ফিরে আসার পাঁচ গল্প
চ্যাম্পিয়নস লিগে ফিরে আসার নতুন ইতিহাস লিখেছে বার্সেলোনা। প্রথম লেগের ৪-০ গোলের লজ্জা ঘুচিয়ে দ্বিতীয় লেগে পিএসজিকে হারিয়েছে ৬-১ গোলে। ইউরোপের সব প্রতিযোগিতায় এমন আলোচিত আরও পাঁচটি প্রত্যাবর্তনের গল্প দেখা যাক—
লিভারপুল-এসি মিলান, ২০০৫ চ্যাম্পিয়নস লিগ
৪৪ মিনিটে ৩-০-তে পিছিয়ে লিভারপুল। ৫৪ থেকে ৬০—ছয় মিনিটের ঝড়ে ৩ গোল করে সমতা। মহানাটকীয় ফাইনালের শেষটা টাইব্রেকারে, যাতে ৩-২ ব্যবধানে জিতে শিরোপা লিভারপুলের।
ম্যানচেস্টার ইউনাইটেড-বায়ার্ন মিউনিখ, ১৯৯৯ চ্যাম্পিয়নস লিগ
৫ মিনিটে মারিও বেসলারের ফ্রিকিকে এগিয়ে যায় বায়ার্ন। ৯০ মিনিটেও তা আর শোধ হলো না। বায়ার্ন যখন ট্রফি নিয়ে উল্লাসের অপেক্ষায়, যোগ করা সময়ে বেকহামের দুটি কর্নারে দুই বদলি খেলোয়াড়ের গোলে গেল সব উল্টে! ২-১-এ ফাইনাল জিতল ইউনাইটেড!
রিয়াল মাদ্রিদ-মোনাকো, ২০০৪ চ্যাম্পিয়নস লিগ
মাদ্রিদে ৪-২ গোলে হেরে এসেছিল মোনাকো। ফিরতি লেগে ৩৬ মিনিটে রাউলের গোল ব্যবধানটা ৫-২ করে ছিটকেই দিচ্ছিল মোনাকোকে। কিন্তু লুডোভিক জুলির দুটি আর মরিয়েন্তেসের এক গোলে অসম্ভবকে সম্ভব করল মোনাকো, অ্যাওয়ে গোলের সুবিধা নিয়ে চলে গেল সেমিফাইনালে।
বার্সেলোনা-মেটজ, ১৯৮৪ ইউরোপিয়ান কাপ উইনার্স কাপ
শেষ ৩২-এর প্রথম লেগে ঘরের মাঠে বার্সেলোনার কাছে ৪-২ গোলে হেরেছিল মেটজ। ফ্রেঞ্চ টেলিভিশন চ্যানেলগুলো দ্বিতীয় লেগটি সম্প্রচারই করেনি। লাভ কী! দ্বিতীয় লেগেও প্রথমে গোল বার্সার। কিন্তু কুরবোসের হ্যাটট্রিক ও সানচেজ ফিলিপসের আত্মঘাতী গোলে বার্সেলোনাকে চমকে দিয়ে দুই লেগ মিলিয়ে মেটজ জেতে ৬-৫ গোলে!
মিডলসবরো-স্টুয়া বুখারেস্ট, ২০০৬ উয়েফা কাপ
প্রথম লেগে ১-০ গোলে হেরেছিল মিডলসবরো। ঘরের মাঠে দ্বিতীয় লেগে ২৪ মিনিটে ২ গোলে পিছিয়ে পড়েছিল। জিততে হলে ৪ গোল করতে হবে। ম্যাকারোনের জোড়া গোলের পাশাপাশি ভিদুকা ও রিগটের গোলে ঠিক চারটি গোলই করে ফাইনালে চলে যায় ইংলিশ ক্লাবটি। সূত্র: উয়েফাডটকম।