ফুটবল এখন আদালত আর টেবিলে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাঠে জাতীয় দলের বিনা যুদ্ধে আত্মসমর্পণ দেশের ফুটবলে নিয়ে এসেছে নতুন এক অশনিসংকেত। বিশ্বকাপ বাছাইপর্বে ৮ ম্যাচে ৩২ গোল খাওয়ার লজ্জার রেকর্ড সেটাই জানান দিচ্ছে। সর্বশেষ জর্ডানের কাছে ৮ গোলে উড়ে যাওয়ার পরও ঘুরে দাঁড়ানোর কোনো উদ্যোগ নেই। কর্তারা ব্যস্ত ৩০ এপ্রিলের ফেডারেশন নির্বাচন নিয়ে। চেয়ার রক্ষা আর দখলের প্রতিযোগিতাই চলছে ফুটবলে। মাঝখানে খেলাটা ঢাকা পড়েছে আড়ালে। ফুটবল এখন আদালত আর কর্তাদের টেবিলে!

আট ফুটবলারকে নিজেদের দাবি করে শেখ জামাল ধানমন্ডি আদালতে গেলে ওই খেলোয়াড়দের মাঠে নামার ওপর আপাতত নিষেধাজ্ঞা জারি হয়েছে গতকাল। জাতীয় দলের সর্বশেষ অধিনায়ক মামুনুল ইসলাম, ডিফেন্ডার নাসির চৌধুরী, সোহেল রানারা চট্টগ্রাম আবাহনী না শেখ জামালের খেলোয়াড় হবেন সেটা নির্ধারণ করবেন আদালত। এঁরা চট্টগ্রাম আবাহনীতে নাম লেখালেও শেখ জামালের দাবি, এই খেলোয়াড়দের তারা টাকা দিয়েছে। কাজেই খেলোয়াড়েরা শেখ জামালেই খেলতে বাধ্য।

বিষয়টা নিয়ে কিছুদিন ধরেই চাপান–উতোর চলছিল। শেষ পর্যন্ত নিজেদের পক্ষে বাফুফের সিদ্ধান্ত না পেয়ে আদালতে গেছে গত দুইবারের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন শেখ জামাল। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) কর্তাদের তাই এখন দৌড়াতে হচ্ছে আদালতের বারান্দায়। খেলা আর তাদের মাথায় নেই।

আগামীকাল থেকে স্বাধীনতা কাপ দিয়ে বিলম্বিত ঘরোয়া ফুটবল শুরু হওয়ার কথা। তবে চলমান ঘটনাপ্রবাহে খেলা আবারও পেছাচ্ছে বলেই খবর। সামনে যখন নির্বাচন, একটা পক্ষ নানা ধোঁয়া তুলে খেলাটাকেই নির্বাসনে পাঠিয়ে দিতে তৎপর। এমনিতেই বছরের তিন মাস পেরোলেও এখনো শুরু হয়নি ঘরোয়া মৌসুম। তার ওপর খেলা আরও পেছানো মানে তা ফুটবলের জন্য খুবই খারাপ খবর।

যাঁদের কেন্দ্র করে বর্তমান অচলাবস্থা, সেই খেলোয়াড়দের অন্যতম মামুনুল ইসলামও ফুটবলের জন্য এসব কর্মকাণ্ডকে সর্বনাশা বলছেন। তাঁর কথা, ‘এভাবে বারবার খেলা পেছালে দেশের ফুটবলেরই ক্ষতি। আমরা আশা করব সবকিছু নিয়ম মেনেই চলবে।’ তবে আট খেলোয়াড়ের ওপর নিষেধাজ্ঞার ব্যাপারে এই মিডফিল্ডার আদালতের আদেশের কপি হাতে পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে চান, ‘আদালত কী বলেছেন সেটা আগে আমরা দেখি। তারপর আমাদের ক্লাব চট্টগ্রাম আবাহনী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’

আট খেলোয়াড়কে ভরকেন্দ্রে রেখে চট্টগ্রাম আবাহনী ও শেখ জামালের লড়াইটা এখন তুঙ্গেই পৌঁছেছে। মাঝখানে থাকা ফেডারেশনের ভূমিকা নিয়ে প্রশ্ন আছে শেখ জামালের। ক্লাবটির কোচ শফিকুল ইসলাম মানিক বলছিলেন, ‘ফেডারেশন নিরপেক্ষ ভূমিকা রাখলে পরিস্থিতি এই পর্যায়ে গড়াত না। আমরা আশা করব, তারা নিরপেক্ষ ভূমিকা রাখবে।’

ফেডারেশন কর্মকর্তারা অবশ্য নিজেদের নিরপেক্ষ বলেই দাবি করেছেন। কিন্তু ফেডারেশনের বিরুদ্ধে বিস্তর অভিযোগ তুলে সম্প্রতি বাফুফে ভবন ভাঙচুর করেছে আরামবাগ। কদিন আগে তারা ভবন ঘেরাও করে আবারও সাড়া ফেলেছে।

বর্তমান নেতৃত্বকে ব্যর্থ দাবি করে সভা, মানববন্ধন করছে একটি পক্ষ। সব মিলিয়ে ফুটবল এখন আর মাঠে নেই, সংগঠকদের দ্বন্দ্বে মাঠের বাইরেই যেন খেলাটির ঠিকানা। এই অবস্থা থেকে মুক্তি মিলবে কবে কে জানে!