ফুটবল উৎসবের অপেক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজকের দিনটা পেরোলেই বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল। তার আগে অনুশীলনে ব্যস্ত বাংলাদেশ দল (বাঁয়ে)। সামান্য বিশ্রাম নিয়ে মাঠে ছুটল মালয়েশিয়াও (ডানে)। কাল বাফুফের সিলেট একাডেমি মাঠে l আনিস মাহমুদ
আজকের দিনটা পেরোলেই বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল। তার আগে অনুশীলনে ব্যস্ত বাংলাদেশ দল (বাঁয়ে)। সামান্য বিশ্রাম নিয়ে মাঠে ছুটল মালয়েশিয়াও (ডানে)। কাল বাফুফের সিলেট একাডেমি মাঠে l আনিস মাহমুদ

বাংলাদেশ দল সিলেটে পৌঁছে গিয়েছিল সোমবার দুপুরেই। গতকাল এল মালয়েশিয়া দল। বাকি তিনটি দলও আজ-কালের মধ্যে সিলেটে পা রাখবে। টুকটাক কিছু কাজ বাদে স্থানীয় আয়োজকদের আনুষঙ্গিক প্রস্তুতিও প্রায় শেষ। এখন মাঠে ফুটবল উৎসব দেখার অপেক্ষা। দেড় দশক পর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উদ্যোগে জাতির জনকের নামে আন্তর্জাতিক টুর্নামেন্ট। ফুটবলপ্রেমী সিলেটের যেন তর সইছে না!
তর যে সইছে না, সেটা সিলেট নগরে এক মুহূর্ত ঢুঁ মারলেই অনুভব করা যায়। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত একনাগাড়ে মাইকে চলছে বঙ্গবন্ধু গোল্ডকাপের প্রচারণা। নগরের লামাবাজার এলাকার সিলেট জেলা স্টেডিয়াম, যেখানে টুর্নামেন্টের গ্রুপপর্বের তিনটি এবং একটি সেমিফাইনাল হবে, তার আশপাশ ঘিরে কাল দিনভর ছিল উৎসুক মানুষের ভিড়। খেলাপ্রেমী এসব মানুষ নিজেরাই জেনে নিচ্ছিলেন সর্বশেষ প্রস্তুতির খুঁটিনাটি।
সিলেটকে দারণ সব ম্যাচ উপহার দিতে খেলোয়াড়েরাও বসে নেই। তাঁরা সিলেট পৌঁছেই কঠোর অনুশীলনে ব্যস্ত হয়ে পড়েছেন। শহরতলির খাদিমনগরে বিকেএসপির ১ নম্বর মাঠে বাংলাদেশ দলের খেলোয়াড়েরা লাল জার্সি পরে বিকেল চারটা থেকে সন্ধ্যা পর্যন্ত অনুশীলন করেছেন। কুয়ালালামপুর থেকে ঢাকা হয়ে মালয়েশিয়া দল সিলেটে পৌঁছায় বেলা ১টা ২৫ মিনিটে। হোটেলেই সামান্য বিশ্রাম। আকাশি জার্সি গায়ে বেলা সাড়ে চারটায় বিকেএসপির ২ নম্বর মাঠে অনুশীলনে নেমে পড়ে মালয়েশিয়া দল।
দুই দলের খেলোয়াড়েরা দিনের অনুশীলন শেষে সন্ধ্যায় হোটেলে ফেরার পথে বিকেএসপিতেই স্থানীয় সাংবাদিকদের কিছু প্রশ্নের উত্তর দেন। বাংলাদেশ দলের অধিনায়ক মামুনুল ইসলাম মালয়েশিয়াকে হারিয়ে শুভসূচনা করতে চান টুর্নামেন্টে। মালয়েশিয়া দলের অধিনায়ক নাজিরুল নইম বাংলাদেশ দলকে শক্তিশালী বলে সমীহ করছেন। ভালো খেলার আশা তাঁদেরও, ‘আমরা প্রত্যেকেই যার যার জায়গা থেকে ভালো খেলতে চাই।’
সব প্রস্তুতি শেষ। এখন মাঠে নামতে উন্মুখ খেলোয়াড়েরা। উন্মুখ হয়ে রয়েছেন সিলেটবাসী। কী ক্রিকেট, কী ফুটবল—সব খেলাতেই সিলেটের মাঠে দেখা যায় দর্শকারণ্য! তবে উল্টো পিঠে কিছু আশঙ্কাও থাকে। গত আগস্টেই তো নেপাল অনূর্ধ্ব-২৩ দলের সঙ্গে বাংলাদেশের প্রীতি ম্যাচে গেট ভেঙে ঢুকে পড়েছিল হাজার হাজার দর্শক। এবার কোনো অবস্থাতেই অমনটা ঘটতে দিতে চান না আয়োজকেরা। এবার তাই নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তাব্যবস্থা। তবে দর্শকের এ নিয়ে তেমন ভাবান্তর নেই। আপাতত দৃষ্টি তাঁদের আগামীকাল অনুষ্ঠেয় বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচটির দিকেই।