ফুটবল ছেড়ে এখন ব্যবসায়ী

লন্ডন থেকে যখন টেলিফোনে কথাগুলো বলছিলেন, ওয়াহেদ আহমেদের কণ্ঠে শুধুই দীর্ঘশ্বাস। বারবার তাঁর মুখে একই কথা, ‘আমি এখনই খেলাটা ছাড়তে চাইনি। কিন্তু পরিবারের সিদ্ধান্তকে শ্রদ্ধা জানিয়ে ফুটবলটা ছেড়ে দিলাম। লন্ডনে আমাদের পারিবারিক রেস্তোরাঁর ব্যবসা রয়েছে, এখন আপাতত ওই ব্যবসার দিকেই সব মনোযোগ দেব।’
কোনো চোট নেই। তারপরও হঠাৎ করেই বুটজোড়া তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন সাম্প্রতিক সময়ে জাতীয় দলে খেলা স্ট্রাইকার ওয়াহেদ আহমেদ। আর কখনো জাতীয় দলের হয়ে খেলবেন না বলে আক্ষেপ ঝরেছে তাঁর কথায়। কিন্তু জীবন অনেক কঠিন। বাস্তবতার কাছে হার মানতে হয় অনেক সময়। ২৩ বছর বয়সী এই সিলেটি যুবক ফেসবুকে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে লিখেছেন, ‘বাবা অনেক স্বপ্ন দেখতেন যেন দেশের হয়ে ফুটবল খেলি। বাবার স্বপ্ন পূরণ করতে ফুটবল খেলা। লাল-সবুজের পতাকার জন্য খেলেছি। অনেক ইচ্ছা ছিল দেশের ফুটবলকে ভালো কিছু দেওয়ার। ইচ্ছাটা পুরোপুরিভাবে শেষ হলো না। পরিবারকে সময় দিতে ফুটবল থেকে অবসর নিচ্ছি।’
সিলেট থেকে জাতীয় দলে উঠে আসা পর্যন্ত যেসব খেলোয়াড়, কোচ ও কর্মকর্তা তাঁকে বিভিন্ন সময় সাহায্য করেছেন, ধন্যবাদ দিয়েছেন তাঁদেরও, ‘ফুটবলার ওয়াহেদ হওয়ার পেছনে আমাকে যাঁরা সাহায্য করেছেন, তাঁদের অনেক ধন্যবাদ। বিশেষ করে, আমার পরিবার, কোচ, সতীর্থ, সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি সিলেটের সবাইকে। আমার এই সিদ্ধান্তে অনেকেই কষ্ট পাবেন। কিন্তু তবু আমাকে ক্ষমা করবেন।’
বছর পাঁচেক আগে মোহামেডানের বয়সভিত্তিক দলে সুযোগ পাওয়াটাই মোড় ঘুরিয়ে দেয় ওয়াহেদের জীবনের। ঢাকার ফুটবলে প্রথম নজর কাড়েন ২০১৩ গ্রামীণফোন সুপার কাপে মোহামেডানকে টানা দ্বিতীয় শিরোপা জিতিয়ে। প্রিমিয়ার লিগে ওই মৌসুমে দেশি খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ ১৫টি গোল করেন। কিছুদিন মোহামেডানের অধিনায়কও ছিলেন। পরের মৌসুমে যোগ দিলেন আবাহনীতে। কিন্তু গত দুই মৌসুম কখনো চোট, কখনো-বা আবাহনীর সাইড বেঞ্চ গরম করেই সময় কেটেছে। সুযোগ সেভাবে পাননি। সব মিলিয়ে সময়টা ভালো যাচ্ছিল না ওয়াহেদের।
জাতীয় দলেও একই অবস্থা। ২০১৩ সাফের জাতীয় দলে সুযোগ মিলল। এরপর ২০১৪ সালে দক্ষিণ কোরিয়ায় এশিয়ান গেমসেও খেলেছেন। কিন্তু জায়গাটা ধরে রাখতে পারেননি বেশি দিন।
২০১৪ সালে লন্ডনপ্রবাসী বাংলাদেশি মেয়ে শাহনাজ প্রিয়াকে বিয়ে করেন ওয়াহেদ। এরপর কখনো লন্ডন, কখনো বাংলাদেশ—এভাবেই সময় কেটেছে। এ বছরের শুরুতে স্থায়ীভাবেই পাড়ি দিলেন লন্ডনে। মাঝে গত মার্চে অবশ্য আরও একবার দেশে এসেছিলেন। অনেক ক্লাব থেকে তখন নতুন মৌসুমে খেলার জন্য প্রস্তাবও পেয়েছেন। কিন্তু শেষ পর্যন্ত ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে চলে যান লন্ডনেই।