ফিরেই ইব্রার হ্যাটট্রিক

কখনো শুধু সংখ্যা দিয়ে কারও কারও মহিমা বোঝা যায় না। জ্লাতান ইব্রাহিমোভিচের কথাই ধরুন। গোল করতে পিএসজির সুইডিশ স্ট্রাইকারের একটুও অরুচি নেই। বরং ইব্রার রুচিবোধ সব সময়ই অনেক উঁচু তারে বাঁধা। তাই কতগুলো গোল করেছেন সেটি দিয়েই শুধু নয়, কীভাবে গোল করেছেন সেটি দিয়েও তাঁকে বিচার করতে হবে। গত বছর চ্যাম্পিয়নস লিগে অ্যান্ডারলেখট দেখেছিল তাঁর রুদ্ররূপ। চার গোল করেছিলেন সেদিন, প্রতিটিই চোখ ধাঁধিয়ে দেওয়া।
পরশু সেঁত এতিয়েনের সঙ্গে হ্যাটট্রিকটা সে রকম হয়নি। প্রথম গোলের হেডটা অবশ্য দারুণ ছিল। ম্যাক্সওয়েলের ক্রসটাকে মাথা দিয়ে যেন চাবুক মেরেছিলেন। পরেরটা প্রতিপক্ষ ডিফেন্ডারের ভুল পাসে পাওয়া। আর শেষ গোলটাও ছিল তাঁর জন্য সহজ একটা ফিনিশিংয়ে। মাত্রই চোট থেকে ফিরেছেন, নেমেই হ্যাটট্রিক। পিএসজিও পেয়েছে ৫-০ গোলের সহজ জয়। কিন্তু হ্যাটট্রিক পেলেও যেন ঠিক তাঁর মতো হয়নি, তাই খুব একটা উচ্ছ্বাস নেই কণ্ঠে, ‘চোট থেকে সেরে উঠছি। আমি এখনো শতভাগ ফিরে পাইনি। তবে আমি নিজের সর্বোচ্চ চেষ্টাই করেছি।’ পিএসজির অন্য গোলটি করেছেন এডিনসন কাভানি, আরেকটি আত্মঘাতী।
ইব্রা ফিরেছেন, পিএসজিও ফিরেছে জয়ের ধারায়। ফ্রেঞ্চ ক্লাবটির কোচ লঁরা ব্লাঁর দৃষ্টিতে ব্যাপারটা সরল, ‘এটা স্বাভাবিক। যখন আপনি ভালো একজন খেলোয়াড়কে পাবেন আপনি ভালো খেলবেন। ওকে পেলে আমরা আরও ভালো একটা দল, ওর উপস্থিতিও তাই গুরুত্বপূর্ণ।’ তবে সেঁত এতিয়েন কোচই আসল ‘প্রশংসাপত্র’ দিয়েছেন ইব্রাকে, ‘আমি বলেছিলাম, আমি ওকে ফিরে আসতে দেখতে চাই। কিন্তু ও গোল করুক, এটা আমি চাইনি।’
ইব্রা তো হ্যাটট্রিক করেছেন, মৌসুমের শুভসূচনা করেছে তাঁর পুরোনো ক্লাব এসি মিলানও। লাৎসিওর সঙ্গে ৩-১ গোলের জয় দিয়ে অভিষেক হয়েছে মিলানের নতুন কোচ ফিলিপ্পো ইনজাগির। গোল করেছেন কেইসুকে হোন্ডা, সুলে মুনতারি ও জেরেমি মেনেজ। এএফপি।