ফিরল ইউনাইটেড, ফিরলেন রুনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিযোগিতামূলক ম্যাচে সর্বশেষ গোলটি করেছিলেন গত ৪ এপ্রিল, অ্যাস্টন ভিলার বিপক্ষে প্রিমিয়ার লিগে। ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে এর পর থেকেই গোলের জন্য হাপিত্যেশ চলছিল ওয়েইন রুনির। চারদিক থেকে সমালোচনার তিরও ছুটছিল সমানে। সব সমালোচনার সমুচিত জবাব দিয়েই স্বরূপে ফিরে এলেন রুনি। চ্যাম্পিয়নস লিগ প্লে-অফের দ্বিতীয় লেগে বেলজিয়ান ক্লাব ব্রুগের বিপক্ষে হ্যাটট্রিক করে দলকে এক মৌসুম পর নিয়ে গেলেন প্রতিযোগিতার মূল পর্বে।
প্রথম লেগে ৩-১ গোলে জয়ের পরই ইউনাইটেডের মূল পর্বে খেলা অনেকটা নিশ্চিত ছিল। ফলটা নিজেদের পক্ষে নিতে দ্বিতীয় লেগে বেলজিয়ান ক্লাবটিকে মহানাটকীয় কিছুই করতে হতো। তা তো হলোই না, উল্টো হেরে গেল ৪-০-তে। ২২, ৪৯ ও ৫৭ মিনিটে রুনির গোল তিনটির পর ইউনাইটেডের চতুর্থ গোলটি করেছেন মিডফিল্ডার অ্যান্ডার হেরেরা, ৬৩ মিনিটে।
ব্রুগে না পারলেও নাটকীয় জয়ে চ্যাম্পিয়নস লিগের মূল পর্বে উঠেছে সিএসকেএ মস্কো। প্রথম লেগে পর্তুগালের স্পোর্টিং লিসবনের মাঠে ২-১ গোলে হেরে এসেছিল রুশ ক্লাবটি। পরশু ৩৬ মিনিটে গোল করে ব্যবধান আরও বাড়িয়ে নেয় স্পোর্টিং। সেখান থেকেই ঘুরে দাঁড়িয়ে ৩-১ ব্যবধানে ম্যাচটি জিতেছে মস্কোর ক্লাবটি। একই দিনে মূল পর্বে উঠেছে জার্মানির বেয়ার লেভারকুসেন, বেলারুশের বাতে বরিসভ। তবে মূল পর্বে উঠে বড় চমকটা দিয়েছে কাজাখস্তানের এফসি আস্তানা।
তবে পরশু পাঁচ ম্যাচের রাতটিতে রুনির ফিরে আসার গল্পটাই ছিল সবচেয়ে আলোচিত। ১০ ম্যাচ, ৮৭৮ মিনিট—প্রতিযোগিতামূলক ম্যাচে গোলশূন্য ওয়েইন রুনির ওপর চাপটা বেড়েই চলছিল। অবশ্য ইউনাইটেড স্ট্রাইকার সেটি মানতে রাজি নন, ‘আমি উদ্বিগ্ন হইনি। যদি আরও তিন, চার বা পাঁচ ম্যাচ গোল না পেতাম তাহলে হয়তো হতাম, কিন্তু মাত্রই তো মৌসুমের শুরু।’ সমালোচনাটাকেও একটু বাড়াবাড়ি মনে হচ্ছে রুনির কাছে, ‘স্ট্রাইকার হিসেবে আপনি গোল করতেই চাইবেন। কিন্তু সবাই গত মৌসুমকে টেনে, “এত ম্যাচে ও গোল পাচ্ছে না” হিসাবগুলো টেনে এনে ব্যাপারটাকে বড় করে তোলে।’
আলোচনা ছিল লুই ফন গালের ‘একক স্ট্রাইকার’ কৌশলে রুনির কার্যকারিতা নিয়েও। রুনির হ্যাটট্রিক স্বস্তি দিয়েছে ইউনাইটেড কোচকেও। অবশ্য ইংলিশ স্ট্রাইকারের ওপর ফন গাল কখনোই নাকি আস্থা হারাননি, ‘আপনার সর্বোচ্চ কল্পনার সেরা মানসিকতাটিই ওর আছে। এমন মানের খেলোয়াড়েরা সব সময়ই ফিরে আসে।’ এএফপি, গোলডটকম।