ফিরলেন মেসি

একেবারে বিনা মেঘে বজ্রপাতের মতো কোপা আমেরিকার ফাইনালের পর জাতীয় দলকে বিদায় বলে দিয়েছিলেন। তবে সেই ‘বিদায়’ দুই মাসের বেশি স্থায়ী হলো না, অবসর ভেঙে আবারও জাতীয় দলে ফেরার ঘোষণা দিয়েছেন লিওনেল মেসি। সবকিছু ঠিক থাকলে আগামী ১ সেপ্টেম্বর বিশ্বকাপ বাছাইয়ে উরুগুয়ের সঙ্গে ম্যাচেই আবার আকাশি-সাদা জার্সি গায়ে চড়াতে যাচ্ছেন আর্জেন্টিনা অধিনায়ক।
পরশু মেসি তাঁর ব্যবস্থাপনা সংস্থার মাধ্যমে জানিয়েছেন, ‘অবসর নেওয়ার ব্যাপারটা বেশ গুরুত্বের সঙ্গেই ভেবেছিলাম। কিন্তু দেশের প্রতি, এই জার্সিটার প্রতি আমার ভালোবাসা অনেক বেশি।’
হুট করে অবসরের ঘোষণা দেওয়ার পর মুখে কুলুপ এঁটে ছিলেন মেসি। এর মধ্যে আর্জেন্টিনার নতুন কোচ হয়ে এসেছেন এদগার্দো বাউজা। মেসিকে দলে ফেরানোর জন্য কথা বলতে দুই দিন আগে বার্সেলোনায় যান। বাউজা বার্সেলোনা-যাত্রার সময় বলেছিলেন, ‘আমার মনে কোনো সংশয়ই নেই যে, ও (মেসি) আবারও জাতীয় দলের হয়ে খেলতে চায়। ফেরার জন্য ওর মধ্যে আকুলতা দেখেছি আমি।’ বাউজার কথাই ঠিক হয়েছে!
বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে মেসি আছেন, কিন্তু গঞ্জালো হিগুয়েইনকে বাদ দেওয়া হয়েছে। কদিন আগেই ৯ কোটি ইউরোতে নাপোলি থেকে জুভেন্টাসে পাড়ি জমিয়েছেন হিগুয়েইন। এএফপি।