ফুটবল ছাড়তে চেয়েছিলেন রুনি!
যেকোনো কাজ টানা করে গেলে একটা সময়ে বীতস্পৃহা আসতে পারে। খানিকটা অবিশ্বাস্য শোনাতে পারে, ওয়েইন রুনির ক্ষেত্রে সেটা হয়েছিল ১৪ বছর বয়সেই। তখনই খেলা ছেড়ে দিতে চেয়েছিলেন ম্যানচেস্টার ইউনাইটেড স্ট্রাইকার! ভাগ্য ভালো, সেটা করেননি। নইলে ইংল্যান্ডের হয়ে শততম ম্যাচ খেলার রেকর্ডটা তাঁর হতো না। গত রাতেই স্লোভেনিয়ার সঙ্গে ম্যাচে এই কীর্তিটা করে ফেলার কথা রুনির। ১৪ বছর বয়সে এভারটনে খেলতে খেলতে হঠাৎই ফুটবলের ওপর থেকে আগ্রহ হারিয়ে ফেলেন রুনি। সেটা হয়নি কলিন হার্ভের জন্য। এভারটনের যুবদলের কোচ রুনিকে বুঝিয়েসুঝিয়ে নিরস্ত করেছিলেন। কিন্তু হার্ভে কোন জাদুমন্ত্রবলে বশ করলেন রুনিকে? ২৯ বছর বয়সী এই স্ট্রাইকার নিজেই জানিয়েছেন, ‘একটা বয়সে আপনি শুধু মনের আনন্দেই ফুটবল খেলতে চাইতেন। সেটা পেরিয়ে যাওয়ার পর আমাকে অনেক কিছুই শিখতে হলো, শিখতে হতো দলের ট্যাকটিকস। আমার মনে আছে, আমি শুধু ফুটবলটা উপভোগই করতে চাইতাম। আমার মনে হচ্ছিল, সেটা আমি করতে পারছি না। বাবা বেশ মুষড়ে পড়েছিলেন এটা নিয়ে। এরপর আমার সঙ্গে হার্ভির দেখা হয়, উনিই আমার ভালোবাসা আবার ফিরিয়ে আনেন। এর পর থেকে আমি নিজেকে একটা কথাই বলি, আমি আসলে ফুটবলারই হতে চেয়েছিলাম।’ এএফপি।