ফুটবল দেখতে ময়মনসিংহে মানুষের ঢল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উপচে পড়া গ্যালারি, উন্মাতাল দর্শক। কে বলে ফুটবল হারিয়ে গেছে? আজ ময়মনসিংহে। ছবি: প্রতিবেদক।
উপচে পড়া গ্যালারি, উন্মাতাল দর্শক। কে বলে ফুটবল হারিয়ে গেছে? আজ ময়মনসিংহে। ছবি: প্রতিবেদক।

উত্তাপটা টের পাওয়া যাচ্ছিল জুমার নামাজের পর থেকেই। রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামের টিকিট কাউন্টারের সামনে দর্শকের বিশাল লাইন। পাশেই আরেকটা লাইন চলে গেছে কাচিঝুলি আঞ্জুমান ঈদগাহ মাঠ পর্যন্ত। কারও হাতে টিকিট। কেউ টিকিটের জন্য হন্যে হয়ে ঘুরছেন।

ময়মনসিংহে আজ থেকে শুরু হচ্ছে প্রিমিয়ার লিগের খেলা। জাতীয় পর্যায়ের কোনো ফুটবল প্রতিযোগিতা এবারই প্রথম এই শহরে। উদ্বোধনী ম্যাচ দেখতে যেন ময়মনসিংহবাসীর ঘুম নেই। অথচ গতকাল পর্যন্তও প্রচারণা যেমন ছিল, তাতে অনেকেই আশঙ্কা করেছিল, স্টেডিয়ামে আদৌ দর্শক আসবে কি না। কিন্তু ক্রীড়াপ্রেমী ময়মনসিংহের দর্শকেরা সব ভুল প্রমাণ করে ছুটে এসেছে স্টেডিয়ামে।
দর্শকদের অনেকের হাতে ভুভুজেলা। মুখে আঁকা বিপিএলের উলকি। কেউ আর্জেন্টিনা, কেউ ব্রাজিলের জার্সি গায়ে এসেছে। কারও হাতে আবার বাংলাদেশের পতাকা। মাথায় বাঁধা বাংলাদেশ লেখা হেডব্যান্ড। যেন এমন একটা উপলক্ষেরই অপেক্ষায় ছিল এত দিন ময়মনসিংহবাসী।
গায়ে বাংলাদেশের পতাকা জড়ানো মোহাম্মদ মনিরুজ্জামান পড়ছেন ত্রিশাল নজরুল ইসলাম কলেজে। বন্ধুদের সঙ্গে এসেছেন স্টেডিয়ামে। প্রিয় ফুটবলার মামুনুলের খেলা যেন তর সইছে না তাঁর।
কিশোরগঞ্জ থেকে এসেছেন হাদিসুল ইসলাম। শেখ জামালের গোলরক্ষক মাজহারুল ইসলাম হিমেলের সঙ্গে এলাকায় খেলেছেন। প্রিয় বন্ধুর খেলা দেখতে এবার মাঠে ছুটে এসেছেন।
তিন দিন আগে এই খেলা দেখার জন্য প্রস্তুতি নিয়ে রেখেছিলেন মুক্তাগাছার আবু তাহের। কিন্তু টিকিট পাচ্ছিলেন না বলে একটু দুশ্চিন্তায় ছিলেন। শেষ পর্যন্ত টিকিট মেলায় তাঁর চোখে মুখে তৃপ্তি, ‘আমার বড় ভাই টিকিট কিনে এনেছেন। ভাইয়ের সঙ্গে খেলা দেখতে এসেছি। খুব ভালো লাগছে।’
নানা হাবিবুর রহমানের সঙ্গে এসেছে ছোট্ট আবরার আজাদ। তার গায়ে আর্জেন্টিনার জার্সি। প্রিয় ফুটবলার চট্টগ্রাম আবাহনীর মামুনুল। জাতীয় দলের অধিনায়কের খেলা এবার মাঠে বসে দেখবে বলে সে কী উচ্ছ্বাস, ‘এত দিন টিভিতে দেখেছি মামুনুলকে। আজ মাঠে দেখব। খুবই আনন্দ হচ্ছে আমার।’
মোসাম্মত সামিরার হাতে ধরা কোমল পানীয়। গরমে দরদরিয়ে ঘামলেও মুখে ছিল তৃপ্তির ছাপ। প্রথমবার এসেছেন স্টেডিয়ামে। স্বামী আসাদুজ্জামান ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। ময়মনসিংহের যুবক স্ত্রীকে খেলা দেখাবেন বলেই ঢাকা থেকে চলে এসেছেন স্টেডিয়ামে।
বাংলাদেশের পতাকা হাতে ধরা আরিফুল ইসলাম, জিয়াউল হায়দাররা সবাই স্টেডিয়ামে ঢোকার লাইনে দাঁড়িয়ে সেলফি তুলতে ব্যস্ত। টাউন হল মেসের ছাত্রেরা ছুটির দিন হওয়ায় চলে এসেছেন মাঠে।
ছয় বছরের ছেলে সজীবকে নিয়ে এসেছেন ফেরদৌসী রহমান। মাঠে ঢোকার আগে বলছিলেন, ‘আমার এখানে এসে খুব লজ্জা লাগছে। কিন্তু মাঠের পাশেই বাড়ি। ছেলেকেও ফুটবলার বানানোর স্বপ্ন দেখি। তাই ছেলে ও মেয়েকে নিয়ে এলাম।’
ময়মনসিংহ স্টেডিয়ামে দর্শকের ঢল নেমেছে। স্থানীয় দর্শকদের চাওয়া, এখন থেকে নিয়মিতই যেন এই স্টেডিয়ামে ফুটবলের আয়োজন করে বাফুফে। তাহলে হয়তো ময়মনসিংহের মতো সারা দেশেই জেগে উঠবে দর্শক। মেতে উঠবে ফুটবল আনন্দে।