ফিরে আসার কোনো সুযোগ আছে কি বার্সার?

ভালোবাসা দিবসে এতটা নির্দয় পিএসজি না হলেও পারত! তাও যে শহরের পরিচিতি ‘সিটি অব লাভ’ হিসেবে, সেই শহরে!
গতকাল চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বের প্রথম লেগে বার্সেলোনার জালে গেল ৪ গোল। ৪-০ এই পরাজয়ের পর ৮ মার্চের ফিরতি লেগটা না খেললেও চলে। কোয়ার্টার ফাইনালে যাওয়ার আশা বাঁচিয়ে রাখতে নিজেদের মাঠে অন্তত ৪ গোল করতে হবে বার্সাকে। বার্সার সেই সামর্থ্য অবশ্যই আছে। এনরিকের দল যদি ৪ গোল করেই ফেলে, তাহলে সেটি চ্যাম্পিয়নস লিগের ইতিহাসেই এক অবিশ্বাস্য প্রত্যাবর্তনের ঘটনা হয়ে থাকবে। চ্যাম্পিয়নস লিগের ইতিহাসেই যে নকআউট পর্বে ৪+ গোলের ঘাটতি পুষিয়ে ফিরে আসার নজির নেই।
কালকের ম্যাচের পর বার্সা–সমর্থকদের নিশ্চয়ই একটাই প্রশ্ন। বার্সা কি পারবে ফিরে আসতে? খেলার মূল মজাটাই এর অনিশ্চয়তায়। কী হবে কে জানে। কাল যে বার্সা অমন এক হালি গোল খাবে, সে তো পিএসজির পাঁড় সমর্থকও ভাবেনি। বার্সা নিজেদের দিনে হয়ে উঠতে পারে ভয়ংকর। সম্ভাবনা তাই অবশ্যই আছে। তবে তাতে পিএসজিকেও ফিরতি লেগে বাজে খেলতে হবে। কালকের খেলা দেখে মনে হলো না, ফিরতি লেগে অতটা বাজে খেলবে এই দল। বরং ন্যু ক্যাম্পে পিএসজি একটা গোল করে ফেললেই বার্সা ৫-১ গোলে জিতলেও ছিটকে পড়বে চ্যাম্পিয়নস লিগ থেকে।
এ–ই যখন সমীকরণ, তখন পরিসংখ্যান বা রেকর্ডেও চোখ রেখে দেখতে পারেন, বার্সার সম্ভাবনা আসলে কতটুকু। জেনে নিন কাল কী অসাধ্যসাধন করেছে পিএসজি:
** চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে কোনো দলই ৪+ গোলের ঘাটতি পূরণ করে পরের রাউন্ডে যেতে পারেনি।
** চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনার জালে ৪ গোল দেওয়া মাত্র ষষ্ঠ দল পিএসজি। এর আগে এই কৃতিত্ব ছিল এসি মিলান, ডায়নামো কিয়েভ, ভ্যালেন্সিয়া, চেলসি ও বায়ার্ন মিউনিখের।
** ১৩ বছর পর বক্সের বাইরে থেকে বার্সার বিপক্ষে জোড়া গোল করলেন কেউ। ডি মারিয়ার দুটি গোলই বক্সের বাইরে থেকে।
** ২০০৮ সালে সেল্টিকের পর কালই পিএসজি প্রথম দল হিসেবে চ্যাম্পিয়নস লিগ নকআউট পর্বের প্রথমার্ধে বার্সার জালে ২ গোল করল।
কালকের ছন্নছাড়া বার্সার চিত্রটা খুঁজে পাওয়া যাবে ম্যাচের এই পরিসংখ্যানগুলো থেকেও:
** পুরো ম্যাচে বার্সা পিএসজির গোলপোস্টে মাত্র একটি শট নিয়েছে। অন্যদিকে বার্সার গোলে ১০টি শট নিয়েছে পিএসজি।
** সব মিলিয়ে ১৬টি গোলের সুযোগ (টোটাল শটস) তৈরি করেছিল পিএসজি। অন্যদিকে বার্সা তৈরি করেছিল ছয়টি।
** পিএসজির বক্সের ভেতরে একবারও নিজের পায়ে বল পাননি মেসি।
** বার্সার একটি প্রচেষ্টা অবশ্য গোলবারে লেগে ফিরে এসেছে।
পরিসংখ্যান সাক্ষী মানলে বলতে পারেন, ফিরতি লেগ খেলার কী দরকার। কাল একজন তো এমনও টুইট করেছেন, পিএসজি ফিরতি লেগ না খেললে উয়েফার নিয়ম অনুযায়ী বার্সাকে ৩-০ গোলে জয়ী ঘোষণা করা হবে। কিন্তু তাতে কিছুই এসে যায় না প্যারিস-জায়ান্টদের। কারণ, তাতেও পরের রাউন্ডে খেলা নিশ্চিত হয় না বার্সেলোনার।