ফিরলেন কাকা

ব্রাজিলের জার্সি শেষবারের মতো গায়ে চড়িয়েছেন প্রায় দেড় বছর হলো। তাতে খানিকটা ধুলোই জমেছে হয়তো। মনেও কি কষ্টের ধুলো জমেনি? তবে চাইলে সব কষ্ট ভুলে নতুন করে শুরু করার কথা ভাবতে পারেন কাকা। ব্রাজিল দলে যে আবারও ডাক পেয়েছেন মাঝমাঠের এই শিল্পী ফুটবলার! আসন্ন আর্জেন্টিনা ও জাপানের বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য চোটের শিকার হওয়া রিকার্দো গুলার্তের জায়গায় তাঁকে ডেকেছেন কোচ দুঙ্গা। গত বিশ্বকাপে অভিজ্ঞ কাকাকে দলে না নেওয়ায় স্কলারির মুণ্ডুপাত করেছিল সমর্থকেরা। কাকার ক্যারিয়ারের শেষ দেখে ফেলেছিলেন অনেকে। কিন্তু নতুন কোচ দুঙ্গা এসে পূর্বসূরির উল্টো পথে হাঁটলেন। গত সপ্তাহেও স্কাই স্পোর্টসে কাকার জন্য প্রশংসা ঝরিয়েছেন দুঙ্গা, ‘সাও পাওলোতে ভিন্ন এক কাকাকে দেখছি। সে দলকে সংগঠিত করছে, প্রতিটি প্রান্তে ছুটে বেড়াচ্ছে, এককথায় দারুণ খেলছে।’ আভাসও দিয়েছিলেন কাকাকে ফেরানোর, এর সপ্তাহ খানেক পরই কাকা ডাক পেলেন ব্রাজিল দলে। গোলডটকম, ইএসপিএন।