ফুটবল উৎসবে জার্মানদের ঐতিহ্য ফেরানোর তাড়না

আজ কেমন খেলবে জার্মানি?ছবিঃ রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৮ বিশ্বকাপে ইতিহাসে প্রথমবারের মতো প্রথম পর্ব থেকেই বিদায় নিয়েছিল জার্মানি। সে ক্ষতে প্রলেপ দেওয়ার সুযোগ এসেছে তাদের সামনে। হ্যাঁ, ইউরো ২০২০ একটা বড় সুযোগ জার্মান ফুটবলের গৌরব ফেরানোর।

আজ থেকেই শুরু হচ্ছে সে মিশন। জার্মানরা অধীর আগ্রহে অপেক্ষায় ইউরো-উৎসবের জন্য। রাতে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের মুখোমুখি হচ্ছে ইওয়াখিম ল্যুভের শিষ্যরা। ‘গ্রুপ অব ডেথ’ বলা হচ্ছে জার্মানির এ গ্রুপকে। এ গ্রুপে আছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালও।

বিদায়বেলায় কী উপহার দেবেন ল্যুভ?
ছবি: রয়টার্স

ইউরো জার্মানদের জন্য উৎসবের উপলক্ষও। করোনায় জেরবার জার্মানিতে দীর্ঘদিন ধরে চলেছে লকডাউন। করোনার প্রকোপ কমে যাওয়ায় মানুষ এখন স্বাভাবিক জীবনে ফিরে যাচ্ছে। জার্মানদের জন্য ফুটবল-আনন্দ উপভোগও তো স্বাভাবিক জীবনের একটা অংশ। চমৎকার এই গ্রীষ্মকালীন আবহাওয়ায় ইউরো তাই অন্য রকম অনুরণন সৃষ্টি করছে জার্মানিতে। এর সঙ্গে যদি যোগ হয় জার্মান দলের সাফল্য, তাহলে তো সোনায় সোহাগা।

২০১৮ বিশ্বকাপটা জার্মানির জন্য ছিল বড় লজ্জার। চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা তিন বছর আগে মেক্সিকো আর দক্ষিণ কোরিয়ার সঙ্গে হেরে বিদায় নিয়েছিল প্রথম রাউন্ড থেকেই। বিশ্বকাপের ব্যর্থতা জার্মান ফুটবলকে বড় একটা ধাক্কা হয়ে আছে।

মহাপরাক্রমী জার্মান জাতীয় ফুটবল দল এরপর থেকেই কেন যেন বেশ খানিকটা ম্রিয়মাণ। তিনবার ইউরো জেতা জার্মানি এবারের ইউরোতে ১৯৭২, ১৯৮০ আর ১৯৯৬-এর সাফল্যের পুনরাবৃত্তি করাটা তাই জরুরি হয়ে পড়েছে তাদের জন্য। জার্মান ফুটবলের ঘুরে দাঁড়ানোর জন্য ইউরোতে কিছু করে দেখানোটা যে খুবই জরুরি তাদের জন্য।

ফ্রান্সের বিপক্ষে বড় পরীক্ষা দিতে হবে জার্মানিকে।
ছবি: রয়টার্স

জার্মানির সময় রাত নয়টায় শুরু হবে ফ্রান্সের সঙ্গে জার্মানির মহারণ। বড় বড় শহরগুলোর বাড়ি–গাড়িতে শোভা পাচ্ছে জার্মান পতাকা। জার্মানির জার্সি বিক্রিরও ধুম পড়েছে। আজ খেলাটা দেখতে জার্মান শহরগুলোতে মানুষের ঢল নামবে। তবে করোনার কারণে এ ব্যাপারটিতে বেশ কিছুটা নিয়ন্ত্রণও থাকছে। সীমিত পরিসরে, সীমিত দর্শক নিয়েই খেলা দেখার আয়োজনটা করতে হবে। উন্মুক্ত স্থান, রেস্তোরাঁগুলোতেই মূলত বড় পর্দায় দেখানো হবে খেলা।

জার্মানি আর ফ্রান্স দুই প্রতিবেশী। দ্বিতীয় বিশ্বযুদ্বের দুই প্রতিদ্বন্দ্বী। তবে এখন ইউরোপের ঐক্য আর শান্তির জন্য কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে এ দুই দেশ। কিন্তু ফুটবল ব্যাপারটাই অন্য রকম। এই এক জায়গায় দুই দেশের ঐতিহ্য আর মানুষের আবেগ মিলেমিশে একাকার হয়ে যায়।

জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল ফুটবলপ্রিয় মানুষ। ২০০৫ সাল থেকে ক্ষমতায় আছেন তিনি। এ সময়ের মধ্যে ২০০৬ সালে জার্মানি আয়োজন করেছে বিশ্বকাপ। এ ছাড়াও অনুষ্ঠিত হয়েছে আরও তিনটি বিশ্বকাপের আসর। তিনটি ইউরোর আসরও হয়েছে এর মধ্যে। ম্যার্কেল জার্মান দলকে দিয়ে গেছেন নিরন্তর উৎসাহ। ২০১৪ বিশ্বকাপ জয়ের পর ম্যার্কেল আনন্দে মেতেছিলেন।

গতবারের হারের বদলা নিতে পারবে জার্মানি?
ছবি: রয়টার্স

এবারও ম্যার্কেল পাশে আছেন জার্মান দলের। কিছুদিন আগেই জাতীয় দলকে প্রেরণা জুগিয়েছেন ভিডিও কনফারেন্সে কথা বলে। জার্মান ম্যানেজার অলিভার বিয়ারহফ জানিয়েছেন, চ্যান্সেলর ম্যার্কেলের এই ভিডিও কনফারেন্স দলের খেলোয়াড়দের জন্য খুবই উৎসাহদায়ক।

২০০৬ থেকে জার্মান জাতীয় দলের কোচ ইয়াওখিম ল্যুভ। তিনি জার্মান দলকে দুবার বিশ্বকাপের সেমিফাইনালে নিয়ে গেছেন। ২০১৪ সালে জিতিয়েছেন বিশ্বকাপ। তিনি সাম্প্রতিক সময়ে সবচেয়ে বেশি সময় ধরে দায়িত্ব পালন করা জাতীয় দলের কোচ। ২০১৮ বিশ্বকাপে ব্যর্থতার পর তাঁকে সরিয়ে দেওয়ার দাবি উঠলেও তাঁর ওপরই আস্থা রেখেছিল জার্মান ফুটবল ফেডারেশন। এবার তিনি দায়িত্ব ছাড়বেন। ইউরো ২০২০–এর শিরোপা জিতিয়ে বিদায়টা নেওয়ার ইচ্ছা তাঁর।

এখন দেখা যাক ল্যুভের ইচ্ছাটাকে সম্মান জানাতে পারেন কি না জার্মান ফুটবলাররা।