ফুটবল একাডেমির যাত্রা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সবে হলো শুরু, যেতে হবে বহুদূর। চোখে স্বপ্ন এঁকে একাডেমির প্রথম সেশনে অনুশীলনে মগ্ন ছাত্ররা  l আনিস মাহমুদ
সবে হলো শুরু, যেতে হবে বহুদূর। চোখে স্বপ্ন এঁকে একাডেমির প্রথম সেশনে অনুশীলনে মগ্ন ছাত্ররা l আনিস মাহমুদ

ভবনের পেছনের দিকে ছোট একটা বিল। পাশে ধানখেত। যত দূর চোখ যায় সবুজ আর সবুজ। সামনে বিশাল খেলার মাঠ। সিলেট শহরের ৭ কিলোমিটার দূরের খাদিমনগরের শান্ত পরিবেশটাকে তিন দিন ধরে মাতিয়ে রেখেছিল ৪০ ফুটবলার। ওদের আনন্দ পূর্ণতা পেল কাল। ২০১১ সালে ১৩ একর জায়গার ওপর গড়ে ওঠা বিকেএসপিতে শুরু হলো বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) স্বপ্নের একাডেমির আনুষ্ঠানিক যাত্রা।
এলাকাটা খুব নির্জন। কিন্তু খেলোয়াড়, কর্মকর্তা আর উৎসুক জনতার ভিড়ে কাল সকাল থেকেই সেখানে উৎসবের আমেজ। ভবনের একপাশে বিশাল ডেকচি চাপিয়ে চলল রান্না। একাডেমিতে ঢোকার মুখেই বিশাল এক তোরণ। ভেতরে রং-বেরঙের পতাকা উড়ছে। হঠাৎ ঢুকলে যে কারও মনে হবে যেন বিয়েবাড়ির আনন্দ। সেই আনন্দের অনুরণন সারাক্ষণ ছড়িয়ে থাকল বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের চোখে-মুখে।
অনেক দিন ধরেই আধুনিক একটা ফুটবল একাডেমি গড়ার স্বপ্ন দেখছিলেন কাজী সালাউদ্দিন। তাঁরই উদ্যোগে শূন্য পড়ে থাকা সিলেট বিকেএসপির সঙ্গে পাঁচ বছরের চুক্তি হয় বাফুফের। কাল সালাউদ্দিনের সেই স্বপ্নের প্রথম ধাপটা বাস্তবে পাখা মেলল। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত উদ্বোধন করলেন এই একাডেমির।
অনূর্ধ্ব-১৩ ও অনূর্ধ্ব-১৭ বছর বয়সী ৪০ জন ফুটবলারের আবাস এই একাডেমি। ৪২টি কক্ষ, প্রতিটি কক্ষে দুটি করে বিছানা, দুটি টেবিল ও একটি ওয়ার্ডরোব। ভবনের পাশে রয়েছে একটি পরিত্যক্ত সুইমিংপুল ও ব্যবহার অনুপযোগী জিমনেসিয়াম। লাগোয়া একটি প্রশাসনিক ভবন।
নানা জটিলতা পেরিয়ে অবশেষে শুরু হলো ফুটবলের এই পাঠশালার কার্যক্রম। উচ্ছ্বসিত সালাউদ্দিন সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বললেন, ‘এই একাডেমি ইতিহাসের পাতায় ঢুকে গেল। স্বাধীনতার ৪২ বছর পর একটি একাডেমি তৈরি করে ফুটবলকে পরবর্তী পর্যায়ে নিয়ে যেতে যাঁরা সাহায্য করেছেন সবাইকে এ জন্য ধন্যবাদ দিতে চাই। আজ আমি ভীষণ আনন্দিত।’ সালাউদ্দিনের আশা, এখানেই জন্ম হবে অনেক ফুটবল তারকার, ‘বিশ্বের ২০৯টি দেশ ফুটবল খেলে। এখানে টিকে থাকতে হলে কঠিন লড়াই করতে হবে আমাদের। আমরা বুঝতে পারি, ওই পর্যায়ে যেতে কতটা পরিশ্রম দরকার। পেশাদার লিগ ও জাতীয় দলে খেলার মতো যথেষ্ট ভালো মানের ফুটবলার আমাদের নেই। আশা করি, এই একাডেমি থেকে আমরা ভবিষ্যতের তারকা পাব।’
একাডেমির বার্ষিক খরচ ৫ কোটি টাকা। গোল প্রকল্পের অংশ হিসেবে ফিফা থেকে অর্থের আংশিক সংস্থান হলেও সরকারের দিকেই তাকিয়ে সালাউদ্দিন। অর্থমন্ত্রী কাল তাঁকে আর্থিক অনুদানের আশ্বাসও দিলেন, এ সময় তাঁর সঙ্গে ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান, যুব ও ক্রীড়ামন্ত্রী বীরেন শিকদার এবং একই মন্ত্রণালয়ের উপমন্ত্রী আরিফ খান জয়। একাডেমি উদ্বোধনে এসে ফিফার উন্নয়ন কর্মকর্তা সাজি প্রভাকরণ দিলেন আরেকটি সুসংবাদ, ‘সিলেটে আমরা একটি কৃত্রিম টার্ফ দেব অনুদান হিসেবে। আশা করি, মে-জুন নাগাদই সেটা পেয়ে যাবে বাংলাদেশ।’
যশোরের পুরোনো লোহালক্কড়ের ব্যবসায়ী আবুল হাসানের ছেলে সাইদুর একাডেমিতে এসে আনন্দে আত্মহারা, ‘কখনোই ভাবিনি এমন সুযোগ পাব। নিজেকে খুব ভাগ্যবান মনে হচ্ছে।’ একাডেমির উদ্বোধন হবে বলে সারা রাত ঘুমাতে পারেনি নবির হোসেন, নারায়ণগঞ্জের জালি ব্যাগ কারখানার শ্রমিক আলী হোসেনের ছেলে। একাডেমিতে সুযোগ পাওয়া বেশির ভাগ ছেলেই উঠে এসেছে জীবনের নানা প্রতিবন্ধকতা পেরিয়ে। বড় ফুটবলার হওয়ার স্বপ্ন ওদের চোখে।