ফিলিপাইনের ক্লাবের কাছেও হার শেখ জামালের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 সপ্তাহ দুয়েক আগে সিঙ্গাপুরে সিঙ্গাপুরের ক্লাব টেম্পাইন রোভার্সের কাছে ৪-০ গোলে হেরেছিল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। এএফসি কাপের চূড়ান্ত পর্বের দ্বিতীয় ম্যাচেও হেরেছে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা। অাজ বঙ্গবন্ধু স্টেডিয়ামে শেখ জামালকে ২-০ গোলে হারিয়েছে ফিলিপাইনের ক্লাব সেরেস লা সাল্লে।

ওয়েডসন, ল্যান্ডিং, এমেকা-এই তিন বিদেশিকে বাদ দিলে প্রায় জাতীয় দলের মোড়কে ঘেরা শেখ জামাল একাদশে খেলেছেন তপু বর্মণ, কেষ্ট কুমার, ইয়ামিন মুন্না, জামাল ভূঁইয়া, সোহেল রানা, শহীদুল আলম সোহেল। কিন্তু স্থানীয় ফুটবলারদের শরীরী ভাষায় জয়-ক্ষুধার অভাব বড্ড চোখে পড়ল। এই ম্যাচে যা একটু গোলের জন্য চেষ্টা করেছেন তিন বিদেশি ওয়েডসন, এমেকা আর ল্যান্ডিং।
প্রথমার্ধের মিনিট বিশেক বল ছিল শেখ জামালের পায়ে। কিন্তু ধীরে ধীরে খেলার নিয়ন্ত্রণ নিয়েছে ফিলিপাইনের লিগ চ্যাম্পিয়ন সেরেস লা সাল্লে। ম্যাচের ২৬ মিনিটে আদ্রিয়ান গালার্দোর গোলে প্রথমে এগিয়ে যায় অতিথি দলটি। বক্সের ভেতরে জোরালো শটে আদ্রিয়ান বল পাঠান জালে। ২৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেছেন সেই আদ্রিয়ানই। বক্সের ডান পাশ থেকে পাওয়া বলে ঠান্ডা মাথায় দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে করেছেন দ্বিতীয় গোল।
ম্যাচের ৪৩ মিনিটে গোল শোধের একটা ভালো সুযোগ পেয়েছিল শেখ জামাল। বক্সের সামান্য বাইরে থেকে ওয়েডসনের ফ্রি কিক, ইয়াসিন হেড দিলেও সেটা ফিরিয়ে দেন সেরেস লা সাল্লের গোলরক্ষক লুই মিসেল। মড়ার উপর খাঁড়ার ঘায়ের মতো ম্যাচের ৭৮ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ইয়াসিন। বাকি সময়ে অবশ্য ১০ জনের দলকেও আর কোনো গোল করতে পারেনি সেরেস লা সাল্লে।
শেখ জামাল ‘ই’ গ্রুপে নিজেদের তৃতীয় ম্যাচটি খেলবে ১৫ মার্চ। বঙ্গবন্ধু স্টেডিয়ামে ওই ম্যাচে বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ মালয়েশিয়ার ক্লাব সেলাঙ্গর এফএ।