ফুটবল জ্ঞান বাড়াতে বাংলাদেশে আসছেন ইউরোপিয়ানরা

বাফুফের ‘টেকনিক্যাল অ্যান্ড স্ট্র্যাটেজিক ডিরেক্টর’ পল স্মলি থাকছেন বাফুফের প্রো কোর্স পরিচালনার দায়িত্বেফাইল ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিরোনাম দেখে চমকে ওঠারই কথা! ইউরোপ থেকে বাংলাদেশে এসে ফুটবল শেখা—এ-ও হয় নাকি!

কিন্তু বাস্তবে কয়েক দিন পরই এমন ঘটনাই ঘটতে যাচ্ছে। বাংলাদেশে এসে ফুটবল জ্ঞানে সমৃদ্ধ হবেন কয়েক ইউরোপিয়ান কোচ। এশিয়ার শীর্ষ ফুটবল খেলুড়ে দেশ দক্ষিণ কোরিয়া থেকেও আসবেন দুজন কোচ। এএফসি ‘প্রো’ সনদ কোর্সের মধ্য দিয়েই নিজেদের ফুটবল-মস্তিষ্ক ঝালাই করবেন তাঁরা।

ফুটবল কোচদের সর্বোচ্চ ডিগ্রি প্রো সনদ জাতীয় দলের কোচ হওয়ার জন্য এখন বাধ্যতামূলক। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) প্রথমবারের মতো বাংলাদেশে সে কোর্স আয়োজন করছে। এ কোর্সে বাংলাদেশ থেকে ১৩ জন কোচের সঙ্গে ১১ বিদেশিও আছেন।

বাংলাদেশের কোনো কোচেরই এত দিন ফুটবল কোচদের সর্বোচ্চ ডিগ্রি প্রো লাইসেন্স সনদ ছিল না। এবার তাঁরা সে সুযোগ পাচ্ছেন দেশেই। দক্ষিণ এশিয়ার দ্বিতীয় দেশ হিসেবে প্রো কোর্সের আয়োজন করছে বাংলাদেশ।

পর্তুগিজ কোচ মারিও লেমোস অংশ নিচ্ছেন কোর্সে
ফাইল ছবি : প্রথম আলো

বিষয়টিকে যুগান্তকারী বলছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন, প্রো কোর্স আয়োজন করা বাংলাদেশের ফুটবলের জন্য যুগান্তকারী একটা ঘটনা, যা বিদেশি কোচদেরও আকৃষ্ট করেছে। দক্ষিণ এশিয়ার মধ্যে এর আগে ২০১৪ সালে একবার প্রো কোর্স আয়োজন করেছিল ভারত।

প্রো কোর্সের জন্য সময় ধরা হয়েছে দেড় বছর। পাঁচটি মডিউলের এ কোর্সের দুটি এরই মধ্যে হয়ে গেছে অনলাইনে। বাকি তিনটি ব্যবহারিক মডিউল। প্রথমটি ২৯ জানুয়ারি শুরু হয়ে চলবে পাঁচ দিনব্যাপী।

এখান থেকে আয়ও করছে বাফুফে। স্থানীয় ও বিদেশিদের কোর্স ফি যথাক্রমে পাঁচ ও সাত হাজার ডলার। স্থানীয়দের মধ্যে চট্টগ্রাম আবাহনীর কোচ মারুফুল হক ও শেখ রাসেলের সাইফুল বারী ছাড়াও কোর্সে অংশ নেবেন জুলফিকার মাহমুদ, গোলাম রব্বানী, মাসুদ পারভেজ, উজ্জ্বল চক্রবর্তী, হাসান আল মাসুদ, জাকারিয়া বাবু, আবু ফয়সাল, রাশেদ আহমেদ, এস এম এ আসিফুজ্জামান ও জাহান-ই-আলম।

মারুফুল হকসহ বাংলাদেশের অনেক কোচ অংশ নিচ্ছেন এই কোর্সে
ফাইল ছবি: প্রথম আলো

উয়েফা ‘এ’ লাইসেন্সধারী কোচ মারুফুল হক কোর্সটি নিয়ে বলছিলেন, ‘সব কোচেরই লক্ষ্য থাকে সর্বোচ্চ ডিগ্রি অর্জন করা। সেটা বাংলাদেশে হওয়ায় আমাদের জন্য খুব ভালো হয়েছে। এরই মধ্যে বিশ্বমানের কিছু ইনস্ট্রাক্টরের ক্লাস পেয়েছি। সামনে ব্যবহারিক মডিউলে নিশ্চয়ই আরও অনেক কিছু জানতে পারব।’

কোর্সে অংশ নেওয়া বিদেশি কোচদের মধ্যে আছেন আবাহনী লিমিটেডের মারিও লেমোস ও মোহামেডান স্পোর্টিং লিমিটেডের শন লেন। এ ছাড়া আছেন কলকাতা মোহামেডানের কোচ শঙ্করলাল চক্রবর্তী, দিল্লি সুদেভা এফসির ভুটানিজ কোচ চেনসো দর্জি, মালদ্বীপের জাতীয় দলের সাবেক কোচ আলী সুজাইন, মোহাম্মদ নিজাম ও মাহফুজ ইসমাইল, দক্ষিণ কোরিয়ার পার্ক জে হোং ও শিউংজিন জু, ইংল্যান্ডের জেমস ম্যাকলন এবং নেদারল্যান্ডসের ইরোল আকবাই।

বাংলাদেশে কোচদের প্রো লাইসেন্সের কোর্স আয়োজিত হওয়ায় উচ্ছ্বসিত বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন
ফাইল ছবি: প্রথম আলো

শুক্রবার ঢাকায় পা রাখার কথা রয়েছে সবার। কলকাতা থেকে ভারতীয় কোচ শঙ্করলাল চক্রবর্তী বলেন, ‘প্রো কোর্সের জন্য দুটি কারণে আমি বাংলাদেশকে বেছে নিয়েছি। প্রতিবেশী দেশ হিসেবে যাতায়াত খরচ কম হবে। দ্বিতীয়ত, ভালো ইনস্ট্রাক্টর।’

বাফুফে থেকে কোর্স পরিচালনার দায়িত্বে আছেন টেকনিক্যাল অ্যান্ড স্ট্র্যাটেজিক ডিরেক্টর পল স্মলি। তিনি এটাকে বলছেন স্থানীয় কোচদের জন্য দারুণ একটা সুযোগ, ‘ব্যবহারিক কোর্সে স্থানীয় ও বিদেশি কোচরা নিজেদের মধ্যে ফুটবল জ্ঞান আদান-প্রদান করবেন। স্থানীয় কোচদের জন্য এটা দারুণ একটা সুযোগ।’

ব্যবহারিক কোর্সে স্মলির সঙ্গে প্রশিক্ষক হিসেবে থাকবেন ইরান জাতীয় দলের সাবেক কোচ মোর্তেজা মোহাসেজ।