ফিরমিনো-মানের নৈপুণ্যে অ্যানফিল্ডে আনন্দের রাত

মৌসুমের শুরুটা দুর্দান্ত হয়েছিল লিভারপুলের। আশায় বুক বেঁধেছিলেন সমর্থকেরা। এবার বুঝি সাফল্য-খরা ঘুচবে। কিন্তু কোথায় কী! নতুন বছরের শুরুতেই খেই হারিয়ে বসল তারা। তবে নিজেদের মাঠে গতরাতে আর্সেনালকে ৩-১ গোলে হারিয়ে নিজেদের ফিরে পাওয়ার বার্তা দিয়েছ ইয়ুর্গেন ক্লপের দল।
লিভারপুলের কাছে ৪-৩ গোলে হেরেই এবারের ইংলিশ প্রিমিয়ার লিগ শুরু করেছিল আর্সেনাল। কাল তাদের সামনে সুযোগ ছিল সেই হারের বদলা নেওয়ার। কিন্তু আর্সেন ওয়েঙ্গারের দল তা পারেনি। এই জয়ে লিগের পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে লিভারপুল।
ম্যাচের নবম মিনিটেই এগিয়ে যায় লিভারপুল। সাদিও মানের পাস থেকে গোল করেন রবার্তো ফিরমিনো। ৪০ মিনিটের মাথায় ফিরমিনোর পাস থেকেই দারুণ গোল করেন মানে। দ্বিতীয়ার্ধের ১১ মিনিটে ড্যানি ওয়েলব্যাকের গোলে ম্যাচে ফেরে আর্সেনাল। প্রতি–আক্রমণ থেকে আলেক্সিজ সানচেজের পাস থেকে গোলটি করেন ওয়েলব্যাক। খেলার যোগ করা সময়ে জর্জিনহো ভিনালডামের গোলে জয় নিশ্চিত হয় লিভারপুলের।
কোচ ক্লপ দারুণ খুশি দলের এই জয়ে। বলেছেন, এই জয়ে তাঁর দল দেখিয়েছে তারা কতটা ভালো করতে পারে, ‘আজ যেভাবে খেললাম, সব সময় এভাবে খেলার সামর্থ্য আমাদের আছে।’ শিষ্যদের লিগে ভালো শুরুর সময়টা মনে করিয়ে দিতে চান ক্লপ। প্রথম থেকে এই পর্যন্ত সময়টাকে তিনি তুলনা করেছেন ‘রোলার কোস্টারে’ চড়ার সঙ্গে, ‘আমি খেলোয়াড়দের মনে করিয়ে দিতে চাই লিগের শুরুতে আমরা কেমন খেলেছিলাম। পুরো সময়টাই আমার কাছে “রোলার কোস্টারে” চড়ার মতো। কখনো ওপরে উঠেছি, কখনো নিচে নেমেছি। তবে এই মুহূর্তে আমরা ওপরের দিকেই উঠছি।’ সূত্র: রয়টার্স।