ফুটবল কর্মকর্তাদের জুরিখে দৌড়ঝাঁপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ৩০ এপ্রিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ( বাফুফে) নির্বাচন। সেটিকে সামনে রেখে ফেডারেশনের তিন কর্মকর্তা পরশু গেলেন ফিফার সদর দপ্তর সুইজারল্যান্ডের জুরিখে! তাঁরা সেখানে গেছেন ফেডারেশনের গঠনতন্ত্রকে আরও শক্তিশালী কীভাবে করা যায় সেই পথ খুঁজতে।

ফিফার সদর দপ্তরে যান তিন কর্মকর্তা সহসভাপতি বাদল রায়, বাফুফের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমানে সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল ও বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। তাঁদের সঙ্গে আলোচনায় বসেন ফিফার সদস্য দেশগুলোর জন্য নির্ধারিত বিভাগের তিন কর্মকর্তা ও করপোরেট অ্যাফেয়ার্স বিভাগের দুই কর্মকর্তা।
এই পাঁচ কর্মকর্তার কাছে বাফুফের প্রতিনিধি দল ফেডারেশনের গঠনতন্ত্রের কিছু প্রসঙ্গ তুলে ধরেন। যার মধ্যে আছে বর্তমানে নিষ্ক্রিয় হয়ে থাকা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনগুলোকে ( ডিএফএ) সক্রিয় করার উপায় বের করা। কারণ, ডিএফএ তৈরি হয়েছিল ফিফার নির্দেশেই। কিন্তু আট-নয় বছর হয়ে গেলেও ডিএফএগুলো আজও হয়ে আছে নিষ্ক্রিয়। তা ছাড়া বাফুফের গঠনতন্ত্রেও অনেক সমস্যা দেখছেন কর্তাব্যক্তিরা।
সুইজারল্যান্ড থেকে আজ ঢাকা ফিরে বাদল রায় প্রথম আলোকে বলেছেন,‘ ডিএফএগুলোকে সচল করা জরুরি। কীভাবে সেটা সম্ভব সেসব নিয়ে আলোচনা হয়েছে। কারণ, গঠনতন্ত্রের বাধায় কারণে ডিএফএ নিয়ে কিছু করা যাচ্ছে না। ফিফার কর্মকর্তারা আমাদের কথা শুনেছেন। পরামর্শ চেয়েছেন, আমরা তা দিয়েছি। নির্বাচনের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। নির্বাচনের পর ফুটবলকে আমরা ঢেলে সাজাতে চাই। এ কারণেই সুইজারল্যান্ড যাওয়া।’
বাফুফের সাধারণ সম্পাদক জানালেন, বিষয়টা নিয়ে আরও আলোচনা হবে। এক আলোচনাতেই তো সব হয়ে যায় না! তাঁর কথা,‘কোনো নির্দিষ্ট বিষয় নিয়ে আমরা আলোচনা করতে যাইনি। গঠনতন্ত্রকে যুগোপযোগী করতেই আমাদের এই সফর। ফিফার কর্মকর্তারা বলেছেন, তাঁরা ঢাকায় আসবেন। এএফসির প্রতিনিধিও আসার কথা। প্রয়োজনে এসব নিয়ে ঢাকায় সেমিনার করবেন তাঁরা।’
এবার নির্বাচন সামনে রেখে বাফুফের গঠনতন্ত্রে কোনো পরিবর্তন নেই। গতবার নিয়ম করা হয়েছিল, বাফুফের কাউন্সিলর না হলেও যে কেউ নির্বাচনে প্রার্থী হতে পারবেন। এবারও সেটি বহাল থাকছে। সরকারি কর্মকর্তারা নির্বাচন করতে পারবেন না এমন একটা বিধান করার কথা শোনা গিয়েছিল এবার। এ ব্যাপারে ফিফা নাকি বলেছে, সরকারি কর্মকর্তা নির্বাচন করতে পারবেন। তবে সরকারের হয়ে ফেডারেশন বা ফুটবলের কোনো কাজে হস্তক্ষেপ করতে পারবেন না। ফুটবল উন্নয়ন নিয়েই তাঁদের কাজ করতে হবে।