ফিরে এল না রূপকথা!
লিভারপুলের রাতটি যেন মনে করিয়ে দিচ্ছিল ইস্তাম্বুলের সেই রাতকে। প্রথমার্ধেই ৩ গোলে এগিয়ে ছিল এসি মিলান, অনায়াস একটা জয়ই দেখছিল আনচেলত্তির দল। অনেকে ম্যাচ শেষ ভেবে টিভি বন্ধ করে হয়তো ঘুমিয়েও পড়েছিলেন। কিন্তু এরপর যেটা হলো, সে রকম শুধু রূপকথাতেই ঘটে। ৩ গোল ফিরিয়ে দিয়ে লিভারপুল ম্যাচটা নিয়ে যায় টাইব্রেকারে, পরে শিরোপাও জেতে।
পরশু যখন ৪১ মিনিটেই রিয়াল মাদ্রিদ ৩ গোলে এগিয়ে গেল, ৯ বছর আগেকার ইস্তাম্বুলের সেই রাতটির কথা নিশ্চিত করেই মনে পড়ে গিয়েছিল রিয়ালের ইতালিয়ান কোচের। কে জানে, হয়তো মনে পড়ে গিয়েছিল এখন লিভারপুলে রাফায়েল বেনিতেজের উত্তরসূরি ব্রেন্ডন রজার্সেরও। সেই রাতেও লিভারপুলের বিপক্ষে এমন সময়েই ৩-০ গোলে এগিয়ে গিয়ে ম্যাচটি প্রায় শেষ করে দিয়েছিল মিলান। কিন্তু তারপরই তৈরি হলো ফুটবলের এক রূপকথা।
অবশ্য রূপকথা তো আর প্রতিদিন হয় না, আর সেই লিভারপুলও তো এই লিভারপুল নয়। ১০ বারের ইউরোপ-সেরা রিয়াল মাদ্রিদ পাঁচবারের সেরাদের ঘুরে দাঁড়ানোর কোনো সুযোগই দেয়নি। ম্যাচটা তাই ৩ গোলেই শেষ হলো। ক্রিস্টিয়ানো রোনালদো কাটালেন অ্যানফিল্ড-ফাঁড়াও। ছয়বারের চেষ্টায় লিভারপুলের মাঠে নিজের প্রথম গোল পেলেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড। দুর্দান্ত সেই গোল। আর এতে লিওনেল মেসিকে এক গোলে টপকে চ্যাম্পিয়নস লিগের সর্বোচ্চ গোলদাতা রাউল গঞ্জালেসের আরও কাছে চলে গেলেন। রাউলের গোল ৭১, রোনালদোর হলো ৭০। কে বলতে পারত আনচেলত্তি ৭৫ মিনিটে তাঁকে তুলে না নিলে এ ম্যাচেই রাউলকে ছুঁয়ে ফেলতে পারতেন না পর্তুগিজ তারকা? তবে জোড়া গোল করে এ ম্যাচে রোনালদোকে ছাপিয়ে গেছেন করিম বেনজেমা। হেডে করা ফ্রেঞ্চ স্ট্রাইকারের প্রথম গোলটাও ছিল অসাধারণ।
সব বড় দলের ভাগ্য অবশ্য রিয়ালের মতো সুপ্রসন্ন হয়নি। ঘরোয়া লিগে অপ্রতিরোধ্য হলেও চ্যাম্পিয়নস লিগে একদমই সুবিধা করতে পারছে না জুভেন্টাস, প্রথম ম্যাচে স্প্যানিশ চ্যাম্পিয়ন অ্যাটলেটিকোকে হারানো অলিম্পিয়াকস পরশু হারিয়ে দিয়েছে ইতালিয়ান চ্যাম্পিয়নদের। এমন ভাগ্য বরণ করতে যাচ্ছিল আর্সেনালও, তবে শেষ মুহূর্তের জোড়া গোলে আন্ডারলেখটের সঙ্গে জিততে পেরেছে তারা। বড় জয় পেয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ ও বরুসিয়া ডর্টমুন্ড। নিজেদের মাঠে সুইডিশ ক্লাব মালমোকে ৫-০ গোলে হারিয়েছে গতবারের ফাইনালিস্টরা। দুই মিনিটের মধ্যে ২ গোল করে চ্যাম্পিয়নস লিগের ২৩ ম্যাচে নিজের গোলসংখ্যা ১৯ করে ফেললেন অ্যাটলেটিকোর ক্রোয়েশিয়ান স্ট্রাইকার মারিও মানজুকিচ। বুন্দেসলিগায় ধুঁকতে থাকা ডর্টমুন্ড চ্যাম্পিয়নস লিগে পুরোপুরিই অন্য রকম। ইস্তাম্বুলে অবামেয়াংয়ের ২ এবং রয়েস ও রামোসের ১ গোলের সৌজন্যে চারবার গোল-উৎসব করেছে গ্যালাতাসারাইয়ের বিপক্ষে। তুর্কি দলটির সঙ্গে ঘরের মাঠে ফিরতি ম্যাচটি জিতলেই ডর্টমুন্ড হয়তো উঠে যাবে নকআউট পর্বে। আগের দিনের মতো না হলেও পরশুর রাতটাও অনেক গোলের সাক্ষী, এ রাতে ৮ ম্যাচে ১৯ গোল দেখেছে চ্যাম্পিয়নস লিগ।
সুয়ারেজহীন লিভারপুল যে সেই লিভারপুল নেই, রজার্স নিশ্চয়ই সেটি টের পাচ্ছেন? তবে অলরেডদের কোচ রিয়ালের শ্রেষ্ঠত্ব স্বীকার করেও নিজেদের দোষ ঢাকার চেষ্টা করেননি, ‘রিয়ালের খেলা দেখুন, গতি-টেকনিক কী নেই! ওরা কেন চ্যাম্পিয়ন সেটা দেখিয়ে দিয়েছে। পরের দুটি গোল আমরা সেট পিস থেকে খেয়েছি। এটা অবশ্যই উদ্বেগের ব্যাপার, আমাদের আরও ভালো করতে হবে এখানে।’
৮৯ মিনিট ও যোগ করা সময়ে গিবস ও পোডলস্কির গোল দুটি না হলে আর্সেনাল পরশু হেরেও যেতে পারত। ৭১ মিনিটে নাজারের গোলে জয়ই দেখছিল আন্ডারলেখট। দারুণ কিছু সুযোগ হেলায় হারিয়ে বেলজিয়ামের ক্লাবটি আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গারের জন্মদিনের আনন্দ মাটি হতে দেয়নি! এএফপি, রয়টার্স।
এক নজরে
লিভারপুল ০ : ৩ রিয়াল মাদ্রিদ
আন্ডারলেখট ১ : ২ আর্সেনাল
অলিম্পিয়াকস ১ : ০ জুভেন্টাস
অ্যাটলেটিকো ৫ : ০ মালমো
গ্যালাতাসারাই ০ : ৪ ডর্টমুন্ড
লেভারকুসেন ২ : ০ জেনিত
মোনাকো ০ : ০ বেনফিকা
লুদোগোরেৎস ১ : ০ বাসেল
* শুরুতে স্বাগতিক দল