ফুটবল দলের জাপানি শিক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমন ম্যাচ আরও অনেক খেলতে হবে। খেলতে খেলতেই শেখা হবে। একটা সময় মাথা তুলে দাঁড়ানো যাবে দল হিসেবে। তাই হতাশার কিছু নেই।
জাপান অনূর্ধ্ব-২১ দলের সঙ্গে ম্যাচ খেলার পর এই হলো বাংলাদেশের আত্মোপলব্ধি। ৩ গোলে হারটা একটু বেশিই হয়েই গেছে, এটা মেনে নিয়েও সেই অর্থে কেউই হতাশ নন। এই ম্যাচ থেকে পাওয়া ‘জাপানি শিক্ষা’ কাজে লাগানোর দিকেই বরং বেশি মনোযোগী হতে চান খেলোয়াড়-কর্মকর্তারা।
বাইরে থেকে ম্যাচ দেখে অনেকেরই অনেক কিছু মনে হতে পারে। কিন্তু মাঠের আসল চরিত্র যাঁরা, সেই খেলোয়াড়দের কেমন লেগেছে? তাঁরা তো নিশ্চয়ই চাননি একটা যুবদলের সঙ্গে ৩ গোলে হার? কয়েকজন খেলোয়াড়ের সঙ্গে কথা বলে বোঝা গেল, হার নয় একটা সময় ড্র করাও সম্ভব মনে হয়েছিল তাঁদের কাছে। তবে সব ছাপিয়ে পরশু বঙ্গবন্ধু স্টেডিয়ামে ৯০ মিনিটে অসম লড়াইটা বাংলাদেশের সামনে খুলে দিয়েছে নিজেদের চেনার রাস্তাই।
অধিনায়ক মামুনুল ইসলাম যেমন সামনে আনছেন দম হারিয়ে ফেলার কথাই। মামুনুল ইন্ডিয়ান সুপার লিগের ফাইনালে তাঁর দলের সঙ্গে যোগ দিতে কাল রাতে মুম্বাই যাওয়ার আগে বলছিলেন, ‘এটি জাপানের যুবদল হলেও ওরা অনেক শক্তিশালী। তার পরও আমরা ওদের ৬০ মিনিট পর্যন্ত আটকে রাখতে পেরেছি, যা খুবই ভালো। কিন্তু ম্যাচ থেকে আস্তে আস্তে হারিয়ে যাওয়ার কারণেই এমন হার। ভবিষ্যতে নিজেদের দম বাড়িয়েই আমাদের এমন ম্যাচ খেলা উচিত।’
আন্তর্জাতিক ম্যাচ এলেই ‘আমাদের দমের অভাব’ কথাটা বারবার শুনতে হয়। কিন্তু দম হারিয়ে যায় কেন? সমস্যাটা কোথায়? স্ট্রাইকার জাহিদ হাসান এমিলির কাছে সমাধান একটাই—ফিটনেস বাড়াতে হবে। পরশু ম্যাচ খেলার সময় দ্বিতীয়ার্ধে নাকি তাঁর অসহায় লেগেছে, ‘এ ধরনের ম্যাচ খেলতে টপ লেভেলের ফিটনেস প্রয়োজন, সেটি আমাদের ছিল না। ৫০-৬০ মিনিট পর্যন্ত আমরা ভালোই খেলেছি। ওদের তেমন সুযোগ দিইনি। কিন্তু সময় গড়াতেই আমাদের ফিটনেস-ঘাটতিটা বেরিয়ে আসে। প্রতিরোধক্ষমতা বা কিছু করার শক্তি ক্ষয়ে যায়। তাই দ্বিতীয়ার্ধে অসহায় লাগছিল মাঠে।’
বহুল প্রচলিত কথা, বাংলাদেশের ফুটবলাররা নিজেদের ফিটনেসের ব্যাপারে সচেতন নন। তাঁদের অনেকে খেলার বাইরের বিষয়গুলো নিয়েই ব্যস্ত থাকেন বেশি। খেলাটা মাথায় থাকে কম। তবে এমিলির দাবি, ব্যক্তিগত অনুশীলন বা ফিটনেস চর্চা সবাই করে। সবাই খেলা নিয়ে ভাবে। তবে তাঁর চোখে, এমন ম্যাচের জন্য প্রয়োজন ছিল উন্নত প্রশিক্ষণ। সর্বোচ্চ মানের শারীরিক সক্ষমতা। যেটির কোনোটাই বাংলাদেশ দলের ছিল না।
ফিটনেস কমা মানে মনঃসংযোগে চিড়, এটা জাপান যুবদলের বিপক্ষে প্রমাণিত। জাপানের খেলোয়াড়দের ফিটনেস অনেক বেশি ছিল বলেই তাঁরা ৯০ মিনিট সমানভাবে খেলতে পেরেছেন। স্কিল তো আছেই। ডিফেন্ডার নাসির উদ্দিন স্কিলের চেয়ে এমন ম্যাচ খেলার অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্ব দিচ্ছেন, ‘আমরা মূলত সাফ অঞ্চলের দলের সঙ্গেই খেলি। জাপানের মতো দেশের যুবদলের সঙ্গে খেলার অভ্যাস নেই। এই অভ্যাসটা বাড়লে আমরাও পারব। ৬০ মিনিট ওদের আটকে রেখে এটাই বুঝলাম।’
বিরতির সময় বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন সাজঘরে গিয়ে খেলোয়াড়দের একটা কথাই বলেছেন, জাপান দ্বিতীয়ার্থে তেড়েফুঁড়ে আসবে। এই অর্ধেই আসল পরীক্ষা। কোচও বারবারই বলছিলেন, পরিকল্পনা অনুযায়ী খেলতে। কিন্তু ১৫ মিনিটের ‘জাপানি সুনামি’ই চোখে আঙুল দিয়ে দেখিয়ে গেল, বাংলাদেশ জাতীয় দল আসলে কোথায় দাঁড়িয়ে!
কোচ সাইফুল বারীর চোখে অনেক দিকই ধরা পড়েছে। নেপাল বা শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচে একটা পাস দিতে যতটা দ্রুত সিদ্ধান্ত নেওয়া দরকার, তার চেয়ে অনেক বেশি দ্রুত হওয়ার দরকার জাপানের মতো বড় দলের সঙ্গে। এই জায়গায় অনেক উন্নতি করতে হবে।
এই উপলব্ধি সালাউদ্দিনেরও। ম্যাচ দেখে তিনি মোটেও মন খারাপ করেননি। অনেক দর্শক দেখে বরং উজ্জীবিত হয়েছেন, ‘আমাদের ছেলেরা এমন ম্যাচ খেলতে অভ্যস্ত নয়। তবু ৬০ মিনিট ভালোই খেলেছে। এখান থেকে অভিজ্ঞতা নিয়ে এগোতে হবে। এমন ম্যাচ আরও খেলব আমরা। তাই ৩ গোলে হারকে আমি বড় করে দেখছি না, এতে লজ্জারও কিছু নেই। বড় দলের সঙ্গে খেলতে খেলতে তিন-চার বছর পর আমরা দাঁড়িয়ে যাব।’
এটাই আসল কথা। খেলতে খেলতেই ভুলত্রুটি শোধরানো সম্ভব। জাপান যুবদল এই যে উপলব্ধির বীজটা বুনে দিয়ে গেল বাংলাদেশের মাটিতে, সেটি যেন কাজে লাগানো যায়।