ফিরে আসছে সেই আর্সেনাল?
>
- ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক রামসের
- এসিস্টের হ্যাটট্রিক মেখিতারিয়ানের
- তৃতীয়বারের মতো এভারটনের বিপক্ষে মাঠ ছাড়লেন পিওতর চেক
- অভিষেকেই গোল অবামেয়াংয়ের

তবে কি ফিরে এল সেই আর্সেনাল?
মাত্র একটি ম্যাচই খেলা হয়েছে। ৫-১ গোলের জয়, সেটাও এ মৌসুমে বাজে সময়ের মধ্য দিয়ে যাওয়া এভারটনের বিপক্ষে। তাতেই সমর্থকদের আশার বেলুন উড়তে শুরু করেছেন। অনেকে এই দলকে ২০০৪ সালের অপরাজিত লিগজয়ী দলের পর সেরা দল হিসেবে ঘোষণা করে দিয়েছেন!

শেষ দিনের দলবদলে বরুসিয়া ডর্টমুন্ড থেকে আর্সেনালে এসেছেন পিয়ের-এমেরিক অবামেয়াং। অভিষেকেই সমর্থকদের প্রত্যাশা পূরণ করে দিলেন। ৩৭ মিনিটে গোল করেন অভিষিক্ত তারকা অবামেয়াং। কৃতিত্বটা অবশ্য পুরোনো বন্ধু হেনরিখ মেখিতারিয়ানের। দেড় বছর আগে ডর্টমুন্ড ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে গিয়েছিলেন। এ দলবদলে যোগ দিয়েছেন আর্সেনালে। বন্ধু অবাও কদিন পরেই হাজির ‘গানার’ ক্যাম্পে। ফল, দুজন ডিফেন্ডারের মাঝ দিয়ে অসাধারণ এক। সেটাকে গোলে পরিণত করতে বেগ পোহাতে হয়নি গ্যাবন তারকার। দেড় বছর পরও রসায়নটা কমেনি তাদের, বোঝা গেল তখনই।

আর্সেনালের গোল উৎসব শুরু হয়েছে এরও আগে। প্রায় সব তারকা খেলোয়াড়ই মাঠে নেমেছিলেন। ৬ মিনিটেই মেখিতারিয়ানের বাড়ানো নিচু ক্রস থেকে গোল করে দলকে এগিয়ে নেন অ্যারন রামসে। ১৪ মিনিটে ডিফেন্ডার কশিয়েলনি আর ১৮ মিনিটে অ্যারন রামসের দ্বিতীয় গোলে ম্যাচের কর্তৃত্ব নিয়ে নেয় আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা।
৭৪ মিনিটে মেখিতারিয়ানের পাস থেকে গোল করে ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক পূরণ করেন রামসে। তাঁর সঙ্গে এসিস্টের হ্যাটট্রিকটাও হয়ে যায় মেখিতারিয়ানের।
৫-১ গোলের এমন জয় সমর্থকদের খুশি করলেও ভবিষ্যতে কতটা ভালো করতে পারবে তা নিয়ে সন্দেহের অবকাশ থেকেই যায়। কারণ দলটার নাম যে আর্সেনাল। ভালো খেলেও হোঁচট খেয়ে পরে যাওয়াটা যে তাদের স্বভাব, গত এক যুগে বারবার দেখিয়েছে তারা!