ফিলিস্তিনের কোচ হচ্ছেন না ম্যারাডোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উড়ো খবর শেষ পর্যন্ত উড়ে গেল ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি জিবরিল রাজুবের বিবৃতিতে। ফিলিস্তিনের কোচ হচ্ছেন ডিয়েগো ম্যারাডোনা, আরব গণমাধ্যমগুলোর এমন খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন তিনি।
এই মুহূর্তে ফিলিস্তিনকে ভাবা হচ্ছে এশিয়ান ফুটবলের অন্যতম উদীয়মান শক্তি। সম্প্রতি এএফসি চ্যালেঞ্জ কাপে চ্যাম্পিয়ন হয়ে ২০১৫ এশিয়ান কাপের মূল পর্বে নাম লিখিয়েছে ফিলিস্তিন। মধ্যপ্রাচ্যের পত্র-পত্রিকাগুলোয় সম্প্রতি চাউর হয়ে যায়, এশিয়ান কাপে ভালো ফলের লক্ষ্যে ম্যারাডোনাকে জাতীয় দলের কোচ নিয়োগ দেওয়ার চিন্তাভাবনা করছে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন। এমনকি আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তির সঙ্গে প্রাথমিক কথাবার্তাও নাকি শুরু করে দিয়েছে ফিলিস্তিন ফুটবল সংস্থা। কয়েক সপ্তাহ আগে ফিলিস্তিন দলের কোচের পদত্যাগে শক্ত ভিত্তি পেয়েছিল অনুমানটি। এদিকে সম্প্রতি গাজায় শান্তি প্রতিষ্ঠার পোপের আহ্বানে একটি প্রীতি ম্যাচেও খেলেছেন ম্যারাডোনা। আরব গণমাধ্যমগুলো চেষ্টা করেছিল দুইয়ে দুইয়ে চার মেলানোরই। কিন্তু পিএফএর সভাপতির আনুষ্ঠানিক বিবৃতিতে শেষ পর্যন্ত কর্পূরের মতো উবে গেল সব জল্পনা। এএফপি।