ফিলিস্তিনের কোচ হচ্ছেন ম্যারাডোনা?

যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের কোচ হতে যাচ্ছেন ডিয়েগো ম্যারাডোনা? মধ্যপ্রাচ্যের পত্রপত্রিকাগুয়োয় সম্প্রতি এমনই একটা খবর চাউর হয়েছে। পত্রিকাগুলো দাবি করছে, জাতীয় ফুটবল দলের কোচ করার ব্যাপারে আর্জেন্টাইন এই ফুটবল কিংবদন্তির সঙ্গে নাকি প্রাথমিক কথাবার্তা শুরু করেছে ফিলিস্তিন ফুটবল সংস্থা।
এএফসি চ্যালেঞ্জ কাপে চ্যাম্পিয়ন হয়ে কিছু দিন আগেই এশিয়ান কাপ প্রতিযোগিতায় নাম লিখিয়েছে ফিলিস্তিন। ২০১৫ সালে অস্ট্রেলিয়াতে অনুষ্ঠিত হবে এশিয়ান কাপ। এই মুহূর্তে ফিলিস্তিনকে এশিয়ান ফুটবলের অন্যতম উদীয়মান শক্তি হিসেবে ধরা হচ্ছে। এশিয়ান কাপে ভালো ফলের লক্ষ্য নিয়েই ম্যারাডোনাকে কোচ হিসেবে নিয়োগ দেওয়ার চিন্তাভাবনা চলছে বলে জানা গেছে।
১৯৮৬ সালে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো ম্যারাডোনা ২০০৮ থেকে ২০১০ সাল পর্যন্ত আর্জেন্টিনার জাতীয় দলেরও কোচের দায়িত্ব পালন করেন। খেলোয়াড় হিসেবে দেশকে সাফল্য উপহার দিলেও কোচ হিসেবে তিনি কিছুই করতে পারেননি। ২০১০ সালের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে তাঁর অধীনে আর্জেন্টিনার বিদায় হয় কোয়ার্টার ফাইনাল থেকে, তাও আবার জার্মানির বিপক্ষে ৪-০ গোলে বিধ্বস্ত হয়ে। বিশ্বকাপের পরপরই কোচের পদ থেকে পদত্যাগ করেন এই ফুটবল-কিংবদন্তি।
আর্জেন্টিনা জাতীয় দল থেকে পদত্যাগ করে ম্যারাডোনা মধ্যপ্রাচ্যে শুরু করেন কোচিং-অধ্যায়। তবে আল-ওয়াসল ক্লাবের কোচ হিসেবেও খুব একটা সাফল্য পাননি। পরে কোচের পদ থেকে বিদায় নিয়ে তিনি একই ক্লাবের অন্য একটি শীর্ষ পদে কাজ করেন।
সম্প্রতি গাজায় শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে আয়োজন করা পোপের প্রীতিম্যাচটিতেও খেলেছেন ম্যারাডোনা। ফিলিস্তিনের প্রতি নিজের সমর্থন ও সমবেদনার কথা অনেকবারই বলেছেন। হয়তো এই সম্পর্কটি আরও গাঢ় হতে চলেছে। সূত্র: জেরুজালেম পোস্ট।