ফিরে দেখা ৩৬ ম্যাচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

দেখতে দেখতে ১৩ দিন হয়ে গেল। আনন্দ-বেদনা-রোমাঞ্চ-শিহরণ কম দেখেনি ইউরোর গ্রুপ পর্ব

ছোটদের জয়জয়কার
র্যাঙ্কিংয়ের হিসাব এক পাশে সরিয়ে রাখুন, ঐতিহ্য-ইতিহাসও ভুলে যান। এবারের ইউরোতে ছোট-বড় দলের সমীকরণটাই যেন মুছে যেতে বসেছে। ৩ লাখ ৩০ হাজার লোকের ‘ছোট্ট’ আইসল্যান্ডও দাপটের সঙ্গে পরের পর্বে উঠেছে। প্রথমবার খেলতে এসে নকআউট পর্বে উঠেছে উত্তর আয়ারল্যান্ড, ওয়েলস। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের কোনো খেলোয়াড় ছাড়াই সবাইকে চমকে দিয়েছে হাঙ্গেরি। অথচ রাশিয়া, সুইডেন, চেক প্রজাতন্ত্রের মতো পুরোনো শক্তিগুলোর বিদায় হয়েছে গ্রুপ পর্বেই।
ড্রয়ের মারপ্যাঁচ
প্রথমবারের মতো ২৪ দলের ইউরো। সেখান থেকে আবার ১৬টি দলকে নিয়ে নকআউট পর্ব। তার মানে, তৃতীয় হয়েও চারটি দল যাচ্ছে পরের পর্বে। ড্রয়ের চক্করে শেষ ষোলোতেই মুখোমুখি হচ্ছে ইতালি-স্পেন। ইতালি, স্পেন, জার্মানি, ফ্রান্স, ইংল্যান্ড—এই বড় দলগুলোর মধ্যে মাত্র দুটি দল খেলতে পারবে সেমিফাইনালে। বেলজিয়াম, পর্তুগাল, ক্রোয়েশিয়া চলে যেতে পারে ফাইনালে। তৃতীয় হওয়ার লড়াইয়ে কপাল পুড়েছে তুরস্ক ও আলবেনিয়ার। পর্তুগাল ও উত্তর আয়ারল্যান্ডের সমান ৩ পয়েন্ট নিয়েও তারা বাদ পড়ে গেছে গোল ব্যবধানে।
গোল নিয়ে গোলমাল
দলগুলোর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা বাড়ছে, ব্যবধান কমছে। কিন্তু গোল করাও হয়ে গেছে কঠিন। গ্রুপ পর্বে ৩৬ ম্যাচে ৬৯ গোল হয়েছে। ম্যাচপ্রতি গোল হয়েছে ১.৯২টি। ১৯৯৬ ইউরোর পর কোনো বিশ্বকাপ বা ইউরোতে এটাই গ্রুপ পর্যায়ে সবচেয়ে কম গোল। দুটি ম্যাচ গোলশূন্য ড্র হয়েছে, তিনের বেশি গোল হয়েছে মাত্র দুটি ম্যাচে। আর এক ম্যাচে পাঁচের বেশি গোল হয়েছে পর্তুগাল-হাঙ্গেরি ম্যাচে। জার্মানি, ইতালি, ফ্রান্সের মতো দল দুইয়ের বেশি গোলই করতে পারেনি। মাঠের বেহাল দশা, অতিবৃষ্টি—এসবের হয়তো কিছুটা ভূমিকা আছ। তবে লম্বা মৌসুম শেষে খেলোয়াড়দের ক্লান্তিকেও উপেক্ষা করা যাচ্ছে না।
বিবর্ণ তাঁরা
টুর্নামেন্টে সোনার বুট পাওয়ার লড়াইয়ে যাঁদের পক্ষে বাজি ধরা হয়েছে সবচেয়ে বেশি, তাঁরাই ব্যর্থ। গ্রুপ পর্ব শেষে রবার্ট লেভানডফস্কি, টমাস মুলার, হ্যারি কেনরা একটা গোলও পাবেন না, সেটা কজন অনুমান করতে পেরেছিলেন! হাঙ্গেরির বিপক্ষে জ্বলে না উঠলে ক্রিস্টিয়ানো রোনালদোকেও গোল ছাড়াই সন্তুষ্ট থাকতে হতো। তিন গোল করে গোল্ডেন বুটের লড়াইয়ে এগিয়ে রোনালদোরই ক্লাব সতীর্থ ওয়েলসের গ্যারেথ বেল। তিন গোল নিয়ে বেলের সঙ্গে লড়াই মাত্রই রিয়ালে ফিরে আসা স্পেনের আলভারো মোরাতার।
অন্য ত্রাস
উগ্র জঙ্গিগোষ্ঠী ইউরোতে হামলা করতে পারে, এমন আশঙ্কা ছিল শুরুর আগে। কিন্তু হুমকিটা এল অন্য দিক থেকে, দাঙ্গাবাজ সমর্থকদের সামলাতেই নাভিশ্বাস উঠে গেছে ফ্রেঞ্চ পুলিশের। রাশিয়া-ইংল্যান্ড ম্যাচের আগে তো রীতিমতো ‘যুদ্ধই’ হয়ে গেছে। ওই ম্যাচের পর রাশিয়াকে চূড়ান্ত সতর্ক করে দেওয়া হয়েছিল যে ঘটনার পুনরাবৃত্তি হলে রাশিয়াকেই ইউরো থেকে বাদ দেওয়া হবে। পরে অবশ্য পরিস্থিতির অবনতি হয়নি। মাঠের মধ্যে আতশবাজি ছুড়ে মেরেছেন ক্রোয়েশিয়ার সমর্থকেরা, মডরিচদের কাকুতি-মিনতি করেই তাঁদের শান্ত করতে হয়েছে।
অদ্ভুত সব কাণ্ড
আজগুবি সব কাণ্ডও কম দেখেনি এবারের ইউরো। সবচেয়ে বেশি হয়েছে বোধ হয় ফ্রান্স-সুইজারল্যান্ড ম্যাচে। ওই দিন এক ম্যাচে অন্তত চারটি শার্ট ছিঁড়েছে সুইস খেলোয়াড়দের। ফেটে গেছে বল।