ফিরল চেলসি, হারল ইউনাইটেড
তাহলে কি হোসে মরিনহোই ফাঁড়া ছিলেন? মরিনহো পরবর্তী যুগে চেলসির প্রথম ম্যাচে তো গত মৌসুমে চ্যাম্পিয়ন দলের ছায়া! সান্ডারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে আবার জয়ের ধারায় ফিরেছে লন্ডনের ক্লাব। তবে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ লুই ফন গালের ওপর চাপ আরও বেড়েছে। নিজেদের মাঠে নরউইচের কাছে ২-১ গোলে হেরে গেছে ইউনাইটেড।
ম্যাচের শুরু থেকেই দাপটের সঙ্গে খেলতে শুরু করেছিল চেলসি। ৫ মিনিটেই ব্রানিস্লাভ ইভানোভিচ পেয়েছেন মৌসুমে নিজের প্রথম গোল। ১৩ মিনিটে পেদ্রো রদ্রিগেজের গোলে ব্যবধান দ্বিগুণ করেছে চেলসি। অথচ মরিনহোর অধীনে সর্বশেষ পাঁচ ম্যাচে মাত্র দুই গোল করতে পেরেছিল বর্তমান চ্যাম্পিয়নরা। ৫০ মিনিটে অস্কারের পেনাল্টি থেকে তিন গোলে এগিয়ে যায় চেলসি। ৫৩ মিনিটে ফ্যাবিও বরিনি ব্যবধান কমালেও শেষ পর্যন্ত চেলসির জয়টা এসেছে সহজেই।
তবে লুই ফন গালকে কাল দুয়ো শুনেই মাঠ ছাড়তে হয়েছে। আগের ম্যাচে বোর্নমাউথের পর কাল ইউনাইটেডকে হারতে হয়েছে নরউইচের কাছেও। ৬৯ বছর পর এই প্রথম প্রিমিয়ার লিগে নবাগত দুই ক্লাবের কাছে টানা দুই ম্যাচ হারল রেড ডেভিলরা। ৩৮ মিনিটে ক্যামেরন জেরোমের গোলে এগিয়ে যায় সফরকারীরা। ৫৫ মিনিটে আলেকজান্ডার টেটেইয়ের গোলে ব্যবধান বাড়ায়। ৬৭ মিনিটে ইউনাইটেডের অ্যান্থনি মার্শিয়াল ব্যবধান কমালেও সেটা শুধু সান্ত্বনাই দিতে পেরেছে ফন গালকে।
তবে লেস্টার সিটি চমক দেখিয়েই যাচ্ছে। কালও এভারটনকে ৩-২ গোলে হারিয়েছে, বড়দিনের আগে তাই লিগে সবার ওপরে থেকেই শেষ করল লেস্টার। স্টার স্পোর্টস।