ফিলিস্তিন ও কিরগিজস্তানের সঙ্গে খেলবে বাংলাদেশ
৩০ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত ফিফা প্রীতি ম্যাচ খেলার সুযোগ আছে সব দেশের সামনে। করোনা পরিস্থিতিতে সেই সুযোগ কাজে লাগাতে হিমশিম খাচ্ছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। কারণ, বেশ কয়েকটি দেশই ‘না’ বলে দেয় বাংলাদেশকে।
তবে শেষ পর্যন্ত এই ফিফা সূচিতে এক–দুটি নয়, জামাল ভূঁইয়াদের জন্য তিন-তিনটি ম্যাচের ব্যবস্থা করেছে বাফুফে, যার মধ্যে দুটি পূর্ণাঙ্গ ফিফা প্রীতি ম্যাচ।
৫ সেপ্টেম্বর কিরগিজস্তানের মাটিতে ফিলিস্তিনের সঙ্গে প্রথম ম্যাচটি খেলবে বাংলাদেশ। একই ভেন্যুতে ৭ সেপ্টেম্বর কিরগিজস্তান জাতীয় দল ও ৯ সেপ্টেম্বর কিরগিজ অনূর্ধ্ব-২৩ দলের সঙ্গে ম্যাচ খেলবে লাল-সবুজের দল।
আজ বাফুফের জাতীয় দল কমিটির সভা শেষে ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন বাফুফের জাতীয় দল কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ।
এই তিন প্রীতি ম্যাচ বাংলাদেশের সাফ প্রস্তুতিতে কাজে লাগবে বলে মনে করেন জেমি ডে। আগামী ১ অক্টোবর মালদ্বীপে শুরু হবে সাফ টুর্নামেন্ট।
২৭ আগস্ট পর্যন্ত প্রিমিয়ার লিগ চলবে। কিরগিজস্তান সফরের জন্য জাতীয় দলের কার্যক্রম শুরু হবে এর পরপরই। তবে ঠিক কবে শুরু হবে, দিন নির্দিষ্ট করে জানানো হয়নি।
জাতীয় দলের কোচ জেমি ডে ঢাকায় চলে এসেছেন আজ সকালে। আজকের অনলাইন সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে জেমি বলেন, ‘কিরগিজস্তানের মাটিতে জাতীয় দল তিনটি ম্যাচ খেলবে, যা অক্টোবরে হতে যাওয়া সাফের প্রস্তুতিতে ভালোই কাজে আসবে। আমরা এই সুযোগ ভালোভাবে কাজে লাগাতে চাইব।’
আগামী ১-১৩ অক্টোবর মালদ্বীপের রাজধানী মালেতে হতে যাচ্ছে ‘দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ’খ্যাত সাফ টুর্নামেন্ট। এবার সাফ হবে পাঁচ দলের। ভুটান সিদ্ধান্ত জানাতে তিন দিন সময় নিয়েছিল। শেষ পর্যন্ত আগামী সাফে না খেলার কথাই জানিয়েছে তারা।
পাঁচ দলের সাফে একে অন্যের সঙ্গে লিগভিত্তিক খেলা শেষে শীর্ষ দুটি দল উঠবে ফাইনালে। সে ক্ষেত্রে প্রতিটি দল অন্তত চারটি ম্যাচ খেলবে সাফে।