ফিরলেন সুয়ারেজ

বিশ্বকাপের কামড়-কাণ্ডের শাস্তিটা এখনো ঝুলছে মাথার ওপর। কিন্তু প্রীতি ম্যাচ খেলতে বাধা নেই বলে বিশ্বকাপের সেই কুখ্যাত ঘটনার পর এই প্রথম উরুগুয়ের জার্সি গায়ে দিলেন লুইস সুয়ারেজ। জেদ্দায় সৌদি আরবের বিপক্ষে ম্যাচটা তাঁর দেশ জিততে না পারলেও তিনি নিজে স্বস্তি পেয়েছেন দেশের জার্সি গায়ে চড়াতে পেরে। ১-১ গোলে অমীমাংসিত ম্যাচের পর এক টুইটে তিনি জানিয়েছেন নিজের এই স্বস্তির কথা, ‘দেশের জার্সি আবার গায়ে দিতে পেরে দারুণ আনন্দিত। উরুগুয়ের জার্সিতে যে আনন্দ, যে গৌরব, সেটা আর কোথাও নেই। আমি জার্সিকে বড্ড ভালোবাসি।’
ম্যাচটা অবশ্য পুরো খেলেননি সুয়ারেজ। ৭০ মিনিট পর তাঁকে তুলে নেওয়া হয়। মাঠে থাকা অবস্থাতেই তাঁর শট থেকেই আত্মঘাতী গোলে এগিয়ে গিয়েছিল উরুগুয়ে। তবে নাইফ হাজাজির শেষ মুহূর্তে গোল সৌদি আরবকে এনে দেয় গৌরবময় এক ড্র। ম্যাচের ৪৭ মিনিটে সৌদি আরবের পোস্টে সুয়ারেজের কোনাকুনি শট হাসান মুয়াত ফাল্লাতাহর পায়ে লেগে জালে জড়িয়ে যায়। তবে সুয়ারেজের দুর্ভাগ্য, শক্তির তারতম্য থাকার পরেও ম্যাচটা জিতে ঘরে ফিরতে না পারা।
বিশ্বকাপে ইতালির জর্জো কিয়েলিনির কাঁধে কামড় বসিয়ে বিশ্বকাপ থেকে বহিষ্কৃত হয়েছিলেন উরুগুয়ের তারকা সুয়ারেজ। এ অপরাধ তাঁর হাতে ধরিয়ে দেয় চার মাসের নিষেধাজ্ঞা এবং নয়টি আন্তর্জাতিক ম্যাচের বহিষ্কারের আদেশও। বার্সেলোনায় এই মৌসুমে বড় অঙ্কের অর্থের বিনিময়ে সই করা সুয়ারেজ এখনো মাঠের বাইরে বসে অপেক্ষায় স্প্যানিশ লিগে অভিষেকের। আর দুই সপ্তাহ পরেই শেষ হয়ে যাচ্ছে পেশাদারি ম্যাচের নিষেধাজ্ঞা। আন্তর্জাতিক ম্যাচের নিষেধাজ্ঞাটা কাটিয়ে উঠতে তাঁকে অবশ্য আরও কিছুদিন অপেক্ষায় থাকতে হচ্ছে। সূত্র: এএফপি