ফুটবল, না দাদাগিরি?
‘চশমাটা খসে গেলে মুশকিলে পড়ি...কবজির জোরে আমি পারব না!’
অঞ্জন দত্তের গানের ‘রোমিও’র মতো অবস্থাই এখন হয়েছে পর্তুগিজ ফুটবলের অপেশাদার চতুর্থ স্তরের লিগের দলগুলোর। প্রেমের ময়দান নয়, ফুটবল মাঠেই কানেলাস নামের ক্লাবের খেলোয়াড়দের ‘দাদাগিরি’র সঙ্গে কুলিয়ে উঠছে না তারা। খেলা দূরের কথা, ভয়ে তাদের বিপক্ষে মাঠে নামার কথাই উচ্চারণ করছে না প্রতিপক্ষ দলগুলো। বরং ৭৫০ ইউরো করে জরিমানা দিয়ে যাচ্ছে, আর এ সুযোগে ম্যাচের পর ম্যাচ ‘ওয়াকওভার’ পেয়ে পেয়ে লিগের পয়েন্ট তালিকার শীর্ষে জাঁকিয়ে বসেছে কানেলাস, নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে এগিয়েও গেছে ১৪ পয়েন্টে!
‘বুনো’, ‘কসাই’...এমন অনেক উপমাই জুটেছে কানেলাসের খেলোয়াড়দের গায়ে। তাঁদের অধিনায়কের ডাকনামও ‘এইপ’! এমন নাম জোটারই কথা, পর্তুগিজ ক্লাব এফসি পোর্তোর সবচেয়ে হিংস্র সমর্থকগোষ্ঠী ‘আলট্রাসে’র কয়েকজন খেলছেন দলটিতে, ফুটবলটাও কানেলাস খেলে তেমনই মেরেধরে। বল কেড়ে নিতে গিয়ে ধুম করে প্রতিপক্ষ খেলোয়াড়ের বুকে লাথি বসিয়ে দেওয়া, কিংবা কড়া ট্যাকলে হাড়গোড় ভেঙে দেওয়ার ব্যবস্থা...এসব নিত্যনৈমিত্তিক ব্যাপার। আর এসব দেখেই তাদের বিপক্ষে খেলার চেয়ে ‘জান বাঁচানো ফরজ’ মনে করছে সবাই।
প্রতিপক্ষ ক্লাব গ্রিজোর সভাপতি ম্যানুয়েল গোমেস তেমনই বললেন, ‘কানেলাস আইনকানুন মানে না। ওরা বুনো, কসাই। আমাদের খেলোয়াড়েরা ওদের মুখোমুখি হতেই ভয় পায়।’ আরেক ক্লাব পাদ্রোয়েন্সের সভাপতি জার্মানো পিনহোর কণ্ঠেও একই সুর, ‘কানেলাসের খেলোয়াড়েরা মারামারি করতে চায়, হুমকি-ধমকি দেয়। এমনকি রেফারিদের সঙ্গেও এমন করে।’
কিন্তু সংবাদমাধ্যমে বললেও এই ক্লাবগুলো কানেলাসের বিপক্ষে আনুষ্ঠানিক অভিযোগ করছে না। তাই কানেলাসও বে-ফিকার নিজেদের মতো করে খেলে যাচ্ছে। কৌশলটা কাজেও দিয়েছে। এ পর্যন্ত লিগে ১৯টি ম্যাচ জিতেছে কানেলাস, এর মধ্যে ১৩টিতেই প্রতিপক্ষ ভয়ে মাঠেই আসেনি। যদিও দলের অধিনায়ক ফার্নান্দো ‘এইপ’ মাদুরেইরো আত্মপক্ষ সমর্থনই করেন, ‘আমরা আক্রমণাত্মক ফুটবল খেলা দল, আবেগ দিয়েই খেলি। তবে কেউ তো আর মাঠে বন্দুক বা লাঠি নিয়ে নামছে না।’
তা-ও ঠিক! মাদুরেইরো কথাগুলো বলেছেন লিগে ক্যান্ডালের বিপক্ষে খেলতে নামার আগে, প্রায় দুই মাস পর কানেলাসের বিপক্ষে খেলতে রাজি হওয়া প্রথম দল তারা! এমনিতেই যদি ‘দাদাগিরি’ হয়ে যায়, তাহলে বন্দুক-লাঠির দরকার কী! এএফপি।