ফুটবল ছেড়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্যারিয়ারের পড়ন্ত বেলায় ফুটবলারদের কেউ কেউ ফুটবল বিশ্লেষক হন, কেউ নিতে শুরু করেন কোচিংয়ের দীক্ষা। তবে জার্মানির টিম ভাইৎস যা করেছেন, সেটা আগে আর কেউ তো করেননি, ভবিষ্যতেও কয়জন করবেন সংশয় আছে। সবুজ মাঠ ছেড়ে যে সটান রেসলিং রিংয়ে চলে এসেছেন ৩২ বছর বয়সী এই গোলরক্ষক। এর মধ্যে ডব্লুডব্লুইর একটা অনুষ্ঠানে রেসলার হিসেবে অভিষেকও হয়ে গেছে ভাইৎসের। শোনা যাচ্ছে, পুরোদস্তুর নাম লেখাতে শিগগিরই পাড়ি জমাবেন যুক্তরাষ্ট্রে। ভাইৎস কিন্তু কোনো এলেবেলে ফুটবলার ছিলেন না, ভেরডার ব্রেমেনের হয়ে বুন্দেসলিগায় দীর্ঘদিন খেলেছেন। জার্মানির হয়েও ছয়টি ম্যাচে গোলরক্ষক ছিলেন। কাগজে-কলমে এখনো হফেনহেইমের চুক্তিবদ্ধ খেলোয়াড়, গত দুই মৌসুমে অবশ্য মাত্র ১০টি ম্যাচ খেলেছেন। তবে এবার সেই পাট নিশ্চয়ই চুকিয়ে দেবেন ৬ ফুট ৩ ইঞ্চির এই ফুটবলার থুড়ি রেসলার? এএফপি।