ফুটবল এসেছে প্যারাগুয়ে থেকে!

তথ্যটি জেনে অনেকেই অবাক হবেন। ভেঙে খান খান হয়ে যাবে এতদিনের জানাশোনা। সেই কবে থেকে জেনে আসা আধুনিক ফুটবলের জন্মস্থান ইংল্যান্ড। কেউ কেউ আবার ফুটবলের জন্মস্থান হিসেবে উল্লেখ করেন চীনের নাম। কিন্তু এখন শোনা যাচ্ছে ফুটবল এসেছে লাতিন দেশ প্যারাগুয়ে থেকে! কী আজব ব্যাপার!
হ্যাঁ, বার্তা সংস্থা এএফপির এমনই এক খবর জানিয়েছে। আজ থেকে দুই শতাব্দী আগে প্যারাগুয়ের গুয়ারানি নামের এক প্রত্যন্ত গ্রামের অধিবাসীরা একটি খেলা খেলতেন, সেটার সঙ্গে আজকের ফুটবল খেলাটি হুবহু মিলে যায়। প্যারাগুইয়ান টেলিভিশন সম্প্রতি এ-সংক্রান্ত একটি তথ্যচিত্র বেশ ঘটা করেই প্রচার করেছে। দেশটির প্রত্নতত্ত্ববিদদের গবেষণায় নাকি এমন কিছুই বেরিয়ে এসেছে।
ওই তথ্যচিত্রে অবশ্য ‘প্যারাগুয়েতে আধুনিক ফুটবলের জন্ম হয়েছে’ জাতীয় কোনো কিছু দাবি করা হয়নি। উনিশ শতকে ইংল্যান্ডে নিয়মকানুন তৈরি করে যে ফুটবলের প্রচলন ঘটেছিল, সে তথ্যের সঙ্গে সাংঘর্ষিক তেমন কিছুই সেই তথ্যচিত্রে নেই। তবে তথ্যচিত্রে উল্লেখ করা হয়েছে, ক্যাথলিক মিশনারিদের প্রত্যক্ষ উৎসাহে ১৭ শতকে গুয়ারানি গ্রামের অধিবাসীরা যে খেলাটি খেলত, তার সঙ্গে আধুনিক ফুটবলের অনেক কিছুই মিলে যায়।
এ ব্যাপারে প্যারাগুয়ের সংস্কৃতিমন্ত্রী ম্যাবেল কাওসারানো এএফপিকে জানিয়েছেন, ‘ফুটবল যে প্যারাগুয়ে থেকে এসেছে, এমন দাবি আমরা করি না, সে ইচ্ছাও আমাদের নেই। আমরা প্রচারিত তথ্যে কেবল প্রত্নতাত্ত্বিক দিক দিয়ে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক একটি তথ্য উপস্থাপন করেছি। হ্যাঁ, ওই শতকে গুয়ারানিতে যে খেলাটা হতো, সেটা অনেকটা আজকের ফুটবলের মতোই।’
প্যারাগুয়ের ওই গ্রামে প্রচলিত খেলাটির একটা বিশদ বর্ণনাও তুলে ধরা হয়েছে তথ্যচিত্রটিতে, ‘খেলাটি রাবারের মতো এক ধরনের বস্তু দিয়ে তৈরি বল দিয়ে অনুষ্ঠিত হতো। মজার ব্যাপার হচ্ছে, খেলাটি শেষ হওয়ার নাকি কোনো নির্দিষ্ট সময়সূচি ছিল না। ব্যবহৃত বলটি ছিল অত্যন্ত দ্রুতগামী এবং সেটা দুই পায়ে নিয়ন্ত্রণে রাখাটা ছিল কঠিন এক ব্যাপার। দুই দলের খেলোয়াড়েরা নিজেদের পায়ে বল নিয়ন্ত্রণ করতে করতেই একে অন্যের পা থেকে তা কেড়ে নিত। এভাবে খেলতে খেলতে যে দল আগে ক্লান্ত হয়ে পড়ত, খেলায় হেরে যেত তারাই। এতে ‘গোল’ করার কোনো বিষয় ছিল না। তথ্যচিত্রের ধারা বর্ণনার এক জায়গায় মজা করে বলা হয়েছে, ‘গুয়ারানির ওই খেলাটি সব সময়ই গোলশূন্য ড্র হতো।’
খেলাটির নাম ছিল ‘মাঙ্গাই’।