ফিরে আসছেন ভিয়েরি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রিস্টিয়ান ভিয়েরি
ক্রিস্টিয়ান ভিয়েরি

৪৩ বছর বয়সে একজন ফুটবলার কী করেন? বুট জোড়া তুলে রেখে ডাগআউটে বা অন্য কোনো কাজেই তো তাঁর ব্যস্ত থাকার কথা। ক্রিস্টিয়ান ভিয়েরি পেশাদার ফুটবলকে বিদায় বলে দিয়েছিলেন সাত বছর আগে। সেই ভিয়েরিই মাঠে ফিরছেন। ইতালির সাবেক স্ট্রাইকার খেলতে যাচ্ছেন চীনে।
নিজের সময়ের তো বটেই, ইতালির সর্বকালের অন্যতম সেরা স্ট্রাইকারই মনে করা হয় ভিয়েরিকে। ১৯৯৯ সালে সে সময়ের রেকর্ড ৩ কোটি ২০ লাখ পাউন্ডে লাৎসিও থেকে তাঁকে কিনেছিল ইন্টার মিলান। ভিয়েরি খেলেছেন জুভেন্টাস, অ্যাটলেটিকো, ফিওরেন্টিনার হয়েও।
২০০৬ সালে জাতীয় দল ছেড়েছেন, তিন বছর পর পেশাদার ফুটবল। কিন্তু সবাইকে চমকে দিয়ে কাল ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে ঘোষণা দিলেন, ‘একটা বড় খবর, বোবো (ভিয়েরির ডাকনাম) আবার ফিরছে। চীনে খেলতে যাচ্ছি।’ কিন্তু চীনের কোন ক্লাবে, সেটা জানাননি। পরে জানিয়েছেন নিজের ফিটনেস-সংক্রান্ত হালনাগাদ তথ্য। পাঁচ মাস আগে ওজন ছিল ১০১ কেজি। এখন ১০ কেজি কমিয়েছেন। আরও কেজি দুয়েক কমাতে পারলেই মাঠে ফেরার জন্য তৈরি হয়ে যাবেন। বিবিসি।