ফুটবল আর কত নিচে নামলে...

ভুটানের কাছে লজ্জাজনক হার হতবিহ্বল করে দিয়েছে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের। এ দেশের ফুটবল ইতিহাসের সবচেয়ে বাজে পরাজয়ের পর ক্ষুব্ধ ফুটবলপ্রেমীরা তাঁদের ক্ষোভ প্রকাশ করছেন। গতকাল সন্ধ্যা থেকেই সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোয় ছড়িয়ে পড়েছে ক্ষোভের আগুন। অনেকেই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্তাব্যক্তিদের ব্যর্থতাকেই এই বিপর্যয়ের কারণ বলছেন। ফুটবলপ্রেমীদের ক্ষোভের লক্ষ্যবস্তু হয়েছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনও। তাঁদের মতে, দীর্ঘ মেয়াদি পরিকল্পনার অভাব, দেশের শীর্ষ ক্লাবগুলোর স্বেচ্ছাচারিতা, ফুটবল সংগঠকদের অযোগ্যতার কারণেই ভুটানের মতো দলের কাছেও হারের লজ্জা মাথা পেতে নিতে হচ্ছে।
প্রথম আলোর অনলাইনে গতকাল সন্ধ্যায় ভুটানের বিপক্ষে হারের সংবাদটি প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গেই ক্ষুব্ধ পাঠকেরা বিভিন্ন মন্তব্যে করতে থাকেন। কিছু পাঠকের মন্তব্যে উঠে আসে দেশের ফুটবল নিয়ে তাঁদের হাহাকার। কিছু পাঠকের মন্তব্যে তীব্র ক্ষোভ। আবার কেউ কেউ দেশের ফুটবলকে ঢেলে সাজানোর দাবি তুলেছেন। প্রকাশ-অযোগ্য মন্তব্যগুলো বাদ দিয়ে ছোট-খাট সম্পাদনার পর ৪৩টি মন্তব্য প্রকাশিত প্রতিবেদনটির নিচে জুড়ে দেওয়া হয়েছে। সবগুলো মন্তব্যই কিন্তু ফুটবলের প্রতি দেশের খেলাপ্রেমী মানুষের ভালোবাসার এক-একটি আখ্যান।
শাহীন মোস্তফার ক্ষোভ বাফুফের ওপরই। তাঁর মতে, উপজেলা ও স্কুল পর্যায় থেকে খেলোয়াড় তৈরির কার্যক্রম হাতে না নিলে এমন ফলই অনিবার্য। ভুটানের বিপক্ষে হার সম্বন্ধে তাঁর মন্তব্য, ‘এর চেয়ে খারাপ কিছু আর হতে পারে না।’
গোলাম মামুন চৌধুরী একটু আবেগপ্রবণ হয়েই বলেছেন, ‘পুরুষ ফুটবল দলকে ৫ বছরের জন্য নিষিদ্ধ করা হোক।’ তিনি বয়স-ভিত্তিক দলগুলো ও নারী ফুটবল দলের পেছনে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন। তিনি ক্ষোভের সঙ্গে লিখেছেন, ‘জাতীয় দলটি শুধু আমাদের দেশ ও জাতিকে হতাশা ও অসম্মানই করে যাচ্ছে।’
রাকিব লিখেছেন, ‘অনেক হয়েছে আর না। আমরা বরং পুরোনো দিনের স্মৃতিচারণ করেই ভালো থাকব।’
বাফুফের কর্তাব্যক্তিদের ওপর ক্ষোভ ঝেড়েছেন এমএম বুলবুল। তিনি জানতে চেয়েছেন আর কত নিচে নামলে ফুটবলের সঙ্গে জড়িত কর্তা-ব্যক্তিদের বোধোদয় হবে! জাহানের ক্ষোভ বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের ওপর, ‘তাঁর মুখে কেবল বড় বড় কথা শুনি। কাজের কিছুই দেখি না।’ মোহাম্মদ খান ক্ষোভ আবার দুষছেন বর্তমান খেলোয়াড়দের, ‘ এখন যারা আছে, তাদের পেছনে অর্থ-সম্পদ নষ্ট করার কোনো অধিকার বাফুফের নেই।’
জাহিদুল দুঃখ করে লিখেছেন, ‘বিশ্বের অন্যান্য দেশ যখন ফুটবলে উন্নতি করছে, সেখানে বাংলাদেশ ক্রমাগত নিচের দিকে যাচ্ছে। ফুটবল নিয়ে আমরা এখন আর গর্ব করতে পারি না।’
শাদনান মাহমুদ নির্ঝর বেশ বড় একটা মন্তব্যই করেছেন। তিনি লিখেছেন, ‘ক্রিকেট আমাদের দুই হাত ভরে দিচ্ছে আর ভুটান ফুটবলে বাংলাদেশকে হারায়। খেলা শুধু আনন্দের জন্যই না, মাঝে-মধ্যে মান-অপমানের বিষয়ও এর সঙ্গে জড়িয়ে থাকে।’ তিনি মনে করেন, বিদেশি কোচের পেছনে কোটি কোটি টাকা খরচ না করে এই টাকাটা ১২-১৩ বছর বয়সী প্রতিভাবান ফুটবলারদের পেছনে ঢাললে ১০ বছর পর বাংলাদেশ ঠিকই ভালো করবে। তিনি বাংলাদেশ জাতীয় দলের ফুটবলারদের পেশাদারি ও দেশপ্রেম নিয়েও প্রশ্ন তুলেছেন।’
মিজান আহমেদ ফুটবলের এই দুরবস্থায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন। তিনি লিখেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী ফুটবলকে উদ্ধার করুন প্লিজ। সালাউদ্দিনের জামানায় ফুটবলের হার দেখতে দেখতে আমরা ক্লান্ত। আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে।’
এসকে এন তারিক বাফুফের ফুটবল একাডেমি পরিচালনার ব্যর্থতায় ক্ষোভ প্রকাশ করেছেন, ‘যে ফেডারেশন একটা একাডেমি চালাতে পারে না, তাদের অবশ্যই পদত্যাগ করা উচিত।’
বহু বছর আগে কাতারের বিপক্ষে কাতারের মাটিতে জাতীয় দলের একটি ম্যাচের স্মৃতি চারণ করে আবদুল্লাহ আল নোমান লিখেছেন, ‘বাংলাদেশ একবার কাতারে খেলতে গিয়ে কাতারের সঙ্গে গোলশূন্য ড্র করল। আর এখন কাতারের কাছে ১৫ গোল খাওয়া দল ভুটানই আমাদের হারিয়ে দেয়। ছোটবেলায় ফুটবলের স্বর্ণযুগ দেখেছি। এখন পরিণত বয়সে দেখছি কীভাবে বাংলাদেশের ফুটবল তার কফিনে পেরেক ঠুকছে।’
মোহাম্মদ নামের একজন প্রশ্ন করেছেন, কোথায় আজ বয়সভিত্তিক প্রতিযোগিতা, কোথায় পাইওনিয়ার ফুটবল। গাছের গোড়ায় যেখানে ঘুণে ধরা, সেখানে আগায় পানি ঢেলে কী লাভ! এই সাধারণ বিষয়টি কী বাফুফে বোঝে না!’