ফুটবল উৎসবের অপেক্ষায় সিলেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আয়োজনটা ফুটবলের। তবু শহরের চৌহাট্টা মোড়, আম্বরখানা পয়েন্টে বিস্কুট ও গুঁড়ো দুধের বিজ্ঞাপনে উজ্জ্বল ক্রিকেটার তামিম ইকবাল। জাতীয় দলের ওপেনারের বিশাল আকৃতির বিলবোর্ডে যেন ঢাকা পড়ে গেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রচারণার ছোট বিলবোর্ড!
চট্টগ্রাম, ময়মনসিংহের পর বিপিএল আবার ঢাকার বাইরে। আজ শুরু হচ্ছে ‘দুটি কুঁড়ি একটি পাতা’র শহর সিলেটে। জেলা স্টেডিয়ামে প্রথম ম্যাচে শেখ জামাল ধানমন্ডির মুখোমুখি ব্রাদার্স, পরে আবাহনীর প্রতিপক্ষ শেখ রাসেল।
বিপিএল নিয়ে চট্টগ্রামে উন্মাদনা ছিল যথেষ্ট। ময়মনসিংহে শেষ মুহূর্তে প্রচারণার পরও উদ্বোধনী ম্যাচে গ্যালারিতে ছিল উপচে পড়া দর্শক। স্থানীয় বাহন ‘পালকি’ ও ঘোড়ার গাড়িতে প্রচারণা চালিয়েছিল ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থা। শহরের বিভিন্ন পয়েন্টে খোলা হয়েছিল টিকিট কাউন্টার। স্থানীয় কেব্ল অপারেটরদের মাধ্যমেও টেলিভিশনে প্রচারণা চলেছিল। কিন্তু সিলেটে স্টেডিয়াম ছাড়া আর কোথাও কোনো কাউন্টার নেই। তবে বিপিএল উপলক্ষে শোভাযাত্রা আর কনসার্ট হয়েছে। ফুটবলারদের নিয়ে তৈরি পোস্টার ময়মনসিংহের মতো ততটা চোখে পড়েনি সিলেটে। বিপিএলের তোরণে শুধুই সংগীতশিল্পীদের বিশাল আকারের ছবি। আছে ঈদের শুভেচ্ছাসংবলিত রাজনৈতিক ব্যানার। পাঁচটি সিএনজিতে কাল থেকে শুরু হয়েছে শহরের মধ্যে মাইকিং!
এমন অব্যবস্থাপনার জন্য জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহিউদ্দিন আহমেদ আয়োজক সাইফ গ্লোবাল স্পোর্টসকেই দুষলেন, ‘১৯ সেপ্টেম্বর দায়িত্ব দেওয়া হয়েছে আমাদের। এত বড় আয়োজনের জন্য যা যথেষ্ট না। গত দুই দিন শুধু কনসার্ট নিয়েই ব্যস্ত ছিলাম, ওটারই প্রচার হয়েছে বেশি। আজ থেকে ফুটবলের প্রচারণা শুরু করেছি।’ অবশ্য গ্লোবাল স্পোর্টস কর্মকর্তা শাকিল মাহমুদ চৌধুরী এসব পাত্তা না দিয়ে বললেন, ‘মাঠে দর্শক আসবে।’
মাঠের বাইরের এসব ঘটনায় মোটেও নজর নেই আবাহনীর কোচ জর্জ কোটানের। বরং ফুটবলারদের অনুশীলন নিয়েই বেশি চিন্তিত দেখাচ্ছিল তাঁকে। কাল আবাহনী, মুক্তিযোদ্ধা ও ব্রাদার্স অনুশীলন করেছে শহরের উপকণ্ঠে সিলেট ক্যাডেট কলেজ মাঠে। এবড়োখেবড়ো মাঠে হাঁটুসমান ঘাস। সেই ঘাস দেখিয়ে ক্ষুব্ধ কোটান বলছিলেন, ‘এখানে কি অনুশীলন সম্ভব? এই মাঠ শুধু গরু চরানোর জন্য উপযুক্ত।’ ৭ ম্যাচে ৪ জয়, ৩ ড্রয়ে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আবাহনী। প্রতিপক্ষ এখন পর্যন্ত জয়হীন শেখ রাসেল। তবু শেখ রাসেলকে কোচের সমীহ, ‘এখানে কোনো দলকেই ছোট করে দেখার উপায় নেই।’ ব্রাদার্সের বিপক্ষেও জয়ের আশা শেখ জামালের নতুন কোচ স্টেফান হ্যানসনের।
সিলেটের দর্শকেরা বরাবরই ফুটবলপাগল। যার প্রমাণ আগেও অনেকবার দিয়েছেন তাঁরা। শহরে প্রচারণার কমতি থাকলেও জমজমাট ফুটবল লড়াই দেখতে হয়তো ঠিকই আজ উপচে পড়বে গ্যালারি।
আজকের খেলা
শেখ জামাল-ব্রাদার্স, আবাহনী-শেখ রাসেল
(বিকেল ৪-৩০ মি., সন্ধ্যা ৭-৩০ মি., সিলেট স্টেডিয়াম)