ফুটবল দলের অস্ট্রেলিয়ান কোচ

দুদিন আগে বাফুফে ভবনে বসে তাবিথ আউয়াল বলছিলেন, ‘ডান’। অর্থাৎ জাতীয় দলের নতুন কোচ চূড়ান্ত হয়ে গেছে। লন্ডন থেকে বাফুফের এই সহসভাপতিকে খুদে বার্তা পাঠিয়ে বিষয়টা জানান আরেক সহসভাপতি ও জাতীয় দল কমিটির প্রধান কাজী নাবিল আহমেদ। লন্ডনেই তিনি নতুন কোচের সঙ্গে কথা পাকা করেছেন। কাল জাতীয় দল কমিটির সভায় শুধু অ্যান্ড্রু ওর্ড নামটা অনুমোদন করা হয়েছে।
বাংলাদেশ জাতীয় দলের নতুন কোচ নিয়ে এখন আর বিশেষ কৌতূহল জাগে না। কারণ কোচ তো কম এল না। নয় নয় করে ওর্ডের আগে ১৭ জন বিদেশি ফুটবল কোচ পেয়েছে বাংলাদেশ। সর্বশেষ ‘হাইপ্রোফাইল’ বেলজিয়ান কোচ টম সেন্টফিটকে নিয়ে কম মাতামাতি হয়নি। কিন্তু সত্যটা হচ্ছে, তাঁর অধীনে ইতিহাসে প্রথমবার ভুটানের কাছে হারের লজ্জায় ডুবে আন্তর্জাতিক ফুটবলে সাময়িক নির্বাসিত বাংলাদেশ।
গত অক্টোবরে ভুটানের কাছে জাতীয় দলের ওই হারের পর দেশের ফুটবলে এখন হাহাকার। ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান এখন সর্বকালের সবচেয়ে নিচে (১৯৩)। এ অবস্থা থেকে ঘুরে দাঁড়ানোর কথা ভাবছে বাফুফে। যদিও ডিসেম্বরের আগে বঙ্গবন্ধু কাপের আগে জাতীয় দলের খেলা নেই। তবে অনূর্ধ্ব-২৩ ও অনূর্ধ্ব-১৯ দলের খেলা আছে সামনে। এ কারণেই ব্রিটিশ বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান কোচ ওর্ডকে আনা। ১ জুন ঢাকায় এসে ফেডারেশন কাপ শেষে দশ দিনের একটি ক্যাম্প করবেন ৩৭ বছর বয়সী কোচ।
বাফুফে আপাতত এক বছরের চুক্তি করতে চাইছে। তবে বিদেশি কোচদের সঙ্গে বাফুফের তিক্ত সম্পর্কের যে ইতিহাস, তাতে এই কোচ কত দিন টেকেন সেটাই দেখার। ডাচ কোচ লোডভিক ডি ক্রুইফের সঙ্গে দুই বছরের চুক্তি হয়েছিল শুরুতে। কিন্তু তাঁকে কাজ দিয়ে ঢাকায় একটানা রাখতে পারত না বাফুফে। বেতন-কড়ি নিয়ে সমস্যা হয়েছে অনেক। বরখাস্ত করে ফিরিয়ে এনে একটা সময় তো তাঁকে ‘কাজের বিনিময়ে বেতন’ পদ্ধতিতে রাখা হয়েছিল।
নতুন কোচের ক্ষেত্রে সেটা হবে না বলা হচ্ছে। ওর্ডের বয়স মাত্র ৩৭। বছর দুয়েক আগে ৪১ বছরের অস্ট্রেলিয়ান কোচ নাথানকে নিয়ে এসেছিল আবাহনী। কিন্তু নানা কারণে ডাগআউটে দাঁড়ানোর আগেই তাঁর আবাহনী অধ্যায় শেষ। জাতীয় দলে ক্রুইফের পর নিয়োগ দেওয়া হয় ৪৩ বছর বয়সী ইতালিয়ান ফাবিও লোপেজকে। তিনি টেকেন মাস দুয়েক। অবশ্য নবীন-প্রবীণ কোচ নয়, কখনো কোচই বেশি দিন টিকতে পারেনি বাংলাদেশে।
তবে আগে এত কম বয়সী কোচ আনা হয়নি। এবার কেন? বাফুফের জাতীয় দল কমিটির প্রধান কাজী নাবিল আহমেদ বলেছেন, ‘তাঁর সঙ্গে কথা বলে মনে হয়েছে, তাঁর আধুনিক চিন্তাভাবনা আছে। বিভিন্ন জায়গায় কাজ করার সুবাদে এশিয়ার ফুটবল সম্পর্কে ভালো ধারণা রাখেন। তরুণ বলেই ভালো করতে উদ্গ্রীব থাকবেন নিজের ক্যারিয়ারের স্বার্থে।’
ওর্ডের ‘জীবনবৃত্তান্ত’ খুব ওজনদার নয়। ক্লাব ফুটবলে কখনো প্রধান কোচ হিসেবেই কাজ করেননি। ২০১০-১৩ পর্যন্ত থাইল্যান্ডের দুটি ক্লাব বেগ তেরো সাসানা এবং মুয়াং থং ইউনাইটেডে সহকারী কোচ ছিলেন। ২০১৩ সাল থেকে অস্ট্রেলিয়ার ‘এ’ লিগে পার্থ গ্লোরির সহকারী কোচ হিসেবে আছেন। স্টপার হিসেবে খেলেছেন আধা পেশাদার ফুটবল। তবে এখন বাংলাদেশের কোচের উত্তপ্ত চেয়ারে বসে পেশাদার ফুটবলারদেরই সামলাতে হবে তাঁকে।