ফিরেই হ্যাটট্রিক ডেম্পসির
সমস্যা ছিল তাঁর হৃদ্যন্ত্রে, সেটি নিয়ে নিজের সঙ্গে নিজেরই ‘মস্তিষ্ক-যুদ্ধ’ চলত ক্লিন্ট ডেম্পসির। এক সাক্ষাৎকারে বলেছিলেনও, ‘মাঝেমধ্যে সংশয়ে পড়ে যাই, আর কখনো সুস্থ হতে পারব কি না!’
হৃদ্যন্ত্রে অনিয়মিত হৃৎস্পন্দনের সমস্যা কাটিয়ে ঠিকই সুস্থ হয়েছেন ৩৪ বছর বয়সী যুক্তরাষ্ট্র ফরোয়ার্ড। সাত মাস পর পরশু প্রথমবারের মতো খেলেছেনও যুক্তরাষ্ট্র দলে। ফেরাটা কী দুর্দান্তভাবেই না রাঙালেন! হ্যাটট্রিক করেছেন, তাতে কনক্যাকাফ অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে হন্ডুরাসকে ৬-০ গোলে হারিয়েছে যুক্তরাষ্ট্র।
অন্য ম্যাচে কোস্টারিকাকে ২-০ গোলে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে মেক্সিকো। ম্যাচে এক গোল করে মেক্সিকোর সবচেয়ে বেশি গোলের রেকর্ড ছুঁয়েছেন হাভিয়ের ‘চিচারিতো’ হার্নান্দেজ, ৪৬ গোল করে নাম লিখিয়েছেন ফ্রান্সিসকো বোরগেত্তির পাশে।
যুক্তরাষ্ট্রের ম্যাচটা ছিল কোচ ব্রুস অ্যারেনার দ্বিতীয় মেয়াদে ‘অভিষেক’। তাতে ডেম্পসির পাশাপাশি জ্বলে উঠেছেন তরুণ ক্রিস্টিয়ান পিউলিসিচও। একটি গোল করার পাশাপাশি করিয়েছেন দুটি। এই জয়ের পরও যুক্তরাষ্ট্র এখনো তালিকার চারে আছে। কনক্যাকাফ থেকে সরাসরি বিশ্বকাপে যেতে পারে তিনটি দল, চতুর্থ দলটিকে খেলতে হয় প্লে-অফে। রয়টার্স।