ফুটবল নাকি যুদ্ধ?

যেন একটা যুদ্ধক্ষেত্র। হাতের কাছে যা পাচ্ছে তাই ছুড়ে মারছে দর্শকেরা। দাঙ্গা পুলিশ কাঁদানে গ্যাস ছুড়েও নিরস্ত করতে পারছে না কাউকে। শেষ পর্যন্ত হেলিকপ্টার আসায় রণে ভঙ্গে দিতে বাধ্য হলো তারা। অনেকেই পুলিশের নির্মম পিটুনির শিকার হলো। কে বলবে এখানে একটা ফুটবল ম্যাচ চলছিল!
পরশু খেলা ছাপিয়ে আফ্রিকান নেশনস কাপে বড় হয়ে উঠল মাঠের বাইরের উন্মত্ততাই। স্বাগতিক ইকুয়াটোরিয়াল গিনিকে ৩-০ গোলে হারিয়ে ঘানা আফ্রিকান নেশনস কাপের ফাইনালে উঠে গেছে। তবে খেলাটা যে শেষ পর্যন্ত শেষ হতে পেরেছে সেটাই বড় কথা। আরেকটু হলেই যে পণ্ড হতে বসেছিল ম্যাচটা!
১৫ হাজার দর্শকে ঠাসা স্তাদিও দে মালাবোর গ্যালারি শুরু থেকেই ছিল অগ্নিগর্ভ। র্যাঙ্কিংয়ে ৮১ ধাপ এগিয়ে থাকা ঘানার কাছে পাত্তাই পাচ্ছিল না টুর্নামেন্টের চমক স্বাগতিক দল, ৪২ মিনিটে জর্ডান আটসু পেনাল্টি থেকে গোল করে এগিয়ে দেন ঘানাকে। খানিক পর মুবারাক ওয়াকাসো ঘানার পক্ষে ব্যবধান বাড়ানোর পর দর্শকদের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। উদ্যাপনের সময়ই ঘানার খেলোয়াড়দের দিকে ধেয়ে আসতে থাকে পানীয়ের বোতল, কাচের টুকরাসহ অনেক কিছু। তখনই প্রথমার্ধ শেষ হয়ে যাওয়ায় ঘটনা বেশি দূর গড়ায়নি।
দ্বিতীয়ার্ধের শুরুতে গিনির খেলোয়াড়েরা দর্শকদের শান্ত থাকার জন্য করজোড়ে অনুরোধ করেন। তাতে খানিকটা কাজও হয়েছিল। কিন্তু ৮২ মিনিটে আন্দ্রে আইয়ু ঘানার হয়ে তৃতীয় গোল করার পর আবার ফুঁসে ওঠে গ্যালারি। বৃষ্টির মতো নানান বস্তু উড়ে আসতে থাকে মাঠের দিকে। গ্যালারির চেয়ারের খণ্ডাংশ, বোতল, কোমল পানীয়র ক্যান...কী নয়! ঘানার আক্রা থেকে এই ম্যাচ দেখতে উড়ে এসেছিলেন শ পাঁচেক ঘানাইয়ান। আক্রমণের লক্ষ্যবস্তু ছিলেন তাঁরাও। ততক্ষণে পুলিশ এসে খেলোয়াড়দের ঘিরে ফেলেছে, কিন্তু দর্শকদের থামাথামি নেই। প্রায় ৪০ মিনিট বন্ধ থাকার পর দর্শকশূন্য স্টেডিয়ামে আবার শুরু হয় খেলা। মাঠের বাইরেও তাণ্ডব চালিয়েছে স্বাগতিক দর্শকেরা, রাস্তার ল্যাম্পপোস্ট থেকে দোকানপাট, রেহাই পায়নি কিছুই। এএফপি, গার্ডিয়ান।
ঘটনার জন্য কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল ১ লাখ ডলার জরিমানা করেছে ইকুয়াটোরিয়াল গিনিকে।