ফিরে আসার ১০ মুহূর্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্যারিসে প্রথম লেগে পিএসজির কাছে ৪-০ গোলে হেরে যাওয়ার পর ন্যু ক্যাম্পে ফিরতি লেগে ৬-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের শেষ আটে পৌঁছেছে বার্সেলোনা। বার্সা-পিএসজির এই লড়াইয়ের প্রতিটি মুহূর্তই স্মৃতিতে উজ্জ্বল হয়ে থাকবে বহুদিন। তবে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ানোর সেরা ১০টি মুহূর্ত দেখে নিন এখানে—

.
.

৩ মিনিট—লুইস সুয়ারেজ
প্রথম লেগে ৪-০ গোলে হারের পর স্কোরলাইনে বার্সেলোনা মাত্রই শূন্যের জায়গায় ‘১’ বসাল বার্সা। রাফিনহার ক্রসটা লুইস সুয়ারেজ জড়িয়ে দিলেন পিএসজির জালে।

.
.

৪০ মিনিট—লেভিন কুরজাওয়া
আন্দ্রেস ইনিয়েস্তার ব্যাক হিল থেকে লেভিন কুরজাওয়ার আত্মঘাতী গোল। ৪ গোলের অগ্রগামিতার অর্ধেকই পিএসজি হারিয়ে ফেলল প্রথমার্ধে। চাপে উনাই এমেরির দল।

.
.

৫০ মিনিট—লিওনেল মেসি
নেইমারকে আটকানোর চেষ্টায় কত কিছুই না করলেন থমাস মুনিয়ের। প্রথমে পাশ থেকে ট্যাকল করতে চাইলেন, তাতে ব্যর্থ হয়ে মাটিতে শুইয়ে আটকে দিলেন নেইমারকে। ব্রাজিল ফরোয়ার্ডের আদায় করা পেনাল্টি থেকে স্কোরলাইন ৩-০ করে ফেললেন লিওনেল মেসি।

.
.

৫২ মিনিট—এডিনসন কাভানি
দুই লেগ মিলিয়ে বার্সা তখনো ৩-৪ গোলে পিছিয়ে। মুনিয়েরের ক্রসে বার্সা সমর্থকদের আত্মা কাঁপিয়ে দিলের এডিনসন কাভানি। পিএসজি স্ট্রাইকারের শটটা পোস্টে লেগে ফিরে এল।

.
.

 ৬২ মিনিট—কাভানি
এবার আর হাতছাড়া হয়নি। ভেরেত্তির ফ্রি-কিকটা হেড করেছিলেন কুরজাওয়া। কিন্তু বল জাল খুঁজে পেল কাভানির শটে। মহামূল্যবান অ্যাওয়ে গোল! সমীকরণটা বদলে গেল মুহূর্তেই! বার্সার তখন করতে হবে কমপক্ষে আরও তিন গোল!

.
.

৬৪ মিনিট—মার্ক আন্দ্রে টের স্টেগেন
আবারও কাভানি কাঁপিয়ে দিলেন ন্যু ক্যাম্প। তবে উরুগুয়ের পিএসজির স্ট্রাইকারের সামনে দেয়াল হয়ে দাঁড়ালেন টের স্টেগেন। দুর্দান্ত সেভ বার্সা গোলরক্ষকের।

.
.

৮৫ মিনিট—অ্যাঙ্গেল ডি মারিয়া
লক্ষ্যভেদ করতে পারলেন না ডি মারিয়া। অবশ্য তাঁর দাবি, হাভিয়ের মাচেরানো তাঁকে ফাউল করেছে।

.
.

৮৮ মিনিট—নেইমার
৮৭ মিনিট পর্যন্ত বার্সার তিন গোলের ঘাটতি। তখনই রূপকথার মঞ্চায়ন আর সেটি নেইমারের হাত ধরে। অ্যাঙ্গেল ডি মারিয়া ফাউল করলেন নেইমারকে। ব্রাজিলের সেনসেশনের দুর্দান্ত এক ফ্রি কিক থেকে ব্যবধান কমল বার্সার। গোল চাই আরও দুটি।

.
.

 ৯১ মিনিট—নেইমার
বক্সে মার্কিনহোস ফাউল করলেন সুয়ারেজকে। পেনাল্টি পেল বার্সা। পেনাল্টি থেকে গোল করে দুই লেগে সমতা আনলেন নেইমার। এবার চাই জয়সূচক গোল। কিন্তু সময় যে ফুরিয়ে আসছে!

.
.

৯৫ মিনিট—সার্জি রবার্তো
যোগ করা সময় প্রায় শেষ। ঠিক ৯৫ মিনিটে নেইমারের দুর্দান্ত ফ্রি কিকে নিখুঁত ফ্লিক সার্জি রবার্তোর! মিলে গেল সমীকরণ। তাতে লেখা হলো ঘুরে দাঁড়ানোর অবিশ্বাস্য গল্প।