ফুটবল ইতিহাসের বিস্ময় যারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লেস্টারের আগেও অনেকেই রূপকথা লিখতে পেরেছে। ছবি: এএফপি।
লেস্টারের আগেও অনেকেই রূপকথা লিখতে পেরেছে। ছবি: এএফপি।

লেস্টার সিটির ইংলিশ লিগ জয় আসলে কতটা অবিশ্বাস্য? মৌসুম শুরুর আগে যে দলের পক্ষে বাজির দর ছিল ৫০০০-১, তারা কী অসাধ্যসাধন করেছে বুঝে নিতে কষ্ট হয় না। তবে ফুটবল তো এ রকম রূপকথা আরও দেখেছে। নটিংহাম ফরেস্টের কথাই বলুন, আর হালের অ্যাটলেটিকো মাদ্রিদ, লেস্টারকে তো তারাই পথ দেখিয়েছে।
নটিংহাম ফরেস্টের গল্পটা দারুণ রোমাঞ্চকর। ১৩ নম্বরে ধুঁকছে একটা ক্লাব, তাও আবার ইংলিশ লিগের দ্বিতীয় বিভাগে। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে টানা দুবার ইউরোপের সিংহাসনে অধিষ্ঠান—রূপকথা বললেও আসলে কম হয়ে যায়। ১৯৭৮ সালে ইংল্যান্ডের দ্বিতীয় বিভাগে খাবি খাচ্ছিল নটিংহাম। সেখান থেকে তাদের টেনে তুলেছিলেন ব্রায়ান ক্লফ নামের এক জাদুকর।

এই ক্লফ তাঁর জাদু দেখিয়েছিলেন এর আগেই। ৮৮ বছরের মধ্যে প্রথম ডার্বি কাউন্টিকে এনে দিয়েছিলেন শিরোপা। তবে নটিংহামকে নিয়ে যেটা করেছেন, সেটা ছাড়িয়ে গেছে সবকিছুকেই। ১৯৭৯ সালে প্রথমবার ইউরোপিয়ান কাপের (এখনকার চ্যাম্পিয়নস লিগের) ফাইনালে গিয়েই জিতেছিলেন শিরোপা। ওইবার মালমোকে হারিয়েছিল নটিংহাম। পরের বছর আবারও সবাইকে স্তম্ভিত করে নটিংহাম চলে যায় ফাইনালে, এবার হামবুর্গকে হারিয়ে আবার শিরোপা জয়। সেই নটিংহাম এখন খেলে ইংলিশ লিগের দ্বিতীয় বিভাগে।
শুধু ইংল্যান্ডে কেন, এ রকম বিস্ময় আরও কত লেখা হয়েছে। ইতালিতে যেমন সে রকম অবিশ্বাস্য একটা কীর্তি করেছিল হেল্লাস ভেরোনা। আশির দশকে সিরি আ র তখন রমরমা অবস্থা। জুভেন্টাস, এসি মিলান, ইন্টার মিলান দাপিয়ে বেড়াচ্ছিলেন সব তারকারা। ১৯৮৪ সালে ছয়ে থেকে লিগ শেষ করেই সবাইকে চমকে দিয়েছিল ভেরোনা। পরেরবার তো ইতিহাসই গড়ে ফেলল, নিজেদের ইতিহাসে প্রথমবার জিতল শিরোপা। এখন পর্যন্ত সেটিই ভেরোনার একমাত্র সিরি আ জয় হয়ে আছে।
ফ্রান্সে এমন চমকের গল্পটা খুব বেশি দিন আগের নয়। ছয় বছর আগে যখন দ্বিতীয় বিভাগ থেকে মঁপেলিয়ে ফ্রেঞ্চ লিগ ওয়ানে উঠল, অবনমন এড়িয়ে লিগে টিকে থাকাই ছিল তাদের একমাত্র লক্ষ্য। ২০১১-১২ মৌসুমে সবাইকে অবাক করে সেই মঁপেলিয়ে জিতল শিরোপা। পিএসজি তখন মাত্র কাঁড়ি কাঁড়ি পেট্রোডলার ঢালতে শুরু করেছে। আর মোনাকো, লিও, মার্শেই, লিলের মতো প্রতিষ্ঠিতরা তো ছিলই। কিন্তু মঁপেলিয়ে রেকর্ড ৮২ পয়েন্ট নিয়ে প্রথমবারের মতো জিতেছিল লিগ। দলের মালিক লুইস নিকোলিন কথা দিয়েছিলেন, দল জিতলে নিজের চুলের রংটা ক্লাবের কমলা-নীলে রাঙাবেন। তিনি কথা রেখেছিলেন।
স্পেনে অ্যাটলেটিকো মাদ্রিদের কীর্তির স্মৃতি অনেকের চোখেই এখন টাটকা। সেটিকে অবশ্য ঠিক রূপকথা বলার উপায় নেই। লা লিগার শিরোপা-দৌড়ে না থাক, অ্যাটলেটিকো শুরুর দিকেই থাকত। কিন্তু বার্সা-রিয়ালের দুই ঘোড়ার দৌড়ে আরেকটি ঘোড়া এসে বাজিমাত করে দেবে, সেটা আসলে কেউই ভাবেনি। ডিয়েগো সিমিওনের দল মৌসুম শেষের নাটকীয়তায় সেই কীর্তিই করে ফেলল। ২০০৪ সালে ভ্যালেন্সিয়ার পর রিয়াল-বার্সার বাইরে কেউ লিগ জিতল। দুইবারের ইউরোপা লিগ শিরোপা জয় এই বার্তাও দিচ্ছে, চ্যাম্পিয়নস লিগ শিরোপা বেশি দূরে নেই।
তবে স্টুয়া বুখারেস্টের কীর্তিটা রূপকথা বলতেই হবে। একবার চিন্তা করুন তো, রোমানিয়ার কোনো ক্লাব এসে চ্যাম্পিয়নস লিগ জিতে যাচ্ছে। অবিশ্বাস্য বললেও আসলে কম বলা হবে। রোমানিয়া থেকে চ্যাম্পিয়নস লিগেই তো নিয়মিত খেলার সুযোগ হয় না কারও। অথচ সেই ১৯৮৬ সালে রোমানিয়ারই স্টুয়া বুখারেস্ট তখনকার ইউরোপিয়ান কাপ জিতেছিল। বার্সেলোনাকে ফাইনালে হারিয়েই লিখেছিল রোমানিয়ান রূপকথা।
ডাচ ক্লাব এজেড আলকমারের কীর্তিটা খুব বেশি পুরোনো নয়। ১৯৮১ সালে সর্বশেষ লিগ জিতেছিল ডাচ ক্লাবটি। পরের ২৮ বছর ডাচ লিগের শিরোপা ভাগাভাগি করে নিয়েছে আয়াক্স, পিএসভি আইন্দহোফেন ও ফেইনুর্ড। ২০০৮ সালে ১১তম হয়ে লিগ শেষ করেছিল আলকমার। পরের মৌসুমে তাদের স্বাভাবিকভাবেই গোনায় ধরেনি কেউ। লুই ফন গাল তখন ছিলেন ক্লাবের কোচ, কিন্তু তিনি তো আর একা কিছু করতে পারবেন না। ২০০৯ সালে সবাইকে চমকে লিগ জিতল ফন গালের আলকমার।
এ তো গেল ক্লাবের গল্প। জাতীয় দলগুলোতেও তো আছে এমন সব বিস্ময়ে মাখা গল্প। সবার আগে দুটি ইউরোর কথাই মনে আসবে—১৯৯২ ও ২০০৪!
১৯৯২ ইউরোর মাত্র এক মাস আগেও যুগোস্লাভিয়াতে গৃহযুদ্ধ চলছিল। বাছাইপর্বে সফল এই দলটির ইউরোতে অংশ নেওয়ার সুযোগ ছিল না, তাই ডেকে নেওয়া হলো বাছাইপর্বে যুগোস্লাভিয়ার গ্রুপে দ্বিতীয় ডেনমার্ককে। মাত্র এক মাসের প্রস্তুতি, তাতেই কিস্তিমাত! দেশটির ফুটবল ইতিহাসের এখনো একমাত্র বড় শিরোপাটিকে শুধু ভাগ্যের জোরেই বা কীভাবে বলবেন?
ইংল্যান্ড, ফ্রান্স ও সুইডেনের গ্রুপ থেকে নকআউট পর্বে যাওয়া, এরপর শিরোপা জেতার পথে আগের বারের ইউরো চ্যাম্পিয়ন হল্যান্ড ও ফাইনালে তখন বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে হারানো—যোগ্যতার প্রমাণ দিয়েই জিতেছে ডেনিশরা। টুর্নামেন্টের পর ডেনমার্কের নায়ক কিম ভিলফোর্টের কথাটাই হয়তো ফুটবলের চিরকালীন মন্ত্র, ‘আমাদের দল হয়তো সেরা খেলোয়াড় দিয়ে ভর্তি ছিল না, তবে দলটাকে আমরা সেরা বানিয়ে নিয়েছিলাম।’
সেরা খেলোয়াড় না থেকেও শ্রেষ্ঠত্ব ছিনিয়ে নেওয়ার কৃতিত্ব ২০০৪ ইউরোর গ্রিসেরও। যদিও অতিরক্ষণাত্মক খেলার কারণে বেশ সমালোচনাও হয়েছে দলটির। তাতে কী? নিজেদের সামর্থ্য অনুযায়ীই তো কৌশল সাজিয়েছিলেন গ্রিস কোচ ওটো রেহাগেল। বড় টুর্নামেন্টে যারা এর আগে কোনো ম্যাচই জিততে পারেনি, তারাই কিনা ১২ বছর আগের ইউরোতে ফ্রান্স, চেক প্রজাতন্ত্র ও পর্তুগালকে (২ বার) হারিয়েছে! ফাইনালের ৫৮ মিনিটে অ্যাঞ্জেলস চ্যারিস্টিয়াস যখন বল পর্তুগালের জালে ঠেলে দিলেন, তখন হয়তো লেখা হয়ে গিয়েছিল—শুধু প্রতিভা বিচ্ছুরিত সৌন্দর্যই নয়, ফুটবল মাঝেমধ্যে শ্রমসাধ্য চোয়ালবদ্ধ প্রতিজ্ঞারও পূজারি।
এ রকম আরও অনেক রোমাঞ্চকর ঘটনা আছে ফুটবলে। এমন অনেক কিছুই হয়েছে, যা কেউ ভাবেনি আগে। আবার এমন অনেক কিছুই হবে, যা হয়তো কেউ কল্পনাও করবে না। সত্যি তো অনেক সময় গল্পের চেয়েও বিস্ময়কর!