনর্বাসনপ্রক্রিয়াটা। ২০০১ সালে ইতালিয়ান ক্লাব ব্রেসিয়ার হয়ে খেলার সময় এ রকমই ভয়াবহ এক চোট পেয়েছিলেন তখন ৩৪ বছর বয়সী বাজ্জো। মনে করা হচ্ছিল, ওটাই বাজ্জোর ক্যারিয়ারের শেষ। কিন্তু প্রচণ্ড মনের জোর আর পরিশ্রমে বাজ্জো আবার মাঠে ফিরেছিলেন মাত্র ৭৬ দিনের মাথায়! এরপর আরও দুই মৌসুম খেলেছেন ব্রেসিয়ার হয়ে, পারফর্মও করেছেন। ২০১৫ সালে এক সাক্ষাৎকারে ওই সময়টার স্মৃতিচারণা করতে গিয়ে বাজ্জো বলেছিলেন, ‘পুনর্বাসনের সময়টা আমি দিনে ১০ ঘণ্টা করে জিমে কাটাতাম। কী কঠিন যন্ত্রণা আমাকে সহ্য করতে হয়েছে, শুধু আমিই জানি। শারীরিক ও মানসিক যন্ত্রণায় আমি অনেক কেঁদেছি। কিন্তু হাল ছাড়িনি।’
৩৪ বছর বয়সে বাজ্জো পারলে ৩৫ বছরে বয়সে ইব্রা কেন পারবেন না! এর আগেও তো কতবার কতজনকে ভুল প্রমাণ করেছেন স্বঘোষিত এ কিংবদন্তি। সম্ভবত এ কারণেই ডেইলি এক্সপ্রেস-এর ফুটবল সাংবাদিক ম্যাথু ডান লিখেছেন, ‘শুধু একজনই জানেন কখন ইব্রার ক্যারিয়ার শেষ হবে, সেটা ইব্রা নিজে।’
ইব্রাকে নিয়ে শেষ কথাও এটাই।