ফুটবল? নাকি রোমাঞ্চকর নাটক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফুটবল ম্যাচ নয়, সাসপেন্সে ঠাসা নাটক। সেই নাটকের সবচেয়ে রোমাঞ্চকর দৃশ্যগুলো দেখে নিন।
ফুটবল ম্যাচ নয়, সাসপেন্সে ঠাসা নাটক। সেই নাটকের সবচেয়ে রোমাঞ্চকর দৃশ্যগুলো দেখে নিন।

পুরো ৯০ মিনিট জুড়ে একবারের জন্যও চোখের পাতা ফেলার সুযোগ ছিল না। এক মিনিটে আর্সেনালের বক্সে বল, তো পরের মিনিটেই লিভারপুলের। কাল প্রিমিয়ার লিগে লিভারপুল ও আর্সেনালের ম্যাচটি ছিল এমনই উত্তেজনায় ঠাসা। গোল হয়েছে ৬টি, তবে দিন শেষে কেউই জেতেনি। ম্যাচটা ড্র হয়েছে ৩-৩ গোলে। অবশ্য এমন ম্যাচে কেউ জিতলে ফুটবল দেবতার ‘নিরপেক্ষতা’ নিয়েই প্রশ্ন উঠে যেত। এমন ম্যাচে কেউ হারে নাকি!

শুধু গোলের হিসেব করলে প্রথমার্ধের ১০ থেকে ২৫—এই ১৬ মিনিট ছিল সবচেয়ে ‘পাগলাটে’। ছয় গোলের চারটিই হয়েছে এই সময়ে। দুই দলের মধ্যে ব্যাপারটা যেন এমন ছিল যে, ‘তুমি গোল দিতে পারলে আমি পারব না কেন?’ রবার্তো ফিরমিনোর গোলে প্রথমে লিভারপুল এগিয়ে গেল, মিনিট চারেক পরই অ্যারন রামসের গোলে সমতায় আর্সেনাল। পাঁচ মিনিট পর আবার ফিরমিনো হাজির ম্যাচের সবচেয়ে সুন্দর গোলটি নিয়ে—২৫ গজ দূর থেকে দুর্দান্ত বাঁকানো শটে দ্বিতীয়বারের মতো এগিয়ে দিলেন লিভারপুলকে।
কিন্তু আর্সেনাল তাদের এগিয়ে থাকতে দিল মাত্র ৬ মিনিট। কর্নারে পা ছুঁইয়ে আর্সেনালকে সমতায় এনে দিলেন অলিভিয়ের জিরু। অবশ্য লিভারপুল গোলরক্ষক সিমন মিনোলেতের ‘অবদান’ও তাতে কম নয়। এই হিসেবে দ্বিতীয়ার্ধ কিছুটা ‘ম্যাড়ম্যাড়ে’ই গেছে। গোল হয়েছে ‘মাত্র’ দুটি। ৫৫ মিনিটে আর্সেনালকে ম্যাচে প্রথমবারের মতো এগিয়ে দিলেন জিরু। জয়টা যখন প্রায় নিশ্চিত ধরেই নিচ্ছিল আর্সেনাল, তখনই ধাক্কা। নির্ধারিত সময়ের শেষ মিনিটে গোল করে লিভারপুলকে সমতায় নিয়ে এলেন জো অ্যালেন।
অবশ্য আর্সেনাল-লিভারপুল ম্যাচ হবে, আর তাতে যোগ করা সময়ে গোল হবে না, তা কী হয়? প্রিমিয়ার লিগ যুগে এই ম্যাচের আগে ১৫ বার দুই দলের খেলায় ৯০ মিনিট বা তার পরে গোল হয়েছে। এই ম্যাচে তেমন গোল হওয়াটাকে কী বলবেন?
শুধু গোলের হিসেব দিয়েই একটা ম্যাচকে বিচার করতে যাওয়া ভুল হবে। যে গতিতে দুদল খেলে গেছে পুরো ৯০ মিনিট জুড়ে, যেভাবে একে অন্যের বক্সে আক্রমণ করে গেছে, তাতে ম্যাচের ধারাভাষ্যকারের মন্তব্যটাই করা যায়—‘হোয়াট আ ম্যাচ!’ এটিকে এবারের প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত সেরা ম্যাচ তো আর এমনি এমনি বলা হচ্ছে না! সুন্দর ফুটবল তার রোমাঞ্চের শীর্ষ বিন্দুতে পৌঁছালে পৃথিবীর বাকি সবকিছু কেমন তার কাছে ম্লান হয়ে যায়, আরও একবার প্রমাণ হয়ে গেল। প্রতি মুহূর্তেই যেন ক্লাইম্যাক্স আর অ্যান্টি-ক্লাইম্যাক্স, সাসপেন্স!
ম্যাচ শেষে লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপের কণ্ঠেও ছিল এই ম্যাচের উত্তেজনা। ম্যাচটিকে ‘অসাধারণ’ জানিয়ে বললেন, ‘ফুটবল ম্যাচ এমনই হওয়া উচিত। মানুষ এই ম্যাচটা মনে রাখবে। হয়তো খুব বেশি দিন নয়, কারণ রোববারই ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে ম্যাচ আছে (লিভারপুলের পরের ম্যাচ)। তবে এই ম্যাচটিকে ভুলতে পারবে না।’
ভোলা যাবে না ক্লপের গোল উদযাপনও। বৃষ্টিভেজা রাতে প্রতিটি গোলের পর যেভাবে বাতাসে ঘুষি মেরে, বুক চাপড়ে উদযাপন করছিলেন, সেটি হয়তো পুরো ম্যাচেরই উত্তেজনাটাকে ফুটিয়ে তোলে। এমনই উত্তেজিত ছিলেন ক্লপ যে, তাঁকে শান্ত করতে একটা সময়ে এগিয়ে আসতে হয়েছিল আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গারকেও। ওয়েঙ্গার বললেনও, ‘ম্যাচে একটা সময় আমার ওকে শান্ত করতে হয়েছিল। সম্ভবত একটা থ্রো-ইন নিয়ে একটু উত্তেজিত হয়ে পড়েছিল ও।’
তুলনায় কিছুটা নির্লিপ্তই ছিলেন ওয়েঙ্গার। দুই পয়েন্ট হারিয়ে কিছুটা হতাশও। গত মৌসুমেও অ্যানফিল্ডে এমন দমবন্ধ উত্তেজনার ম্যাচের পর ৯৭-তম মিনিটে গোল খেয়ে ড্র মেনে নিতে হয়েছিল। এবারও তা-ই। তাতে কী! ম্যাচের উত্তেজনাই তো সব জয়-পরাজয়ের হিসেবকে ভাসিয়ে নিয়ে গেছে।
ক্লপ বললেন আসল কথাটা, ‘এই ম্যাচে ড্রটাই সবচেয়ে ন্যায্য ফলাফল, যে ম্যাচটা সর্বকালের সবচেয়ে রোমাঞ্চকর ম্যাচ।’ সূত্র: ইএসপিএন।